উসমান খাজার হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন-প্রক্রিয়া নিয়ে হতাশ উসমান খাজা। ছবি: এএফপি
নির্বাচন-প্রক্রিয়া নিয়ে হতাশ উসমান খাজা। ছবি: এএফপি

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে মোটেও ভালো খেলতে পারেননি উসমান খাজা। ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে তাই বাদ পড়েছেন। কিন্তু এই ‘বাদ পড়া’টা কিছুতেই মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার। তিনি মনে করেন, দলে মাত্রাতিরিক্ত পরিবর্তন করে নির্বাচকেরা দলকে অস্থিতিশীল করে তুলছেন।

ঘরের মাঠে ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যানের পারফরম্যান্স কিন্তু খুব খারাপ নয়। ২০১৬-১৭ মৌসুমে তিনি টানা ৬ টেস্টে ফিফটি পেরিয়েছিলেন। কিন্তু ভারতে টেস্ট সিরিজে তাঁকে বাদ দেওয়া হয় উপমহাদেশে তাঁর অতীত ফর্ম বিচারে। বাংলাদেশ সফরে দলে ফেরানো হলেও ঢাকা টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ হন তিনি। চট্টগ্রামে সে কারণেই আবার বাদ পড়ে যান। এখন তিনি আশায় আছেন অ্যাশেজ সিরিজে দলে ফেরার। কিন্তু নির্বাচকদের মনোভাব তাঁকে হতাশই করে তুলছে। অস্ট্রেলীয় একটি রেডিওর সঙ্গে সাক্ষাৎকারে তিনি নির্বাচকদের সমালোচনাই করেছেন, ‘আগে কখনো এমনটা দেখা যায়নি। আমি জানি না, নির্বাচকেরা এখন কেন এমন করছেন। অতিরিক্ত পরিবর্তন দলের মধ্যে সমস্যা তৈরি করে। দলকে অস্থিতিশীল করে দেয়।’

বিদেশের মাটিতে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ার নেতিবাচক দিকটা তিনি জানিয়েছেন সোজাসাপটা ভাষাতেই, ‘বিদেশের মাটিতে আপনি নিয়মিত খেলার সুযোগ পাবেন কি না, এ নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকলে একজন ক্রিকেটারের পক্ষে নিজের উন্নতি করাটা খুব কঠিন।’

এখন পর্যন্ত অ্যাশেজ সিরিজ জয়ের স্বাদ পাননি। এবার সেটির আকুতি তাঁর কণ্ঠে। তবে দলে সুযোগ পাবেন কি না, সেটা নিয়ে অনিশ্চয়তা কিন্তু থাকছেই, ‘আমি অ্যাশেজ জিততে চাই। জানি না, সুযোগ পাব কি না। দলে আসা আবার দল থেকে বাদ পড়ে যাওয়াটা খুব হতাশাজনক আমার জন্য। কিন্তু তারপরও চেষ্টা করে যেতে হবে। সুযোগ পেলে সেটাতেই মনোযোগ দিতে হবে।’ সূত্র: জিনিউজ