শেষ ওভারে চরম উত্তেজনা। শিহরণ জাগানো নাটকীয়তা ভর করল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ছয় বলে ৫ রান দরকার জেমকন খুলনা মাস্টার্সের। রান-বলের লড়াইয়ে জয় হবে কার? খুলনারই, নাকি তাদের ঠেকিয়ে ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের প্রথম শিরোপা জিতে নেবে এক্সপো বাংলা অলস্টারস!
ওভারের তৃতীয় বলে সুমন সাহার বাউন্ডারিতেই মিলে গেল সব উত্তর। শিরোপা জয়ের উৎসবে ভাসল নীল-সবুজ জার্সির জেমকন খুলনার ‘মাস্টার্স’রা। কিন্তু মেরুন আর কমলা রঙের টি-শার্ট পরা আরও দুজনও যে উদ্বাহু হয়ে মাঠের ভেতর ছুটলেন, তাঁরা কারা! মুহূর্তেই জেমকন খুলনা মাস্টার্সের আনন্দযজ্ঞে মিশে যাওয়া সেই দুজন আর কেউ নন, মাশরাফি বিন মুর্তজা আর সাকিব আল হাসান। ‘মাস্টার্স’ এখনো হননি, কিন্তু খুলনার প্রতিনিধি যে তাঁরাও!
কয়েক বছর ধরেই জাতীয় দলে খুলনা অঞ্চলের ক্রিকেটারদের আধিপত্য বেশি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে দল হয়ে কিছু একটা করা সম্ভব হচ্ছিল না। স্পনসরের অভাবে তো গত বিপিএলে কোনো দলই হলো না খুলনা থেকে! কাল এক্সপো বাংলা অলস্টারসের বিপক্ষে ৪ উইকেটের জয়ে পাওয়া মাস্টার্স ক্রিকেট কার্নিভালের শিরোপা সেই ক্ষতে কিছুটা হলেও সান্ত্বনার প্রলেপ দিল। ম্যাচ শেষে অধিনায়ক হাবিবুল বাশারের কথায়ও সেই তৃপ্তি, ‘জয়ের চেয়ে বড় কিছু নেই। দল গঠনের পর সম্ভবত আমরাই সবচেয়ে আন্ডারডগ ছিলাম। আমাদের দলে খুব বেশি তারকা ক্রিকেটারও ছিল না। তারপরও দল হিসেবে সবাই খুব ভালো খেলেছে।’
এখন থেকে প্রতিবছরই মাস্টার্স ক্রিকেট হবে বলে ঘোষণা দিয়েছে আয়োজকেরা। সেটা হলে হয়তো পূর্ণ হবে হাবিবুলের একটা স্বপ্নও, ‘আগামী ১৫ বছর পর মাস্টার্স ক্রিকেটে খুলনা সেরা দল হবে।’ কথাটা আজকের মাশরাফি, সাকিব, সৌম্য, মুস্তাফিজদের দিকে তাকিয়েই বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
বৃষ্টির কারণে ২৫ ওভারের ফাইনাল ১৮ ওভারে নেমে এলেও উত্তেজনার কমতি হয়নি। এক্সপো বাংলা অলস্টারসের ৮ উইকেটে করা ১২৪ রান টপকাতে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে জেমকন খুলনা মাস্টার্সকে। সাবেক ক্রিকেটাররা ব্যাটে-বলে ফিরিয়ে এনেছেন পুরোনো অনেক স্মৃতিও। জাভেদ ওমরের স্কয়ার কাট আর হাবিবুল বাশারের ২৮ রানের ইনিংসে এক ছক্কা ও দুই বাউন্ডারি দেখে মনে হচ্ছিল না তাঁরা আসলে সাবেক ক্রিকেটার।
অবশ্য মাঠের খেলার চেয়ে মাস্টার্স ক্রিকেটে মাঠের বাইরের পুনর্মিলনটাই বেশি টেনেছে খেলোয়াড়দের। হাবিবুল যেমন বলছিলেন, ‘কক্সবাজারের তিনটা দিন খুব মিস করব। সবাই টুর্নামেন্টটা খুব উপভোগ করেছি। মাঠে খেলতে নামলে প্রতিযোগিতা তো থাকেই। কিন্তু মাঠের বাইরেও খুব উপভোগ করেছি।’