উড়ে গেল পাপুয়া নিউগিনিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ-পাপুয়া নিউগিনি ম্যাচের একটি দৃশ্য।
বাংলাদেশ-পাপুয়া নিউগিনি ম্যাচের একটি দৃশ্য।

ব্যাটিংটা যদি দলের দুর্বল দিক হয়, তাহলে বোলিং-শক্তি নিয়ে গর্বই করতে পারে বাংলাদেশের মেয়েরা। ব্যাংককে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে সেই বোলিং-শক্তির দুর্দান্ত প্রদর্শন ঘটিয়েছেন খাদিজাতুল কুবরা, রুমানা আহমেদ, জাহানারা আলমরা। ব্যাট হাতে নিজেদের ইনিংস মাত্র ১০০ রানে শেষ হলেও পাপুয়া নিউগিনিকে ৫৯ রানে অলআউট করে দিয়ে তুলে নিয়েছেন ৪১ রানের দারুণ এক জয়।
এই জয়ে নিজেদের গ্রুপ শতভাগ জয়ের রেকর্ড রেখেই সেমিফাইনালে খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের যেকোনোটি।

টসে হেরেই ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। কিন্তু শুরুটা একেবারেই ভালো হয়নি দলের। কেবল শুরু কেন, ব্যাটিংটাই হয়েছে যাচ্ছেতাই। দলীয় ৭ রানে প্রথম উইকেটের পতনের পর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে হয়েছে বাংলাদেশকে। স্বীকৃত ব্যাটসম্যানদের চরম ব্যর্থতার দিনে দলকে পথ দেখিয়েছেন ফারজানা হকই। তাঁর ৩০ বলে ২৮ রানের ইনিংসটা না হলে যে কী হতো সেটা বলা মুশকিল। গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লোয়ার অর্ডারে নিগার সুলতানা, ঋতু মণি ও অধিনায়ক জাহানারা আলম। নিগারের ব্যাট থেকে আসে ১৪, ঋতুর ১৩। জাহানারা মাত্র ৪ বলে ১০ রানের একটি ছোট্ট অথচ কার্যকর ইনিংস খেললে দলের সংগ্রহ শতরান স্পর্শ করে।

ব্যাটে-বলে বাংলাদেশের দুই রানি।
ব্যাটে-বলে বাংলাদেশের দুই রানি।



পাপুয়া নিউগিনির পক্ষে বল হাতে বাংলাদেশকে আজ সবচেয়ে বেশি ভুগিয়েছেন কেরি সেরু। তিনি ৩ ওভার বল করে ২ মেডেনে মাত্র ২ রান দিয়ে তুলে নেন বাংলাদেশের ২ উইকেট। এ ছাড়া রাভিনা ওয়া, কাইয়া আরুয়া, সিবোনা জিমি, ভেরু ফ্রাঙ্ক-প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট।

অল্প পুঁজি রক্ষা করতে নেমে বোলাররা আজ সর্বস্ব নিয়েই জ্বলে উঠেছিলেন। পাপুয়া নিউগিনির উদ্বোধনী ব্যাটসম্যান তানিয়া রুমা উৎ​কণ্ঠায় ফেলেছিলেন দলকে। উদ্বোধনী জুটিতে ১৬ রান উঠে যাওয়ার পর এই তানিয়াকে আউট করেই প্রতিপক্ষের ধ্বংসের শুরুটা করেন খাদিজাতুল কুবরা। এরপর এই ডান হাতি অফস্পিনার একে একে আরও ৪ উইকেট তুলে নিয়ে লড়াইয়ের সম্ভাবনাটা শেষই করে দেন। এই ধ্বংসযজ্ঞে খাদিজার সঙ্গী হয়েছিলেন রুমানা আহমেদ। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে তিনি তাঁর ধারাবাহিকতা আজও বজায় রাখেন, মাত্র ১৩ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়ে। খাদিজার ৫ উইকেট এসেছে মাত্র ১১ রানের বিনিময়ে। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন জাহানারা ও লতা মণ্ডল। সূত্র: আইসিসি ওয়েবসাইট।