এ কেমন রিভিউ মুশফিকের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিনায়ক ও কিপিংয়ে হতাশা বাড়িয়েই যাচ্ছেন মুশফিক। ছবি: এএফপি
অধিনায়ক ও কিপিংয়ে হতাশা বাড়িয়েই যাচ্ছেন মুশফিক। ছবি: এএফপি

হায়দরাবাদে রোদটা বোধ হয় একটু বেশিই পড়ছে। অথবা ৬০ ওভার ফিল্ডিংয়ের ফলে চোখে হ্যালুসিনেশন হচ্ছে। না হলে তাইজুল ইসলামের বলে এ রিভিউ কীভাবে চান বাংলাদেশের অধিনায়ক?

৬২ ওভারের দ্বিতীয় বলটা একটু ঝুলিয়ে দিয়েছিলেন তাইজুল। বিরাট কোহলি সামনের পায়ে রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন। ব্যাটে বল লাগার আওয়াজটা টিভিতেই শোনা গেল। তবু কী বুঝে যেন আবেদন করলেন মুশফিকুর রহিম। বোলার নিজেই সে আবেদনে সঙ্গী হলো না। হওয়ার কথাও না। পরিষ্কার ব্যাটে বল লেগেছে, এ বলে এলবিডব্লুর আবেদন করে লোক হাসানোর দরকার কী!
কিন্তু বাংলাদেশ অধিনায়কের যেন কী হলো! একবার প্রথম স্লিপে দাঁড়ানো সাকিব আল হাসানের দিকে তাকালেন, এরপর তাকালেন সিলি মিড অনে দাঁড়ানো মুমিনুল হকের দিকে। খানিকটা ভাবলেন; এরপর মাঠ, গ্যালারি আর টিভি পর্দায় তাকিয়ে থাকা সবাইকে হতভম্ব করে রিভিউ চাইলেন! আম্পায়ার মারাইস ইরাসমাসের প্রশংসা করতেই হচ্ছে। মুখে কোনো প্রতিক্রিয়া না দেখিয়েই টিভি আম্পায়ারের দিকে ইঙ্গিত দিলেন রিভিউর। এটা যে আউট না, সেটা বোধ হয় মুশফিক ছাড়া আর সবাই জানতেন!
টিভি রিপ্লে দেখে লজ্জাটাই বাড়ল শুধু। প্রায় অর্ধ যুগ রিভিউ ব্যবহার করার অভিজ্ঞতার পর এমন সিদ্ধান্ত যে মেনে নেওয়া যায় না! একটা উইকেটের জন্য সবার আকাঙ্ক্ষা বোঝা যায়, তাই বলে এমন হঠকারী সিদ্ধান্তের কোনো মানে হয় না।
আজও অধিনায়ক হিসেবে মুশফিকের বিভিন্ন পরিকল্পনা, সিদ্ধান্ত, বোলিং পরিবর্তন ছিল প্রশ্ন তোলার মতো। উইকেট কিপিংটা হয়েছে নিম্নমানের। চেতেশ্বর পূজারার ক্যাচটাও প্যাডে না লাগলে হয়তো আর ধরা হতো না। ইনিংসের শুরুতেও একটা ক্যাচ প্রথম স্লিপের দিকে যেতে দেওয়ায়, সেটা আর ক্যাচে রূপ নেয়নি। তবু সবকিছুকে ছাড়িয়ে গেছে রিভিউর সিদ্ধান্ত।