এ মাসেই মেয়েদের পাকিস্তান সফর!
অপেক্ষা শুধু সরকারের সবুজ সংকেতের। সেটা পেয়ে গেলে ঈদের ঠিক পরপরই পাকিস্তান সফরে উড়াল দেবে বাংলাদেশ মহিলা দল। যাত্রার সম্ভাব্য তারিখ ২৭ বা ২৮ সেপ্টেম্বর।
বিসিবি সূত্রে জানা গেছে, মহিলা দলের পাকিস্তান যাত্রার জন্য ওই দুই দিনেরই টিকিট বুকিং দেওয়া আছে। শুরু হয়ে গেছে ভিসা এবং সরকারের অনুমতি (জিও) চাওয়ার প্রক্রিয়াও। কিছুদিন আগে পাকিস্তান ঘুরে আসা বিসিবির নিরাপত্তা পর্যবেক্ষক দল সেখানকার নিরাপত্তাব্যবস্থা নিয়ে ইতিবাচক প্রতিবেদন দেওয়ার পরই সফরের প্রস্তুতি জোরেশোরে শুরু করেছে বিসিবি।
বিসিবির মহিলা উইং প্রধান আবদুল আউয়াল চৌধুরীও কাল রাতে মুঠোফোনে বললেন একই কথা, ‘নিরাপত্তা পর্যবেক্ষক দলের প্রতিবেদন মোটামুটি সন্তোষজনক। পিসিবি আমাদের প্রায় সব শর্ত মেনে নিয়েছে। আমরা বলেছি, ম্যাচের টিকিট বিক্রি করা যাবে না, মাঠে সাধারণ দর্শক আসতে পারবে না। এসব শর্তে তারা রাজি হয়েছে।’ এ ছাড়া বিসিবির প্রস্তাব অনুযায়ী পিসিবি সিরিজে ম্যাচের সংখ্যাও কমিয়ে আনছে বলে জানিয়েছেন তিনি, ‘আগে ছিল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। আমাদের আপত্তির কারণে এখন দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হবে।’
আগামী মাসে দক্ষিণ আফ্রিকার মহিলা দল বাংলাদেশে আসবে। বিসিবি চায় পাকিস্তান সফর হলে তার আগেই হোক। সফরের জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে সে জন্যই। তবে শেষ সিদ্ধান্তটি আসবে সরকারের কাছ থেকে।