এ কেমন সূচি!

অস্ট্রেলিয়া দলের সূচিটা অবাকই করেছে সবাইকে। অ্যাডিলেডে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের পরদিনই ভারতের সঙ্গে টেস্ট সিরিজ শুরু করবে তারা। এ সূচি নিয়ে এরই মধ্যে অনেক কথাবার্তাও হয়েছে। তবে এ নিয়ে এবার কথা বললেন ডেভিড ওয়ার্নার। ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বেশ বিরক্তিই প্রকাশ করেছেন অস্ট্রেলীয় সহ অধিনায়ক। ওয়ার্নারের দৃষ্টিতে সূচিটা ‘খুবই বাজে’!
ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার কঠিন পরীক্ষা। তখন ভারত সফর করবেন স্মিথরা। পাকিস্তানের বিপক্ষে মাত্রই টেস্ট সিরিজ শেষ করেছে অস্ট্রেলিয়া। ১৩ জানুয়ারি থেকে একই দলের সঙ্গে তারা খেলবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৩, ১৫, ১৯, ২২ ও ২৬ জানুয়ারিতে ম্যাচগুলো হবে ব্রিসবেন, মেলবোর্ন, পার্থ, সিডনি ও অ্যাডিলেডে। এ সিরিজের পরই নিউজিল্যান্ড সফরে যাবে অস্ট্রেলিয়া। ৩০ জানুয়ারি, ২ ও ৫ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডে হবে অকল্যান্ড, নেপিয়ার ও হ্যামিল্টনে। ফেব্রুয়ারিতেই শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে আসবে অস্ট্রেলিয়ায়। ১৭, ১৯ ও ২২ ফেব্রুয়ারি তিনটি টি-টোয়েন্টি হবে মেলবোর্ন, জিলং ও অ্যাডিলেডে। ২২ ফেব্রুয়ারি অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল যখন লঙ্কানদের বিপক্ষে খেলবে, তখন পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের শেষ মুহূর্তের প্রস্তুতি নেবে তাদের টেস্ট দল।
ব্যাপারটা এমন নয় যে অ্যাডিলেডে কোনো খেলোয়াড়কে টি-টোয়েন্টি খেলেই পুনের বিমান ধরতে হবে। তাদের টেস্ট ও টি-টোয়েন্টির দুটি দলই আলাদা। ওয়ার্নারের আপত্তি এখানেই। কোনো রাখঢাক না রেখে সূচি নিয়ে সমালোচনা করলেন অস্ট্রেলীয় ওপেনার, ‘সূচি তৈরির কাজটা ক্রিকেট অস্ট্রেলিয়ার। এ ব্যাপারে তাদের ভূমিকাটাই প্রধান। আমার কাছে খেলাটাই বড়, এসব নিয়ে খুব বেশি মাথা আমি ঘামাই না। তবে বলতেই হচ্ছে এটা খুবই বাজে সূচি।’
টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা স্বাভাবিকভাবেই খেলতে পারবেন না ওয়ার্নার। শুধু তিনিই নন, ওয়ার্নারের সঙ্গী অধিনায়ক স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও উসমান খাজাও নেই সিরিজটাতে। ওয়ার্নারের কাছে সূচিটা ভালো না লাগার গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে, এখনো পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি অস্ট্রেলিয়া। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক তারা। ঘরের মাঠে ছোট সংস্করণে প্রথমবারের মতো শিরোপার লড়াইয়ে নামার আগে কোনো টি-টোয়েন্টি সিরিজই হাতছাড়া করতে চান না তিনি, ‘আমরা যারা অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলেও আছি, তাদের সামনে মূল লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা। সব সময়ই সেরা দলটাকেই মাঠে নামানো উচিত। আমরা যারা আগের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে ছিলাম, তারা যদি নিজেদের দেশের মাঠে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলতে না পারি তাহলে নির্বাচকদের জন্য কাজটা বেশ কঠিনই হবে। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ তো অস্ট্রেলিয়ায় হবে। আমি মনে করি ক্রিকেটের সব সংস্করণেই সেরা দলটিই খেলানো উচিত।’
২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি তৈরি হয়ে গেছে। তবে এটি ২০১৮ সালে এগিয়ে নিয়ে আসার সম্ভাবনাও আছে। ওয়ানডে বিশ্বকাপের পাঁচটি শিরোপা জেতা অস্ট্রেলিয়ার জন্য এখনো রহস্যই হয়ে আছে ছোট সংস্করণের বিশ্বকাপ। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হওয়াই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সাফল্য। সূত্র: ফক্স স্পোর্টস।