এ বছর তো অশ্বিনেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিচন্দ্রন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিন

২০১৬ সালে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি যে রবিচন্দ্রন অশ্বিন জিতছেন, এ নিয়ে কি কারও কোনো সন্দেহ ছিল? এ বছরটা যে ব্যাটে-বলে তাঁর পূর্ণাঙ্গ এক অলরাউন্ডার হয়ে ওঠার সাক্ষী। টেস্টে ভারতকে অজেয় রূপ দেওয়ার পুরস্কারটা কাল পেলেন অশ্বিন। এ বছর আইসিসির বর্ষসেরা ক্রিকেটার ভারতীয় অফ স্পিনার। বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও তিনি।
বছরটা টেস্ট র্যা ঙ্কিংয়ের শীর্ষে থেকে শেষ করেছে ভারত। অধিনায়ক বিরাট কোহলি অবশ্য এই শুভযাত্রার প্রায় পুরো কৃতিত্ব দিতে চান অশ্বিনকেই। সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজটাই দেখুন, অশ্বিন ৩০৬ রান করেছেন, উইকেট পেয়েছেন ২৮টি। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টে পেয়েছেন ২৭ উইকেট। মজার ব্যাপার, অশ্বিনের এ সাফল্য বর্ষসেরা নির্বাচনের ভোটের পর! এর আগে যা করেছেন তাতেই নিজের শ্রেষ্ঠত্ব লিখে ফেলেছেন চেন্নাইয়ের ৩০ বছর বয়সী।
আট টেস্টে পেয়েছেন ৪৮ উইকেট, বৃষ্টি বাগড়া না দিলে সেটা নিশ্চিতভাবেই বাড়ত অনেক। ব্যাটিংয়েও লোয়ার অর্ডার থেকে মিডল অর্ডারেও উঠে এসেছেন, ২টি সেঞ্চুরিতে ৪২ গড়ে ৩৩৬ রান। টেস্ট অলরাউন্ডার র্যা ঙ্কিংয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে এগিয়েও গেছেন অনেক অনেক দূর। টি-টোয়েন্টিতেও দলের সেরা অস্ত্র ছিলেন অফ স্পিনার, ১৯ ম্যাচে ২৭ উইকেট।
এ সাফল্যই তৃতীয় ভারতীয় হিসেবে আইসিসির বর্ষসেরা বানিয়েছে তাঁকে। দল-অন্তঃপ্রাণ অশ্বিন অবশ্য পুরো কৃতিত্ব দিলেন সতীর্থদের, ‘এমন সম্মান পাওয়া খুবই তৃপ্তিকর। শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের মতো মহান খেলোয়াড়দের অনুসরণ করতে পেরেছি। এ অর্জনের জন্য অনেকের ধন্যবাদ প্রাপ্য। আমার পরিবারকে ধন্যবাদ দিতে চাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার সতীর্থদের।’
অশ্বিনের দিনে কিছুটা প্রশস্তি কুইন্টন ডি ককেরও প্রাপ্য। ২০১৬ সালের ওয়ানডের সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ১৬ ম্যাচে ৪টি সেঞ্চুরিসহ ৭৯৩ রান তাঁর। বর্ষসেরা হওয়ার পরও ডি ককের কণ্ঠে বিনয়, ‘আইসিসির ওয়ানডের সেরা ক্রিকেটার হতে পারাটা দারুণ। এত ভালো ভালো ক্রিকেটারের মাঝে সেরা হতে পারাটা সর্বোচ্চ তৃপ্তি এনে দেয়।’ এএফপি, ক্রিকইনফো।
এক নজরে আইসিসি বর্ষসেরা ২০১৬
ক্রিকেটার (স্যার গারফিল্ড সোবার্স ট্রফি): রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
টেস্ট ক্রিকেটার: রবিচন্দ্রন অশ্বিন
ওয়ানডে ক্রিকেটার: কুইন্টন ডি কক (দ. আফ্রিকা)
নারী ওয়ানডে ক্রিকেটার: সুজি বেটস (নিউজিল্যান্ড)
নারী টি-টোয়েন্টি ক্রিকেটার: সুজি বেটস (নিউজিল্যান্ড)
টি-টোয়েন্টি পারফরম্যান্স: কার্লোস ব্রাফেট, ১০ বলে ৩৪* (ও. ইন্ডিজ)
উদীয়মান ক্রিকেটার: মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
সহযোগী সদস্য বর্ষসেরা ক্রিকেটার: মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান)
স্পিরিট অব ক্রিকেট: মিসবাহ-উল-হক (পাকিস্তান)
বর্ষসেরা আম্পায়ার: মারাইস ইরাসমাস