এ কেমন টি-টোয়েন্টি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাকির শেষ পর্যন্ত টিকলেও দ্রুত রান তুলতে পারেননি। ফাইল ছবি
জাকির শেষ পর্যন্ত টিকলেও দ্রুত রান তুলতে পারেননি। ফাইল ছবি
বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৩৫ রান তুলেছে রাজশাহী কিংস


আগের ম্যাচে ওপেন করে বেশ ভালো শুরু পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। কৌশলটি আজও কাজে লাগাতে চেয়েছিল রাজশাহী কিংসের টিম ম্যানেজমেন্ট। হয়নি। মাশরাফি বিন মুর্তজা হতে দেননি। এবার বিপিএলে বল হাতে দুর্দান্ত রংপুর রাইডার্স অধিনায়ক শুরুতেই রাজশাহীর বড় স্কোরের স্বপ্ন ছোট করে আনেন। পাওয়ার প্লে-র মধ্যেই ৩ উইকেট হারানো রাজশাহীও ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি। ৮ উইকেটে ১৩৫ রানেই থেমেছে মিরাজদের ইনিংস।

মুমিনুল হক আর অধিনায়ক মিরাজ ওপেন করেছেন রাজশাহীর হয়ে। দ্বিতীয় ওভারেই অধিনায়কের শিকার অধিনায়ক! রংপুর অধিনায়ক মাশরাফিকে ফ্লিক করতে গিয়ে শর্ট ফাইন লেগে শফিউলের দুর্দান্ত ক্যাচে পরিণত হন মিরাজ। তিনে সৌম্য সরকার ১ ছক্কা আর ২ চারে ভালোই শুরু করেছিলেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। মাশরাফিকে তুলে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করায় ১৮ রানেই শেষ হয় সৌম্যর ইনিংস। আর মাশরাফিও এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ১০ উইকেট নিয়ে পৌঁছে যান সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে।

মিরাজ ও সৌম্য আউট হওয়ার মাঝে মুমিনুল হককে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেছেন রংপুরের স্পিনার সোহাগ গাজী। ৬ ওভারের মধ্যে ৪৩ রান তুলতে ৩ উইকেট হারানোর রাজশাহীর তখন দিশেহারা অবস্থা। রংপুরের বোলাররা চাপ ধরে রাখায় শেষ পর্যন্ত দলটি খুব বড় সংগ্রহ তুলতে পারেনি। প্রথম ১০ ওভারে রাজশাহীর স্কোর ছিল ৩ উইকেটে ৬৯। মোহাম্মদ হাফিজ ও জাকির হাসান দাঁড়িয়ে গিয়েছিলেন। তবে পাকিস্তানি রিক্রুট হাফিজ খেলেছেন টি-টোয়েন্টির স্বভাববিরুদ্ধ এক ইনিংস। ১ চারে ২৯ বলে ২৬! উইকেটে দুই ‘সেট’ ব্যাটসম্যান থাকায় রাজশাহীর যখন দ্রুত রান তোলার কথা তখন হাফিজ এবং জাকিরের মন্থর ব্যাটিংয়ে তা হয়নি।

১৪তম ওভারে রান আউট হন হাফিজ। অন্য প্রান্তে জাকিরের স্কোর তখন ২২ বলে ২৭। শেষ পাঁচ ওভারে জাকির হাত খোলার চেষ্টা করলেও খুব একটা লাভ হয়নি। ১৫ ওভার শেষে রাজশাহীর স্কোর ছিল ৪ উইকেটে ৯৬। জাকির তখন ২৫ বলে ৩০। শেষ ৩০ বলে মাত্র ৩৯ রান তুলতে পেরেছে রাজশাহী। এর মধ্যে জাকির ১১ বল খেলে তুলতে পেরেছেন মাত্র ১২ রান। জাকিরের ৩৬ বলে অপরাজিত ৪২ রানের ইনিংসটি তাই রাজশাহীর স্কোর বাড়ালেও লড়াকু সংগ্রহ এনে দিতে পারল কোথায়!