এ বছর টেস্টে নেই ডি ভিলিয়ার্স
ইংল্যান্ড সফরের জন্য দক্ষিণ আফ্রিকার লটবহর বাকি দলগুলোর চেয়ে ঢের বেশি। অন্যরা যাচ্ছে শুধু চ্যাম্পিয়নস ট্রফি খেলতে। কিন্তু দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস ট্রফির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ডের সঙ্গে। চ্যাম্পিয়নস ট্রফির পরে আবার স্বাগতিকদের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজও আছে। তিন মাসের দীর্ঘ সফর।
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে খুব রোমাঞ্চিত হলেও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটা নিয়ে ডি ভিলিয়ার্স একটু চুপচাপ। কারণ তিনি নিজে খেলবেন না ওই সিরিজে। গত বছর জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর আর টেস্ট খেলেননি। ডি ভিলিয়ার্স অবশ্য দাবি করছেন, টেস্ট থেকে তিনি অবসর নেননি। তবে এই বছরেও আর টেস্ট খেলার খুব একটা ইচ্ছে তাঁর নেই, ‘টেস্ট না খেলার সিদ্ধান্তটা শুধু এ বছরের জন্য। আমি চেয়েছিলাম একটু কম খেলতে। নিজেকে বেশ তরতাজা লাগছে, একটা টুর্নামেন্টে খেলার জন্য উন্মুখ হয়ে আছি আমি।’
সফর লম্বা হলেও মূল লক্ষ্য কিন্তু বাকি দলগুলোর মতোই। চ্যাম্পিয়নস ট্রফি জেতা। এমনিতে দ্বিপাক্ষিক সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে বাজি ধরা যায়। কিন্তু আইসিসির কোনো টুর্নামেন্ট হলেই দলটি একটা পর্যায়ে এসে স্নায়ুর পরীক্ষায় ভেঙে পড়ে। চোকার নামটা তো আর এমনি এমনি হয়নি! তবে চ্যাম্পিয়নস ট্রফি বলেই দক্ষিণ আফ্রিকা একটু আশাবাদী হতে পারে। আইসিসি নকআউট ট্রফি নামে ১৯৯৮ সালে শুরু এ টুর্নামেন্টটার প্রথম আসরেই শিরোপা জিতেছিল তারা। বৈশ্বিক টুর্নামেন্টে যেটি তাদের একমাত্র ট্রফি। আরেকটি চ্যাম্পিয়নস ট্রফি জিতেই নিজেদের দীর্ঘ শিরোপা-খরা ঘোচাতে চান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স, ‘আমরা জানি এ রকম টুর্নামেন্টগুলো কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। আটটা দলই শিরোপা জিততে চায় এবং সবগুলো দলেরই সেই সামর্থ্য আছে। তবে আমরা মনে করি, আমাদের দলটা খুবই ভালো। আমি নিজে এ টুর্নামেন্ট নিয়ে খুব আশাবাদী।’
ব্যক্তিগত একটা তাড়নাও অবশ্য আছে ডি ভিলিয়ার্সের, ‘আমি ক্যারিয়ারে এখন পর্যন্ত এ ধরনের কোনো ট্রফি জিততে পারিনি। একটা ট্রফি জেতার জন্য আমি মরিয়া। সেরা দল হয়ে ফেরার জন্য যা করার দরকার, সবকিছু করব আমরা।’ শিরোপা জেতার সামর্থ্য প্রতিটি দলেরই আছে। তবে তারপরও ইংল্যান্ডকে একটু বাড়তি সমীহ তাঁর প্রজন্মের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের। সেটি শুধু তারা স্বাগতিক বলে নয়। ইংল্যান্ড দলে বেন স্টোকসের মতো দুর্দান্ত ফর্মে থাকা একজন অলরাউন্ডার আছে বলেও। এএফপি।