এ কেমন বাঘ-বিলাস!

সুন্দরবনের সব রয়্যাল বেঙ্গল টাইগার চলে এসেছে লন্ডন, কার্ডিফে! এই বাঘের অনেক ভাব। তারা পায়ে হাঁটে না। এ মাঠ, ও মাঠ ঘুরে বেড়ায় মানুষের কাঁধে চড়ে। বাঘ আছে বিভিন্ন রকমের। ছোট বাঘ, বড় বাঘ। লেজ সোজা বাঘ, লেজ বাঁকা বাঘ। হাস্যোজ্জ্বল বাঘ, মনমরা বাঘ।
বাংলাদেশের ক্রিকেটারদের বলা হয় ‘টাইগার’। সেই ‘টাইগার’ ওই পুতুল বাঘগুলোর মতো কখনো মনমরা হবে, ‘বাবু’ চেহারার বাঘ হবে-এ আমরা ভাবতে পারি না। ‘টাইগার’ মানে আমাদের কাছে একটা হুংকার মূর্তি। দেখলেই সবাই ভয় পাবে। নাম শুনলে পা কাঁপবে। এই বাঘ কেউ সামনে রঙিন ছাতা মেলে ধরলে ভয় পায় না। বন্দুক নিতে ভুলে যাওয়া শিকারির বন্দুকের লাইসেন্সকে পাত্তা দেয় না। বাংলার ‘টাইগার’ যারে পায়, তারে খায়। যারে পায় না, তারেও খায়।
বাঘ নিয়ে এই কল্পনা যখন সত্যিকারের বাঘ শিকারিদের জালে আটকা পড়ে যায়, তখন আমরা ক্ষেপে যাই। আমাদের বাঘ-বিলাস ভেঙে চুরমার হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়ালে চিকা পড়ে, ‘আরে কিসের বাঘ, ওরা তো বেড়াল!’ বেড়ালের শরীরে বাঘের মুখ বসিয়ে ছবি বানাই। এসব বাঘ আসলেই বাঘ বংশের উত্তরসূরি, নাকি অন্য কোনো পথে বাঘ হয়ে বসে আছে, জীববিজ্ঞানের সেসব অধ্যায় নিয়ে ‘সৃষ্টিশীল’ সব কথায় মুখরিত হই। আমরা একবারও ভাবি না, যাদের আমরা বাঘ বলছি, তারাও মানুষ।
তারকাদের একই সঙ্গে খ্যাতি আর সমালোচনার হাত ধরে হাঁটতে হয়। দুটোকেই গ্রহণ করতে হয়। তারা বোঝেন, আজ বাঘের মর্যাদায় যে তাদের মাথায় তুলছে, কাল ‘এই বেড়াল যা...’ বলে সেই মাথা থেকে ছুড়ে ফেলতে পারে। এটি মেনে নিতে পারেন বলেই তাঁরা তারকা। আমরা দূর থেকে কেবলই তাদের জ্বলজ্বলে আলোটা দেখতে চাই। না জ্বললে সে আবার তারা কিসের!
সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়াল-চিকায় এখন পড়ছে মাশরাফি বিন মুর্তজার নাম। বিশ্বকাপের তিনি ভালো বল করছেন না। কখনো ৬ ওভারে ৪৯ রান দিচ্ছেন, কখনো ৫ ওভারে ৩২। প্রথম দুই ম্যাচের মধ্যে তার দল জিতলেও তো মাত্র একটিতে! নিউজিল্যান্ডের বিপক্ষে রানটা না হয় একটু কম হয়েছে, কিন্তু অধিনায়কত্বের জাদুর কাঠির স্পর্শ আর বোলিংয়ের আগুন দিয়ে মাশরাফি কেন পারবেন না দলকে জেতাতে? বাংলাদেশ কেন জিতবে না প্রতিটি ম্যাচে!
আরেকজন মুশফিকুর রহিম। আরে বাবা তুমি তো ব্যাঘ্র প্রজাতির উইকেট কিপার। তুমি কেন ভুল করবে! রান আউট মিস তোমার সাজে না। তোমার মধ্যে চিতার ক্ষিপ্রতা নেই। কাজেই তুমিও বাঘের মুখোশ পরা বেড়াল মাত্র। ফেসবুকে তোমার এখন কুশপুত্তলিকা দাহ হবে। তোমাকে নিয়ে ট্রল হবে। কারণ তুমি খেলা পার না। আজ ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেলেও নিশ্চয়ই এ রকম আরও কিছু চরিত্র বের হয়ে আসবে। বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ ইংল্যান্ডে হলে হচ্ছে। আমাদের উচিত বাংলাদেশ থেকে এসে তাদের দু ঘা দিয়ে যাওয়া। ব্রিটিশ আমলে তারা আমাদের দেশে গিয়ে করেছে না!
বিশ্বকাপের দুই ম্যাচেই (একটিতে আবার বাংলাদেশ জিতেছেও) মুশফিক আর মাশরাফির অবস্থা হয়ে গেল অনেকটা ওই ছুড়ে ফেলা বেড়ালের মতো। আলো হারিয়ে ফেলা তারার দশা তাদের। বাংলার আকাশে এমন নিভু নিভু তারার কোনো স্থান নেই। ফেসবুকের কিছু অনুসন্ধানী মন খুঁজে বেড়াচ্ছে মাশরাফি কোন ‘কোটা’য় এবার বিশ্বকাপ খেলতে চলে এলেন। অধিনায়ক কোটা? এমপি কোটা? নাকি অন্য কোনো কোটা! অথবা হতে পারে রাজনীতিতে জড়ানোয় খেলায় মন নেই। নইলে তিনি কেন প্রতি বলেই বাঘের মতো হুংকার দিচ্ছেন না! মুশফিক-ই-বা কেন ব্যাটিংয়ের মতো উইকেটকিপিংয়েও সব সময় নিশ্ছিদ্র নন?
জাতীয় দলের ক্রিকেটার হলে সব পারতে হবে, তা আমরা অন্যরা কিছু পারি বা না-ই পারি। আমাদের আর কিছু বিশ্বমানের না হোক, বিশ্বকাপে ক্রিকেটারদের দেখাতেই হবে যে, তাদের খেলার মান আইফেল টাওয়ারে উঠে গেছে। ওয়ানডেতে বাংলাদেশ সাত নম্বর দল তো কি হয়েছে, সামনে যে-ই আসবে তাকে হারিয়ে ভূত বানাতে হবে। আমার ঘরে শান্তি নেই, মনে সুখ নেই, পকেটে টাকা নেই। এখন ক্রিকেটারদের দায়িত্ব ইংল্যান্ড থেকে আমাদের জন্য সেই সুখ-শান্তি পাঠাবেন, পারলে বিশ্বকাপের ট্রফিটাও নিয়ে আসবেন। আমরা ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যাম ঠেলতে ঠেলতে আশা করব, ঘরে গিয়ে টিভির রিমোট চাপলেই পর্দায় ভেসে উঠবে বাংলাদেশের জয়োল্লাস। আমাদের সব ক্লান্তি তাতে ধুয়ে মুছে যাবে। আমাদের যত অপ্রাপ্তি, যত দুঃখ-বেদনা, যত হতাশা... সব দূর করে দেওয়ার দায়িত্ব শুধু খেলোয়াড়দের। কারণ তারা ‘টাইগার’ কিংবা ‘নর্তকী’। আমাদের নিরানন্দ জীবনে মনোরঞ্জন দিতে তারা বাধ্য। আমাদের সব আক্ষেপ ভোলাতে প্রতিপক্ষের ঘাড়ে প্রতিনিয়ত বিষদাঁত বসানোই তাদের কর্তব্য।
এসব না পারলে সেই বাঘ, সেই নর্তকী আমাদের দরকার নেই। আমরা তাদের নিয়ে তখন এ রকমই করতে থাকব। আমাদের সব ক্রোধ, শ্লেষ ঢেলে দিয়ে তাদের বেড়াল বানাব। আমাদের বাঘ-বিলাস রূপ নেবে বাঘ-বিরাগে। আমাদের সৃষ্টিশীলতা প্রকাশের ওই একটিই তো জায়গা। আমরাও যে এসব ছাড়া আর কিছুই পারি না!