উৎসবে মেতেছে মোস্তাফিজ-সৌম্যর গ্রাম

মোস্তাফিজ, মোস্তাফিজ আর মোস্তাফিজ। মোস্তাফিজুর রহমান এখন শুধু একজন বিস্ময় বালক নন, বাংলাদেশ ক্রিকেট দলের একটি শক্তির নাম, রেকর্ডের নাম। শুধু সাতক্ষীরা নয়, তার আলোর দ্যুতি ছড়িয়েছে সারা দেশে। সেই আলোয় আলোকিত পরিবার, বন্ধুবান্ধব, স্বজন—সবাই।
ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজে মোস্তাফিজের খেলায় যারপরনাই খুশি তাঁর গ্রাম সাতক্ষীরার তেঁতুলিয়ার মানুষ। যারা কয়েক দিন আগেও ক্রিকেট নিয়ে মাতামাতি করত না, তারাও সবাই বুধবার রাতে খেলা শেষে আনন্দ করে, একে অপরকে মিষ্টি খাইয়েছে। নেচে-গেয়ে আতশবাজি ফুটিয়েছে গভীর রাত পর্যন্ত।
সৌম্য সরকারের গ্রাম মহিষাডাঙ্গাও পিছিয়ে নেই। তারা রাতেই আনন্দ মিছিল করে। বিদ্যুৎ না থাকায় এ গ্রামের মানুষ জেনারেটরের সাহায্যে খেলা দেখেছে, সবাই এক জায়গায় বসে।
মোস্তাফিজের বন্ধু বিল্লাল হোসেন বলেন, পর পর তিন ম্যাচে ১৩টি উইকেট নিয়ে মোস্তাফিজ রেকর্ড করেছে। অভিষেকেই ম্যান অব দ্য সিরিজ হয়েছে। এতে তারা সবাই খুশি। বুধবার রাতে তারা খুব আনন্দ করেছেন।
মোস্তাফিজের সেজ ভাই মোখলেছুর রহমান বললেন, তিনি খুবই আনন্দিত মোস্তাফিজের সাফল্যে, বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যে। গতকাল খেলা শেষে তাদের বাড়ির পাশের একজন ২৭ কেজি মিষ্টি বিতরণ করেছে। রাতভর আতশবাজি ফুটেছে। অনেকে অভিনন্দন জানাতে তাদের বাড়িতে এসেছে।
সৌম্যর গ্রাম মহিষাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঙ্গল সরকার জানালেন, গ্রামে বিদ্যুতের ব্যবস্থা না থাকায় সবাই এক জায়গায় বসে জেনারেটরের সহায়তা নিয়ে টেলিভিশনে খেলা দেখেছেন। গতকাল রাতে তিন দিনের সিরিজ শেষ হওয়ার পরপরই তাঁরা আনন্দ মিছিল করেন। সৌম্য ও মোস্তাফিজুরের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের জন্যও শুভ কামনা করেন তাঁরা।