ঋণ শোধ করলেন মঈন আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন মঈন আলী। ছবি: এএফপি।
কাল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন মঈন আলী। ছবি: এএফপি।

ইংল্যান্ড দলে এখন খেলেন বোলিং অলরাউন্ডার হিসেবে। আট নম্বরের আগে ব্যাট করার সুযোগও খুব একটা হয় না। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজে সেখানেই ব্যাট করেছিলেন। বেন স্টোকসের চোটের জন্য সাতে উঠে এসেছিলেন কাল। শেষ শ্রীলঙ্কার বিপক্ষে চেস্টার লি স্ট্রিটের দ্বিতীয় দিনে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৫৫ রান করে। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা মঈন আলী এখন দলের প্রতি ঋণ শোধ হিসেবেই দেখছেন। 

এখন ব্যাটসম্যান পরিচয় একটু চাপা পড়ে গেলেও উস্টারশায়ারের হয়ে কাউন্টিতে খেলেন টপ অর্ডারে। দ্বিতীয় টেস্টের আগে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকও স্বীকার করে বলেছিলেন, আট নম্বরে একটু ‘আত্মপরিচয়–সংকটে’ই ভুগছেন মঈন। এখন সেটা ইংলিশ অলরাউন্ডারের অনেকটাই কমে যাওয়ার কথা। মঈনের কণ্ঠে সেই স্বস্তিই ধরা পড়ল, ‘এখন কিছু রান করতে হবে আমাকে। আমার মনে হয়েছে দলের কাছে আমার এই দেনাটা জমে আছে।’
মঈন জানেন, আরও ওপরে ব্যাট করতে হলে এভাবেই রান করে যেতে হবে, ‘আমি ছয় নম্বরে ব্যাট করাটা উপভোগ করি (টেস্টে শুরুতে এখানেই ব্যাট করতেন)। তবে আট নম্বরে নেমে হারিয়ে যাইনি। আরও ওপরে ব্যাট করতে হলে আমাকে আরও রান করতে হবে।’
কাল স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিংই করেছেন, ১৫৫ রান করতে খেলেছেন ২০৭ বল। তবে ৩৬ ও ১০৫ রানের মাথায় সুযোগ দিয়েও পার পেয়ে গেছেন। মঈন অবশ্য সামনেও এভাবে ব্যাট করে যেতে চান, ‘অফ সাইডে আমার খেলা একই সঙ্গে আমার শক্তি ও দুর্বলতা। তবে আমি এভাবেই খেলে যেতে চাই। কুক যখন আমাকে জানাল আমি সাত নম্বরে নামব, তখন সে আমাকে আমার মতো খেলতে বলেছিল। সেই স্বাধীনতা নিয়েই আমি খেলেছি।’
ইংল্যান্ডের পক্ষে সাতে নেমে ১৫০-এর ইনিংস ছিল মাত্র চারটি। কাল পঞ্চম ইনিংসটি খেলার পর মঈন তো বলতেই পারেন, ‘আমাকে সাতে নামাও।’