এ তো হওয়ারই কথা ছিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ ও ১৬ মে ঢাকায় বসবে আম্পায়ারদের আন্তর্জাতিক সভা। ১৩-১৪ মে অনুষ্ঠিত হবে আইসিসির আম্পায়ারদের একটি ওয়ার্কশপও। তার ঠিক আগেই কিনা ঘরোয়া ক্রিকেটের পক্ষপাতমূলক আম্পায়ারিং নিয়ে তুমুল বিতর্ক!
অবশ্য গত ২২ এপ্রিল বিসিবির সভার পর বোর্ড সভাপতি নাজমুল হাসানও স্বীকার করে নিয়েছেন ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিংয়ের দুরবস্থার কথা। এরপর এ নিয়ে আর কোনো বিতর্কই থাকে না যে, এবার প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেটের আম্পায়ারিং হয়েছে চরম জঘন্য এবং সেটা দু-একটি ক্লাবকে সুবিধা দিতেই। বিসিবির সভাপতিও বলেছেন, আম্পায়াররা বোর্ড পরিচালক ও ক্লাবের ভয়ে ভীতসন্ত্রস্ত থাকেন।
সভাপতির মুখে ওই কথা চমকের মতোই ছিল। তবে আরও বড় চমক দিয়েছে ওই সভায় গঠিত বিসিবির তদন্ত কমিটি। দ্বিতীয় বিভাগ ক্রিকেটের এক ম্যাচে ৪ বলে ৯২ রান দেন লালমাটিয়া ক্লাবের সুজন মাহমুদ। আরেক ম্যাচে ফিয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের তাসনিম হাসান দেন ১.১ ওভারে ৬৯।
দুই বোলারই ওই কাণ্ড ঘটিয়েছিলেন বাজে আম্পায়ারিংয়ের প্রতিবাদে। অথচ তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিস্ময়করভাবে বিতর্কিত দুই আম্পায়ার আজিজুল বারী ও শামসুর রহমানই পেয়েছেন সবচেয়ে কম ছয় মাসের বহিষ্কারাদেশ! বিসিবির খেলা থেকে অন্তত ১০ বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন সুজন ও তাসনিম। বোর্ড সম্পর্ক ছিন্ন করেছে তাদের ক্লাবের সঙ্গেও। শাস্তি হয়েছে দুই ক্লাবের কোচ, অধিনায়ক ও ম্যানেজারের।
খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা নাকি ওভাবে প্রতিবাদ করে দেশের ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন করেছেন। কিন্তু কী কারণে দুই বোলার সেটি করলেন, তা বিবেচনায় নেয়নি তদন্ত কমিটি। দেশের সংবাদমাধ্যমে ঘটনাটি আসার পর আন্তর্জাতিক অঙ্গনেও এটি শোরগোল তোলে। এর আগ পর্যন্ত বালিতে মুখ গুঁজে থাকা বিসিবির তখনই মনে হলো, এই ঘটনায় দেশের ক্রিকেটের সুনাম নষ্ট হয়েছে।
অথচ ঘরোয়া ক্রিকেটে পক্ষপাতমূলক বাজে আম্পায়ারিং বছরের পর বছর ধরে হয়ে আসছে। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সেটি তো কখনোই নিয়ন্ত্রণ করেইনি, উল্টো অদৃশ্য ছায়া দিয়ে পৃষ্ঠপোষণাই করেছে। সেটিরই অবধারিত ফল আজকের পরিস্থিতি। বাংলাদেশের দ্বিতীয় বিভাগ ক্রিকেটও এখন আন্তর্জাতিক অঙ্গনে হইচই ফেলে আর তাতে বিব্রত হতে হয় বিসিবিকে।