উড়ে এল জুতা, হুমকি সাপের ছোবলেরও!

>দুই বছর পর আইপিএলে চেন্নাই সুপরকিংস। কিন্তু চেন্নাইবাসী চায় না, শহরে ক্রিকেট হোক। প্রথম ম্যাচে মাঠে জুতা ছোড়া হয়েছে। ২০ এপ্রিল ম্যাচটি যেন না হয়, সে জন্য সাপ ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
দুই বছর পর নিজেদের মাঠে আইপিএলের ম্যাচ। এমন উপলক্ষ কীভাবে উদ্যাপন করল চেন্নাই? নিজেদের খেলোয়াড়দের দিকে জুতা ছুড়ে মেরে! এখানে থামলে ভালো হতো, পরের ম্যাচ আয়োজনের চিন্তাও যেন মাথায় না আনা হয়, সে জন্য বাড়তি হুমকিও দিয়ে রেখেছে চেন্নাইয়ের লোকজন। খুব ‘সাধারণ’ হুমকি, মাঠে সাপ ছেড়ে দেবে তাঁরা!
চেন্নাই সুপার কিংসের আইপিএলে প্রত্যাবর্তন দুর্দান্ত হয়েছে। প্রথম ম্যাচে মুম্বাইকে নাটকীয়ভাবে হারানোর পর গতকাল নিজেদের মাঠেও দুর্দান্ত এক জয় পেয়েছে। কিন্তু ম্যাচের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হয়েছে ম্যাচের অষ্টম ওভারে। সীমানায় দাঁড়ানো চেন্নাইয়ের ফিল্ডারদের উদ্দেশে জুতা ছুড়ে মেরেছেন স্থানীয় দর্শকেরা। ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঠ থেকে বের করে দেওয়া হয় তখনই।
ঘটনার শুরু অবশ্য এরও আগে। চেন্নাইয়ে পানিসংকট চলছে বহুদিন ধরে। কৌভেরি নদীর পানি নিয়ে পার্শ্ববর্তী রাজ্য কর্ণাটকের সঙ্গে যুঝছে তামিল নাড়ু। এমন অবস্থায় আইপিএল চালানো এবং সে কারণে মাঠের পেছনে পানির ব্যবহার ক্ষোভের জন্ম দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল চিদাম্বরম স্টেডিয়ামের বাইরে এসে প্রতিবাদ জানিয়েছে, মিছিল করেছে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে ঝামেলাও হয়েছে তাদের। গতকালের ম্যাচের পর নতুন করে হুমকিও দিয়েছে, ২০ এপ্রিলের ম্যাচ যেন আয়োজন না করা হয়। রাজস্থান রয়্যালসের বিপক্ষে সেদিন খেলা হলে মাঠে সাপ ছেড়ে দেওয়া হবে। তবে সেগুলো বিষাক্ত সাপ নয়, কারণ কারও ক্ষতি করার ইচ্ছা নেই প্রতিবাদকারীদের। রাজনৈতিক দল তামিঝাগা ভঝভুরিমাই কাচির প্রধান টি ভেলমুরুগান জানিয়েছেন, ‘২০ তারিখ যদি আইপিএলের ম্যাচ হয়, আমি সাপ দিয়ে প্রতিবাদ জানাব। স্টেডিয়ামে সাপ ছেড়ে দেব। এ সিদ্ধান্ত পাল্টানোর কোনো সুযোগ নেই। এ সাপে কোনো বিষ থাকবে না। আমরা কারও ক্ষতি করতে চাই না, সেটা খেলোয়াড় হোক, দর্শক হোক কিংবা দায়িত্বপ্রাপ্ত পুলিশ। আমরা শুধু লোকজনকে ভয় দেখিয়ে তাড়াতে চাই। এখানে কোনো ক্রিকেট ম্যাচ চাই না।’
ভেলমুরুগানের দাবি, যখন কৌভেরি নিয়ে পুরু তামিলনাড়ু উত্তেজিত, তখন আইপিএলের মতো বিনোদন দরকার নেই। রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা জানিয়েছেন, এ পরিস্থিতিতে আপাতত ২০ তারিখের টিকিট বিক্রি বন্ধ রয়েছে।