এ আর রাহমানের সুরে গাইবেন কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ আর রেহমানের সুরে গান গাইতে যাচ্ছেন কোহলি। ফাইল ছবি।
এ আর রেহমানের সুরে গান গাইতে যাচ্ছেন কোহলি। ফাইল ছবি।

২২ গজে তাঁর ব্যাটিং দেখলে মনে হয় না চাপ বলতে কিছু আছে। রান তাড়ার করার সময় তো যেন স্নায়ু আরও বেশি শীতল। কিন্তু সেই বিরাট কোহলিই এবার স্নায়ুচাপে ভুগছেন। পা নয়, এবার অবশ্য কাঁপছে গলা। শৈশব-কৈশোরের নায়ক এ আর রাহমানের সুরে গান গাইতে যাচ্ছেন, কোহলি তো একটু ভড়কে যেতেই পারেন!

প্রিমিয়ার ফুটসালের থিম সং গাইবেন কোহলি। আর সেটির সুর করছেন এ আর রাহমান। কোহলি সেটা নিয়েই একটু চাপে আছেন বলে স্বীকার করলেন, ‘যে মানুষটাকে আমি এত সম্মান করি, তাঁর সঙ্গে কাজ করার আগে আমি খুবই চাপে আছি। আমার শৈশবের অনেক স্মৃতির সঙ্গে এই লোক জড়িয়ে আছেন। আমি জানি কীভাবে ক্রিকেটের প্রস্তুতি নিতে হয়, কিন্তু রেকর্ডিং সেশন নিয়ে আমার কোনো ধারণা নেই।’

কোহলি অবশ্য এ আর রাহমানের কথা শুনে আশ্বস্ত হতে পারেন, ‘আমরা এক সপ্তাহ থেকে গানটা নিয়ে কাজ করছি। বিরাটের অংশটা হবে একটা র‍্যাপ, আমি ওর জন্য কাজটা সহজ করে দেব।’

কোহলির শৈশবে এ আর রাহমান ‘বোম্বে’, ‘রোজা’, ‘রঙ্গিলা’র মতো চলচ্চিত্রের গান দিয়ে চমকে দিয়েছিলেন। তবে ‘বন্দে মাতরম’ গানটা কোহলির হৃদয়ে আলাদা একটা জায়গা করে আছে, ‘যেকোনো ক্রিকেট ম্যাচে নামার সময় “বন্দে মাতরম” গানটা আমাদের সবচেয়ে বেশি উদ্দীপ্ত করে। আর সেটি এ আর রাহমানের সংস্করণ। জাতীয় সংগীতের বাইরে এই গানটাই ৫০ হাজার মানুষ একসঙ্গে গায়। গানটা শুনলেই আমার হৃদয়ে অন্য রকম একটা অনুভূতি হয়।’