এ কী অবস্থা 'ওয়াকা' মাঠের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই সাইট স্ক্রিনটিই আজ বিব্রতকর অবস্থায় ফেলেছিল ওয়াকার মাঠকর্মীদের। ছবি: রয়টার্স।
এই সাইট স্ক্রিনটিই আজ বিব্রতকর অবস্থায় ফেলেছিল ওয়াকার মাঠকর্মীদের। ছবি: রয়টার্স।

হতে পারে মাঠ হিসেবে ‘ওয়াকা’ অনেক পুরোনো, কিন্তু আধুনিক সুযোগ-সুবিধার দিক দিয়ে এটি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ক্রিকেট ভ্যেনু হিসেবেই পরিচিত। কিন্তু আজ নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় সকালে এই মাঠে যা ঘটল, তাতে এই মাঠের সুনামে কালির ছিটে লেগে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ব্যাপারটিতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন তো বটেই, লজ্জায় মুখে লুকাবে ক্রিকেট অস্ট্রেলিয়াও।

একটি সাইট-স্ক্রিনই আজ বিব্রতকর অবস্থায় ফেলেছে ‘ওয়াকা’ মাঠকে। তৃতীয় দিন প্রথম সেশনের খেলা চলাকালীন সময়ে কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের চাহিদা অনুযায়ী সাইট স্ক্রিন সরাতে গিয়েই এই বিব্রতকর পরিস্থিতির উদ্ভব।

বোলার মিচেল স্টার্ক তাঁর ওই ওভারটি করছিলেন ‘রাউন্ড দ্য উইকেট’ এসে। উইলিয়ামসন সে অনুযায়ী সাইট স্ক্রিন একটু ডান দিকে সরাতে অনুরোধ করেছিলেন মাঠকর্মীদের। কিন্তু মাঠকর্মীরা সেই সাইট স্ক্রিন ১৭ মিনিটের আগে সরাতে পারেননি। এ সময় মাঠের মধ্যেই যার যার মতো দাঁড়িয়ে থাকতে দেখা যায় অস্ট্রেলীয় ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান মুখ-চোখ বাঁকা করে রেখেছিলেন মনোযোগ হারানোর বিরক্তিতে। মজার ব্যাপার হচ্ছে সাইট স্ক্রিনটির নিচেই বিজ্ঞাপনী হোর্ডিংয়ে লেখা ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি স্লোগান, ‘হোয়্যার প্লে নেভার স্টপস।’

খুব তাড়াতাড়িই হয়তো টেস্ট ভেন্যু হিসেবে মর্যাদা হারাবে ওয়েস্টার্ন অস্ট্রেলীয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই মাঠ। এই মাঠেরই উল্টো দিকে পার্থের সোয়ান নদীর তীরে তৈরি হচ্ছে নতুন একটি অত্যাধুনিক স্টেডিয়াম। বার্সউড স্টেডিয়াম নামের নতুন মাঠটি ২০১৭-১৮ অ্যাশেজ সিরিজের সময়ই খুলে দেওয়া হবে বলে জানা গেছে।

নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু হিসেবে এমনিতেই সমালোচনার মধ্যে আছে ‘ওয়াকা’। বিশেষ করে এই মাঠের ‘ব্যাটিং-স্বর্গ’ উইকেট পছন্দ করছেন না কেউই।

ব্যাপারটি নিয়ে নাকি সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে অস্ট্রেলীয় ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে। এক সময় ফাস্ট বোলিংয়ে স্বর্গরাজ্য হিসেবে পরিচিত এই মাঠের উইকেট মর্যাদা পেয়েছিল বিশ্বের সবচেয়ে দ্রুতগতির উইকেট হিসেবে। বিশ্লেষকেরা বলছেন, মাঠটি অনেক পুরোনো হয়ে যাওয়া এর মাটি নাকি এখন দ্রুতগতির উইকেট বানানোর অনুপযোগী হয়ে পড়েছে। সূত্র: রয়টার্স।