এ কী কাণ্ড!

কী কাণ্ড! এবার এক সাবেক পাকিস্তানি ক্রিকেটারের পরিচয় নকল করে টেলিভিশনে উপস্থিত হলো আরেক পাকিস্তানি। শুধু উপস্থিতিই নয়, একাধিক অনুষ্ঠানে সাবেক ক্রিকেটার হিসেবে বিশেষজ্ঞ মতামতও দিয়েছেন প্রতারক নাদিম আলম। আর যেই সাবেক ক্রিকেটারের পরিচয় তিনি গায়ে চড়িয়েছিলেন তাঁর নাম নাদিম আব্বাসি। ঘটনাটি ঘটেছে নামকরা ব্রিটিশ গণমাধ্যম সংস্থা বিবিসি নেটওয়ার্কের কয়েকটি চ্যানেলে।
সাবেক ক্রিকেটার নাদিম আব্বাসি পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলতেন আশির দশকে। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক টেস্ট ম্যাচেও খেলেছেন। তাঁর পরিচয়ই সুচতুরভাবে চুরি করে নেন যুক্তরাজ্যের একটি শহরে বাস করা নাদিম আলম। বিবিসির কাছে তিনি নিজেকে সাবেক ক্রিকেটার নাদিম আব্বাসি হিসেবে প্রমাণ করতে সক্ষম হন। তার পরেই অংশ নেন একের পর এক টিভি এবং রেডিও অনুষ্ঠানে। অনুষ্ঠানগুলো সম্প্রচারিত হয় বিবিসি ওয়ার্ল্ড নিউজ, বিবিসি এশিয়ান নেটওয়ার্ক এবং রেডিও ফাইভ লাইভ-এর মতো জনপ্রিয় চ্যানেলগুলোতে। এমনকি একটি ক্রিকেট বিশ্লেষণধর্মী অনুষ্ঠানে নাদিম আলমের সঙ্গে দেখা যায় সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়াকেও।
‘আসল’ নাদিম আব্বাসি এতে বেজায় চটেছেন। আরেক ব্রিটিশ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি যদি সেই নাদিম আলমকে খুঁজে পাই তবে তার মুখে সজোরে ঘুষি মারব। সেই প্রতারক আমার দেশের সম্মান নষ্ট করছে।’ বিবিসির মতো এমন আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে এরকম ভুল হতে দেখেও অবাক তিনি। বিবিসির একজন মুখপাত্র অবশ্য নাদিম আব্বাসির কাছে ক্ষমা চেয়েছেন। এমন ভুল কেন হলো তা বের করতে একটি তদন্ত দলও গঠন করেছে প্রতিষ্ঠানটি। প্রতারক নাদিম আলম জানিয়েছেন যে তিনিও আর ‘নাদিম আব্বাসি’ সাজবেন না। তবে খুব একটা অপরাধবোধ নেই তাঁর, ‘আমি কিন্তু ক্রিকেট-বোদ্ধা হিসেবে বেশ ভালোই করছিলাম।’
মাঠে হোক কিংবা মাঠের বাইরে, বিতর্কিত কাজ করতে পাকিস্তানিদের যেন কোনো জুড়ি নেই আর। সূত্র: মেইল অনলাইন।