একটা সন্দেহ তো ছিলই। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাঠে বিশ্বকাপ, সেখানে এশীয় দলগুলো কতদূর যেতে পারবে? বিরূপ কন্ডিশনে মানিয়ে নিয়ে সাফল্য পাওয়া তো আর সহজ ব্যাপার নয়। সেই সন্দেহ ভুল প্রমাণ করেই শেষ আটে উঠে এসেছে এশিয়ার চারটি দলই। চূড়ান্ত সাফল্য এখনো আসেনি। তবে এই ফর্মটা ধরে রাখতে পারলে শিরোপা যেকোনো একটা এশীয় দল জিততে পারবে বলে মনে করেন অনেক ক্রিকেটবোদ্ধা।
বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান যোগ্য দল হিসেবেই কোয়ার্টার ফাইনালে উঠেছে বলে মনে করেন কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম, ‘ওরা দারুণ খেলেছে এবং যোগ্যতা দিয়েই শেষ আটে এসেছে।’ চারটি এশীয় দলকেই কোয়ার্টার ফাইনালে দেখে বিস্মিত নন ভারতীয় দলের পরিচালক রবি শাস্ত্রীও, ‘পারফরম্যান্সই তাদের হয়ে কথা বলছে।’
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাঠে সর্বশেষ বিশ্বকাপে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল একটা এশীয় দলই—পাকিস্তান। এবারও তাই কোনো এশীয় দলের হাতে ট্রফিটা উঠতে পারে বলে মনে করেন ১৯৯২-এর শিরোপাজয়ী দলের সদস্য আকরাম, ‘নকআউট পর্বে আসলে আগের ফর্ম খুব একটা ভূমিকা রাখে না। এখানে ওই নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে। আমি তো মনে করি না এশীয় কোনো দলের বিশ্বকাপ না জিততে পারার কোনো কারণ আছে।’
প্রতিপক্ষ অনেক দলকে চমকে দিয়ে এবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলছে বাংলাদেশ। তবে সাফল্য-যাত্রা এখানেই থামাতে চান না বাংলাদেশের অধিনায়ক মাশরাফি, ‘আমরা আরও সাফল্যের জন্য ক্ষুধার্ত। আমি আত্মবিশ্বাসী এবার আমরা নতুন উচ্চতায় উঠতে পারব। বিশ্বকে দেখাতে চাই, আমরাও বড় দলগুলোর একটা।’
১৯৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কার অবশ্য নিজেদের বড় দল বলে প্রমাণ করার কিছু নেই। গতবার ফাইনালে তারা হেরেছিল ভারতের কাছে, হারা দলটি এবার পাখির চোখ করেছে ২৯ মার্চ মেলবোর্নের ফাইনালে। এবার আর খালি হাতে ফিরতে চান না শ্রীলঙ্কার কোচ মারভান আতাপাত্তু, ‘গত কয়েক বছরে বড় টুর্নামেন্টে আমাদের ছেলেরা ভালো খেলেছে। আমার বিশ্বাস এবারও তারা সেটা পারবে।’ এএফপি।