এ কোন অস্ট্রেলিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলবিডব্লুর আবেদন করেছিলেন, পেছন থেকে দৌড়ে আসা স্টিভ স্মিথের ধাক্কাটা তাই সামলাতে পারেননি ভারনন ফিল্যান্ডার। আহত হয়ে কিছুক্ষণ মাঠের বাইরেও থাকতে হয় তাঁকে। কিন্তু ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকেই আসল ধাক্কা দিয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার l এএফপি
এলবিডব্লুর আবেদন করেছিলেন, পেছন থেকে দৌড়ে আসা স্টিভ স্মিথের ধাক্কাটা তাই সামলাতে পারেননি ভারনন ফিল্যান্ডার। আহত হয়ে কিছুক্ষণ মাঠের বাইরেও থাকতে হয় তাঁকে। কিন্তু ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকেই আসল ধাক্কা দিয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার l এএফপি

অন্য কোনো দিন হলে মিচেল স্টার্কের ওই ইয়র্কারটা নিয়েই লেখাটা হতো। চা-বিরতির পর প্রথম যে বলটি করলেন স্টার্ক, সেটি কোনো ব্যাটসম্যানের ঠেকানোর সাধ্য নেই, ডিন এলগারও পারেননি। অথবা স্টার্কের ওই ১০ বল নিয়ে, যখন গতির তোড়ে দক্ষিণ আফ্রিকার ৩ উইকেট তুলে নিলেন ৩ রানে। কিন্তু কাল যে ছিল বিশেষ এক দিন, ভারনন ফিল্যান্ডারের দিন।

পেস, সুইং আর সিম মুভমেন্ট দিয়ে হোবার্টে পেসাররা রাজত্ব করবেন, সেটা জানাই ছিল। টসে জিতলে ফাফ ডু প্লেসি যে বোলিং নেবেন, সেটাও অনুমিত। তাই বলে দিন শেষে ৮৬ রানের লিড পেয়ে যাবেন, সেটা মনে হয় না প্রোটিয়া অধিনায়ক ভাবতে পেরেছিলেন। কিন্তু সেটা সম্ভব হয়েছে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানে গুটিয়ে যাওয়ায়।

পার্থ টেস্টের প্রথম ইনিংসেও ৮৬ রানে ১০ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেই বিপর্যয়ের আগে ১৫৮ রান করেছিলেন দুই ওপেনার। কাল সে সুযোগই দেননি ফিল্যান্ডার। অনেক দূরের বল তাড়া করে শট খেলতে গিয়ে ডেভিড ওয়ার্নার অবশ্য উইকেট উপহার দিয়েছেন। কিন্তু উসমান খাজা ও অ্যাডাম ভোজেসকে যে ২ বলে আউট করেছেন, তাতে ব্যাটসম্যানদের করার ছিল না কিছুই। জো মেনিকেও আউট করেছেন পরিকল্পনামতো।

ফিল্যান্ডার একা নন, মেঘে ঢাকা আকাশ, বাতাস ও উইকেটের আর্দ্রতা কাজে লাগিয়ে অন্য প্রান্তে কাইল অ্যাবটও ছিলেন দুর্দান্ত। ফিল্যান্ডার-অ্যাবটের তোপে পার্থ টেস্টের নায়ক কাগিসো রাবাদা বোলিং করার সুযোগ পেয়েছেন মাত্র ৬ ওভার, তাতেই ১ উইকেট। আর এই পেসারদের উগ্রমূর্তিও যেন যথেষ্ট ছিল না, ফিল্ডাররাও হয়ে উঠেছিলেন জন্টি রোডসের সার্থক উত্তরসূরি। গালিতে স্টার্কের যে ক্যাচ নিলেন জেপি ডুমিনি বা নাথান লায়নকে যেভাবে তালুবন্দী করলেন কুইন্টন ডি কক—দুটিই দুর্দান্ত। তবে বদলি ফিল্ডার হিসেবে নেমে ডেন ভিলাস সরাসরি থ্রোতে যেভাবে ক্যালাম ফার্গুসনকে রানআউট করেছেন, সেটি ছাড়িয়ে গেছে সবকিছুকে।

ব্যাটিংয়ে নেমেই বৃষ্টি দেখেছেন স্টিভ স্মিথ। তবে ১৩ মিনিটের বৃষ্টিবিরতির পর দলের উইকেট-বৃষ্টিটাও দেখেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। বিরুদ্ধ স্রোতে এ রকম পরিস্থিতিতে কীভাবে ব্যাট করতে হয় সেটা দেখিয়েছেন ৪৮ রানের অপরাজিত ইনিংসে। কিন্তু ক্রিজের অন্য প্রান্তে সঙ্গী হিসেবে কাউকে যে পাননি অস্ট্রেলিয়া অধিনায়ক।

দিনের শেষ ভাগে স্টার্কের ওই স্পেলের পরও ৫ উইকেটে ১৭১ রান করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। স্টার্কের পর জশ হ্যাজলউড ডু প্লেসি ও হাশিম আমলাকে আউট করলেও দক্ষিণ আফ্রিকাকে টেনে নিয়েছেন টেম্বা বাভুমা ও ডি কক। তথ্যসূত্র: স্টার স্পোর্টস।

সংখ্যায় সংখ্যায়

১

ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়ার দুই ওপেনারই একই ইনিংসে ১ রানে আউট হলেন।

১০

স্বাগতিক হিসেবে ৮৫ রানের কমে অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ১০ বার।

১২

১২ বছর পর এবি ডি ভিলিয়ার্স কিংবা ডেল স্টেইনকে ছাড়া টেস্ট খেলছে দক্ষিণ আফ্রিকা।

১৩

ঘরের মাঠে ১৩তম বারের মতো ১০০ রানের নিচে অলআউট অস্ট্রেলিয়া।

১৫

হোবার্ট টেস্টের প্রথম দিনে রেকর্ড ১৫ উইকেটের পতন। এর আগে দুবার ১৯৮৯ ও ১৯৯৩ সালে এক দিনে ১৩ উইকেট পড়েছিল।

২৪

অস্ট্রেলিয়ার ইনিংসটি ছিল ৩২.৫ ওভার, অর্থাৎ ১৯৭ বলের। অস্ট্রেলিয়ার ২০০ বলের কমে অলআউট হওয়ার ২৪তম ঘটনা এটি।