উল্লসিত কামাল

দুজন ছিলেন দুটি দেশের ক্রিকেট বোর্ডের প্রধান। পরে একজন হলেন আইসিসির চেয়ারম্যান ও আরেকজন সভাপতি। আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ দুই পদে থেকেই বারবার বিরোধে জড়িয়েছেন বাংলাদেশের আ হ ম মুস্তফা কামাল ও ভারতের এন শ্রীনিবাসন। যেটি তুঙ্গে ওঠে গত বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে বিতর্কের পর।
ফাইনাল শেষে জয়ী অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল কামালের। কামালকে মঞ্চেই উঠতে না দিয়ে সেটি দেন শ্রীনিবাসন নিজেই। মেয়াদ পূর্ণ করার আগেই সভাপতির পদ থেকে মুস্তফা কামালের সরে দাঁড়ানোর পেছনেও শ্রীনিবাসনই বড় ‘ক্রীড়নক’ বলে অভিযোগ আছে। সেই শ্রীনির কাছ থেকে আইসিসিতে বিসিসিআইর প্রতিনিধিত্ব কেড়ে নেওয়ার দিনে মুস্তফা কামালের উল্লসিত হওয়ারই কথা।
বিসিসিআইর সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানতে চাইলে কাল দুপুরে মুঠোফোনে মুস্তফা কামাল বলেছেন, ‘এ রকম একটা সিদ্ধান্তের জন্য আমি প্রতিটি মুহূর্ত অপেক্ষা করেছি। ক্রিকেট থেকে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।’ পরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় ওয়ানডে দেখতে এসে আরেকবার মুখোমুখি হয়েছেন সংবাদমাধ্যমের। সেখানে বলেছেন, আইসিসি চেয়ারম্যানের পদ থেকে শ্রীনিবাসনের সরে যাওয়াকে বিশ্ব ক্রিকেটের মুক্তি বলে মনে করেন তিনি। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে নিয়ে গড়া বিতর্কিত ‘বিগ থ্রি’ও এখন আগের মতো শক্তিশালী থাকবে না বলে বিশ্বাস সাবেক বিসিবি সভাপতির, ‘বিগ থ্রি হয়েছে শ্রীনিবাসনের চিন্তা থেকে। আমার মনে হয়, শ্রীনিবাসন না থাকলে বিগ থ্রি আর কার্যকর থাকবে।’
সভাপতি হিসেবে আইসিসিতে নিজের প্রথম সভাতেই নাকি শ্রীনিবাসনকে নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছিলেন মুস্তফা কামাল, ‘আইসিসির বার্ষিক সম্মেলনে ৮২টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আমি যখন আইসিসির চেয়ারম্যান হিসেবে শ্রীনিবাসনের নাম বললাম, সবাই একযোগে আপত্তি জানিয়েছিল। কারণ শ্রীনিবাসন ও তাঁর পরিবারের কারণে ভারতের আইপিএলও বিতর্কিত হয়ে পড়েছিল। কিন্তু আমি সবাইকে বোঝাই, আইসিসিকে সংবিধান অনুযায়ী চলতে হবে। চেয়ারম্যান হিসেবে শ্রীনিবাসনের নাম ঘোষণা করি।’
মুস্তফা কামালের দাবি, শ্রীনিবাসন নাকি বিপিএল বন্ধ করার জন্য চাপ দিয়েছিল বিসিবিকে, ‘তিনি আমাদের বলেছিলেন বিপিএল বন্ধ করে দিতে। বিপিএল হলে নাকি আইপিএলের মূল্য কমে যায়। কিন্তু সেটা কীভাবে কমে, আমার জানা নেই।’ এ ছাড়া এসিসিকে অকার্যকর করা এবং ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে নিয়ে নতুন ক্রিকেট সংগঠন ‘উসাকা’ গঠন করার সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ার জন্যও শ্রীনিবাসনকে দায়ী করেছেন মুস্তফা কামাল। পরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীনিবাসনের বিদায়ে বিশ্ব ক্রিকেট বিষফোড়ামুক্ত হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।