এ কোন বিবর্ণ সাকিব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব মিলিয়েই একটা বাজে দিল গেল সাকিবের। ছবি: শামসুল হক
সব মিলিয়েই একটা বাজে দিল গেল সাকিবের। ছবি: শামসুল হক

মাত্রই ব্যাট হাতে নামলেন। চোখমুখে সেই চেনা নির্লিপ্ত ভঙ্গি। যেটা বুঝতেই দিচ্ছে না ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে কী চাপে তাঁর দল। সাকিব আল হাসান এমনই। চাপ যে কঠিন, চাপটারে ভালোবাসিলাম। এক ফুৎকারে চাপ উড়িয়ে দিতে চাইলেন। প্রথম বলেই উড়িয়ে মারলেন ডিপ মিডউইকেটের দিকে। অফ দ্য মার্ক উইথ আ সিক্স...ভাষ্যকারের কথাটা গলাতেই আটকে রইল। ততক্ষণে বল মাহমুদুল হাসানের তালুবন্দী। বন্দী ব্যাটসম্যান সাকিবের জীবনও। শূন্য, গোল্ডেন ডাক!

আন্তর্জাতিক ক্রিকেটে ২৬৫ ইনিংসে ব্যাট করেছেন। এর মধ্যে প্রথম বলে আউট হয়ে স্বর্ণডিম্ব কুড়িয়েছেন মাত্র আটবার। এমন অভিজ্ঞতা সাকিবের জন্য বিরলই। কিন্তু আজকের দিনটাই যে সাকিবকে সেই বিরল আর তেতো স্বাদ দিয়েই পার করতে হবে বলেই হয়তো ঠিক করে রেখেছে ক্রিকেট নিয়তি! বল হাতেও ৪ ওভারে ৪২ রান দিয়ে উইকেটশূন্য! ব্যাটে-বলে পুরো ফ্লপ একটা দিন গেল সাকিবের। হয়তো ক্রিকেটে তাঁর সবচেয়ে বাজে দিনগুলোর একটি!

সাকিব সেই ক্রিকেটার, ব্যাটে ব্যর্থ হলেও বোলিং দিয়ে যিনি পুষিয়ে দেন ভালো মতোই। কিংবা বোলিংয়ে না পারলে এমন ব্যাটিং করেন, সবাই বোলিংয়ের কথাটা ভুলেই যায়। এবারের বিপিএলেও তা-ই হয়েছে। ব্যাট ঠিকমতো হাসছিল না, কিন্তু টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেটশিকারি ছিলেন তিনিই। আজই উইকেটসংখ্যায় সাকিবকে ছাড়িয়ে গেলেন এবারে বিপিএলে বাংলাদেশের জন্য বড় পাওয়া আবু হায়দার। এমনকি সমান উইকেট নিয়েও গড়ে এগিয়ে থেকে থিসারা পেরেরাও দুই উঠে এসে সাকিবকে ঠেলে দিলেন তিনে। সব মিলিয়ে সাকিবের জন্য ভুলে যাওয়ার মতোই একটা দিন!

কিন্তু দিনটা ভুলবেনই বা কী করে, ১২ ডিসেম্বর যে তাঁর বিয়ে বার্ষিকীও! দূরপ্রবাসী স্ত্রী ও মাত্রই কিছুদিন আগে পৃথিবীর আলো দেখা কন্যার জন্য আজ কি বিশেষ কিছু করতে চেয়েছিলেন? নাকি পুড়লেন বিরহ কাতরতায়!

রংপুরের বোলারদের মধ্যে সবচেয়ে খরুচেও ছিলেন। পঞ্চম ওভারে নিজেকে আক্রমণে এনেছিলেন উদ্বোধনী জুটিটা ভাঙবেন বলে। উল্টো ইমরুল কায়েস তাঁকে পর পর দুটো চার-ছক্কা হাঁকিয়ে দিলেন! সাকিব পরে ছক্কা হজম করেছেন আরও দুটি। অধিনায়ক হিসেবেও বোলারদের ঠিকমতো ব্যবহার করতে পারেননি। ড্যারেন স্যামি এক ওভারে দিয়েছিলেন মাত্র ৫ রান। কিন্তু তাঁকে আর বোলিংয়ে আনলেন না। ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডারকে ব্যাট হাতেও নামানো হয়েছে নয়ে, যখন ম্যাচের আশা পুরো শেষ। ২ ওভারে ১১ রান দিলেও আল-আমিনকে দিয়েও আর বোলিং করানো হয়নি।

ব্যাটে, বলে, অধিনায়কত্বে-সব মিলিয়ে ক্রিকেটে সাকিবের এমন বাজে একটা দিন শেষ কবে গেছে, স্মৃতিচরে খোঁড়াখুঁড়ি করেও কোনো নুড়িপাথর মিলছে না। এবং তারপরও সাকিবের ব্যর্থতা নিয়ে এত-এত কাব্য করার কারণও একটাই-সাকিব ফিনিক্স পাখির মতো। ছাইভস্ম থেকেই জেগে ওঠেন। ফাইনালে ওঠার সুযোগ আরও একটা পাচ্ছে তাঁর দল।

আজ সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটা উঠল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব একবারই ৪০ রান দিয়েছেন। আজকের দিনটাই সবচেয়ে বাজে গেল কি না, প্রশ্নের জবাবে সেই ম্যাচটি যেন ভেসে উঠল সাকিবের স্মৃতিপটে, ‘২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা খুব খারাপ গিয়েছিল (৪০ রানে উইকেটশূন্য, ব্যাট হাতে ১১)। তবে টি-টোয়েন্টি ম্যাচ একটার পর আরেকটা এত দ্রুত হয়, এসব নিয়ে ভাবার সময় নেই। পরের ম্যাচ নিয়ে যেসব ভাবতে হচ্ছে এখনই।’
পরের সেই ম্যাচটা জিতলে ফাইনালে উঠবে রংপুর। কে জানে, হয়তো তখন ফাইনালেই কুমিল্লার ওপর আসল প্রতিশোধটা নিয়ে নেবেন সাকিব আল হাসান!