এ বছর আর টেস্ট হবে তো!

>কাল আনুষ্ঠানিকভাবে স্থগিত হয়ে গেছে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ। শঙ্কা জেগেছে এ বছর বাংলাদেশ দলের আর টেস্টই না খেলার।
পাকিস্তান, অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটিও স্থগিত হয়ে গেল। কাল বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, করোনাভাইরাসের কারণে আগস্ট-সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজটি হচ্ছে না। এই সিরিজ স্থগিত হওয়ার মধ্য দিয়ে একটা বিষয় মোটামুটি পরিষ্কারই হয়ে গেল। এ বছর সম্ভবত আর টেস্ট খেলা হচ্ছে না বাংলাদেশ দলের।
এপ্রিলে করাচিতে গিয়ে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশ দলের। সেটি স্থগিত হয়ে গেছে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়তেই। করাচি টেস্টের সঙ্গে একটি ওয়ানডেও খেলার কথা ছিল। মার্চে স্থগিত হয়ে গেছে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফরও। এপ্রিলে স্থগিত হয়েছে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ, যেটি হওয়ার কথা ছিল জুনে।
এ বছর অনুষ্ঠেয় দ্বিপক্ষীয় সিরিজগুলোর মধ্যে এখন অবশিষ্ট আছে শুধু শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজটি। শ্রীলঙ্কা সফরের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে বিসিবি আরও সময় নিলেও বাস্তবে এ সফরের সম্ভাবনা অনেকটাই কমে এসেছে। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে বিসিবি আপাতত অনুশীলন, খেলা—কোনো কিছুরই চিন্তা করছে না।
শ্রীলঙ্কা সফরটা না হলে এ বছর বাংলাদেশের আর কোনো টেস্টই খেলা হবে না। ২০২০ সালে যেখানে মোট ১০টি টেস্ট খেলার কথা ছিল, বছর শেষে সেখানে মাত্র দুই টেস্ট খেলেই তৃপ্ত থাকতে হবে মমিনুল হকদের। বাংলাদেশ টেস্ট অধিনায়ক অবশ্য বিষয়টি ইতিবাচকভাবে দেখার চেষ্টা করছেন, 'এ বছর বাঁচা-মরার চ্যালেঞ্জটাই সবার আগে। এটা আমাদের মেনে নিতে হবে। এখন মনোবল শক্ত ও ফিটনেস ঠিক রাখা জরুরি। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে টেস্টগুলো ভবিষ্যতে নিশ্চয়ই হবে। যখন আবার শুরু হবে, তখন হয়তো বিরতি কম পাওয়া যাবে। তখন যেন চোটে না পড়ি, ভালো খেলতে পারি, সেই লক্ষ্যে নিজেকে তৈরি রাখতে হবে।' তবে একের পর এক খেলা স্থগিত হয়ে যাওয়াটা যে হতাশার ব্যাপার, সেটি মানছেন তিনি, 'বছরের শুরুতে কত কিছুই পরিকল্পনা ছিল। আমিও ভেবেছিলাম, এবার অনেকগুলো টেস্ট খেলব। এতগুলো টেস্ট স্থগিত হয়ে যাওয়াটা অবশ্যই হতাশার ব্যাপার।'
এর আগে বাংলাদেশ দল এক বছরে সর্বোচ্চ ৯টি টেস্ট খেলারই সুযোগ পেয়েছে। ২০২০ সালে প্রথমবারের মতো এক বছরে ১০টি টেস্ট খেলার সুযোগ ছিল মুমিনুলদের। কিন্তু সুযোগটা কেড়ে নিল করোনাভাইরাস।
স্থগিত হয়ে যাওয়া সূচি ভবিষ্যতে পুনর্বিন্যাস করাটাও সহজ হবে না। ২০১৯ সালের জুলাইয়ে শুরু হয়ে বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রটা শেষ হওয়ার কথা আগামী বছর জুনে। আইসিসি যদি চক্রের সময়কাল না বাড়ায়, তবে স্থগিত হয়ে যাওয়া টেস্টগুলো আর হওয়ার সম্ভাবনা নেই। বিসিবিও তাই এখন তাকিয়ে আইসিসির দিকে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী কাল বলছিলেন সে কথাই, 'আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্র আর না বাড়ালে স্থগিত হয়ে যাওয়া সূচি পুনর্বিন্যাস করা সম্ভব হবে না। আইসিসি কী সিদ্ধান্ত নেয়, সেটির ওপর নির্ভর করবে এসব টেস্টের ভাগ্য। যদি চক্র বাড়ে, তাহলে আমরা সময় বের করে নেব।'
সমস্যাটা যেহেতু সবার, বিসিবিকে এই বাস্তবতা মেনে নিতেই হচ্ছে। তবে ক্রিকেটীয় ক্ষতিটা আফসোস বাড়াচ্ছে বিসিবির প্রধান নির্বাহীর, 'আইসিসি যখন এই ফর্মুলা (টেস্ট চ্যাম্পিয়নশিপ) দেয়, আমরা সেটা সমর্থন করি। এতে আমাদের টেস্টসংখ্যা বাড়ে। এমনিতে টেস্ট সিরিজ খুব একটা লাভজনক হয় না। সে ক্ষেত্রে আমাদের আর্থিক ক্ষতি খুব বেশি নয়। তবে খেলার প্রেক্ষাপটে ক্ষতিটা অনেক বড়। দুটি বড় সিরিজ আয়োজনের যে সুযোগ ছিল, সেটা আর হলো না।'
এশিয়া কাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও খুব একটা আশার খবর নেই। এ বছর তামিম-মুশফিকদের আন্তর্জাতিক ম্যাচই আর খেলার সুযোগ হয় কি না, সেটাই এখন দেখার বিষয়।