উৎসবের আবহে শহীদ-স্মরণ

শহীদ জুয়েল স্ট্যান্ডের পাশেই জুয়েল একাদশের ড্রেসিংরুম। সাতসকালেই হাজির হয়ে ড্রেসিংরুমের সামনে জুয়েল একাদশের সৈনিকেরা শুরু করেছেন গা গরমের ফুটবল। এরপর খানিকটা স্ট্রেচিং, ক্যাচ অনুশীলন। এক পাশের সেন্টার উইকেটে আবার স্পট বোলিং অনুশীলন করছিলেন পেসার আনোয়ার হোসেন। ড্রেসিংরুমের সামনে নক করছিলেন কেউ কেউ। সব মিলিয়ে যেন আন্তর্জাতিক ম্যাচের আবহ!
একটু পর মাঠে নেমে পড়লেন শহীদ মুশতাক একাদশের ক্রিকেটাররাও। অফিশিয়াল ফটোসেশনের জন্য যখন একসঙ্গে দাঁড়াল দুদল, মুহূর্তটি হলো বাঁধিয়ে রাখার মতো। চোখের সামনে বাংলাদেশ ক্রিকেটের দু-তিন প্রজন্ম!
উপলক্ষ পুরোনো, তবে আয়োজন নতুন। মুক্তিযুদ্ধপূর্ব সময়ে পূর্ব পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন আবদুল হালিম চৌধুরী (জুয়েল)। পরে মুক্তিযুদ্ধে যোগ দিয়ে গেরিলা ট্রেনিং নিয়ে হয়ে উঠেছিলেন বিখ্যাত ক্র্যাক প্লাটুনের অন্যতম সদস্য। পরে রাজাকারদের হাতে পড়ে শহীদ হন জুয়েল। এর আগেই, ২৫ মার্চের কালরাতে শহীদ হন ক্রীড়া সংগঠক মুশতাক আহমেদ। এ দুজনের স্মরণে অনেক বছর ধরেই বিজয় দিবসে হয়ে আসছে শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশের প্রীতি ম্যাচ। যাতে এত দিন বর্তমান ক্রিকেটাররাই খেলে এসেছেন। এবারের আয়োজন সাবেকদের নিয়ে। জুয়েল একাদশের নেতৃত্বে মিনহাজুল আবেদীন, মুশতাক একাদশের নেতা ফারুক আহমেদ। বিজয় দিবস বলে উৎসবের আবহ সব সময়ই থাকে। এবার সেটি পেয়েছিল ভিন্ন এক মাত্রা। বিজয় উৎসবের আবহে শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানানো তো হলোই। আয়োজনটি হয়ে দাঁড়াল এক মিলনমেলাও।
নাঈমুর রহমান এসেছিলেন একটু দেরিতে। ড্রেসিংরুম থেকে বেরিয়েই মোহাম্মদ রফিককে জড়িয়ে ধরলেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক। নিভৃতে থাকা রফিকের সঙ্গে প্রায় সবারই দেখা অনেক দিন পর। দীর্ঘদিন ধরে কানাডাপ্রবাসী হালিম শাহ বেড়াতে এসেছেন দেশে। এমন একটা আয়োজনের অংশ হতে পেরে, একসময়ের সঙ্গী-সতীর্থদের দেখা পেয়ে এই ব্যাটসম্যান দারুণ আপ্লুত। কোচ সাইফুল ইসলাম আর মৎস্য ব্যবসায়ী হাসিবুল হোসেন কাল আবার বোলিং জুটি। সবাই মিলে হাসি, আড্ডা, ঠাট্টা, মজা...হাবিবুল বাশার ও জাভেদ ওমর বেলিমের সেই বিখ্যাত খুনসুটি তো ছিলই।
তবে ক্রিকেট হলো বেশ সিরিয়াস। দুই বন্ধু হাবিবুল ও জাভেদ একসঙ্গে ওপেন করলেন জুয়েল একাদশের হয়ে। ২২ গজে ফিরে দুজনই ফিরে গেলেন যেন খেলোয়াড়ি জীবনে। শরীর ঘুরিয়ে হাবিবুলের সেই চেনা পুল শট, স্কয়ার ড্রাইভ। হেলেদুলে দৌড়ে রান নেওয়া। টি-টোয়েন্টি ম্যাচ হলেও জাভেদ যথারীতি উইকেট ধরে রাখায় দৃঢ়প্রতিজ্ঞ। এই ম্যাচেও প্রতিপক্ষকে একটি মেডেন ওভার উপহার দেওয়ার দুঃসাধ্য কাজ করে ফেললেন অনায়াসেই। তবে জাভেদের স্কয়ার কাটে এখনো আগের মতোই ধার! ১০ ওভারেও ভাঙছিল না ওপেনিং জুটি, প্যাড-ট্যাড পরে ব্যাটিংয়ে নামার অপেক্ষায় অস্থির আকরাম খান। একটু অনুযোগও করলেন, ‘সুমনের (হাবিবুল) সঙ্গে আমার ওপেন করার কথা। গুল্লু (জাভেদ) আমাকে ধাপ্পা দিয়ে নেমে গেছে।’
জাভেদের ব্যাটে টেস্ট মেজাজ দেখে ম্যানেজার আতহার আলী খান উঠিয়ে নিতে চাইলেন তাঁকে, কিন্তু উইকেটে গেড়ে বসা জাভেদ উঠবেন কেন! তিন দফা চেষ্টার পর তবেই জাভেদকে (২৪ বলে ২৪) ওঠানো গেল। ৪৪ বলে ৫২ করে হাবিবুল হলেন স্টাম্পড। আকরাম (১৬), রফিক (৫), মিনহাজুল (৮), সানোয়ার (৮) খুব বেশি বল পাননি রান করার। জাহাঙ্গীর আলমের (১) সেই ড্রাইভগুলোও দেখা গেল না। ঘরোয়া ক্রিকেটে একসময় কাঁড়ি কাঁড়ি উইকেট নেওয়া সাইফুল্লাহ জেম নিলেন ৩ উইকেট, নাঈমুরও ৩টি।
আলমগীর কবির (২/৮), শফিউদ্দিন বাবুদের (৩/২৮) বোলিংয়ে মুশতাক একাদশ দাঁড়াতেই পারল না। শাহরিয়ার হোসেন বিদ্যুতের (৬) ব্যাটে নেই বিদ্যুচ্চমক। এহসানুল (১০), ফারুক (১), নাঈমুর (৫), হাসানুজ্জামান (৪) বুঝিয়ে দিলেন, সময় বয়ে গেছে! অনেক সম্ভাবনা নিয়েও ক্রিকেট ক্যারিয়ারে বেশিদূর যেতে না পারা সাজ্জাদ আহমেদ শিপনই যা একটু রান করলেন (৩৫)। ম্যাচসেরা হাবিবুল। জয়ী দলকে ক্রেস্ট দিলেন শহীদ জুয়েলের বড় বোন সুরাইয়া খান, ছিলেন জুয়েলের ছোট বোন সালমা চৌধুরীও।
তবে ক্রিকেট তো ছিল উপলক্ষ মাত্র। সবার কণ্ঠেই শহীদদের জন্য শ্রদ্ধা, আয়োজনের জন্য বিসিবির প্রতি কৃতজ্ঞতা। ম্যাচ শেষে আবার শুরু আনন্দ আড্ডা!
