এ যেন সিনেমার গল্প!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাট কোহলি আর আনুশকা শর্মার বিয়ে এই মুহূর্তে সবচেয়ে গরম খবর। সেলুলয়েডের সঙ্গে ভারতীয় ক্রিকেটের পুরোনো যোগসাজশের নবতম সংস্করণ ‘বিরুশকা’ জুটি। গতকালই ইতালির মিলান শহরে গাঁটছড়া বেঁধেছেন দুই ভুবনের দুই তারকা। দুজনের শুভ পরিণয়ে ফিরে দেখা যাক তাঁদের ভালোবাসার সফরটা।

যদিদং হৃদয়ং তব...ছবি আনুশকা শর্মা/টুইটার
যদিদং হৃদয়ং তব...ছবি আনুশকা শর্মা/টুইটার

প্রথম দেখা
আনুশকা আর বিরাট প্রথম একসঙ্গে কাজ করেছিলেন ২০১৩ সালে, সানসিল্কের একটি টিভি বিজ্ঞাপনে। এরপর থেকেই দুজনকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে। গুঞ্জন ছড়াতেও সময় লাগেনি, প্রেম করছেন বিরাট কোহলি আর আনুশকা শর্মা!

ভোগের অনুষ্ঠানে দুজন, এরপরই ছাড়াছাড়ি। ছবি: দ্য ডেকান ক্রনিকলস
ভোগের অনুষ্ঠানে দুজন, এরপরই ছাড়াছাড়ি। ছবি: দ্য ডেকান ক্রনিকলস

গুঞ্জন হলো সত্যি
দুজনের প্রেম করছেন—খবরটা প্রথম জানা যায় ২০১৪ সালে। দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরে দলের সঙ্গে আর থাকেননি। খবর আসে, বিমানবন্দর থেকেই নাকি কোহলি সরাসরি গিয়েছিলেন আনুশকার অ্যাপার্টমেন্টে।

দুজনের প্রথম দেখা। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
দুজনের প্রথম দেখা। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আনুশকার ছবির সেটে কোহলি
শ্রীলঙ্কায় ‘বোম্বে ভেলভেট’ ছবির শুটিং করছিলেন আনুশকা। প্রেয়সীকে চমকে দিতে হঠাৎই সেখানে হাজির হন কোহলি। আমির খান অভিনীত পিকে ছবির শুটিং চলছিল উদয়পুরে। আনুশকার ২৬তম জন্মদিন উদ্‌যাপন করতে সেখানেও হাজির হয়েছিলেন প্রেমিক কোহলি।

সিনেমার সেটে একসঙ্গে দেখা গেছে দুজনকে
সিনেমার সেটে একসঙ্গে দেখা গেছে দুজনকে

প্রকাশ্যে ‘বিরুশকা’
২০১৪ সালের অক্টোবরে প্রথমবারের মতো সবার সামনে এসেছিলেন এই তারকা জুটি। ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) এক খেলায় একসঙ্গে গ্যালারিতে এসেছিলেন দুজন। এরপর থেকে বিভিন্ন সফরে যাওয়া-আসার পথে বিমানবন্দর কিংবা ক্রিকেট মাঠে বহুবার একসঙ্গে দেখা গেছে দুজনকে।

আইএসএলের ম্যাচে গ্যালারিতে দুজন।
আইএসএলের ম্যাচে গ্যালারিতে দুজন।

কোহলির ‘উড়ন্ত চুমু’
এ ঘটনার পর সামাজিক যোগাযোগে রীতিমতো ঝড় বয়ে যায়। ২০১৪ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করার পর অভ্যাসমতো হেলমেট খুলেছিলেন কোহলি। কিন্তু এরপর ব্যাট উঁচিয়ে ধরার আগে গ্যালারিতে বসে থাকা আনুশকার দিকে চুমু উড়িয়ে দিয়েছিলেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস। আর পায় কে? এখনো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ভিডিও ক্লিপ আকারে ঘুরে বেড়াচ্ছে সেই দৃশ্য। কিছুদিন পর দৃঢ় কণ্ঠে কোহলি জানিয়েছিলেন, ‘যা কিছু ঘটেছে, সবার সামনেই ঘটেছে। আমার লুকোনোর কিছু নেই।’

কোহলির উড়ন্ত চুমু...ছবি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
কোহলির উড়ন্ত চুমু...ছবি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ছন্দপতন, দুজন যখন দুই পথে
‘এনএইচ-১০’ সিনেমার প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের প্রশ্নে বিরক্ত হয়ে কোহলির সঙ্গে ঝগড়া করেছিলেন আনুশকা। এই সময় তাঁদের সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করায় এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগাল করেছিলেন কোহলি। কিছুদিন পরই অস্ট্রেলীয় ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার মাইকেল স্ল্যাটার ভুল করে আনুশকাকে কোহলির স্ত্রী বলে সম্বোধন করেন। তারপর একটি সাময়িকীতে আনুশকার খোলামেলা ফটোশট নিয়ে কোহলি চটেছিলেন বলেও গুজব ছড়িয়েছে। এত সব ঝামেলার মধ্যেও ২০১৫ সালের জুলাইয়ে মুম্বাইয়ের ভোগ বিউটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুজন প্রথমবারের মতো একসঙ্গে লালগালিচায় দাঁড়ান। কদিন পরই অবশ্য বড় বোমাটা ফাটে। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজন দুজনকে ‘আনফলো’ করেন। সে সময় চলছিল তাঁদের মান-অভিমানের পালা।

স্ল্যাটারের ভুলে বিয়ের আগেই কোহলির বউ হয়েছিলেন আনুশকা। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
স্ল্যাটারের ভুলে বিয়ের আগেই কোহলির বউ হয়েছিলেন আনুশকা। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

চাপের মুখে আনুশকা, রুখে দাঁড়ালেন বিরাট
ক্যারিয়ারে প্রথম ও সেই একবারই ফর্মহীনতায় ভুগেছিলেন কোহলি। কারণ হিসেবে অনেক উগ্রপন্থী সমর্থকই আনুশকাকে দায়ী করতে থাকেন। কোহলি ফর্ম ফিরে পেলেও মুক্তি পাননি এ অভিনেত্রী। সে সময় এসব সমর্থককে কঠোর সমালোচনা করেন কোহলি। তাতেই হয়তো ফের মন গলে আনুশকার। সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও একজন আরেকজনকে ‘ফলো’ করা শুরু করেন। এমনকি কোহলির ২৮তম জন্মদিনে যোগ দেন আনুশকা। সে জন্য তাঁকে অভ্যর্থনা জানাতে নিজেই বিমানবন্দরে গিয়েছিলেন কোহলি।

আবার একসঙ্গে দুজন। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
আবার একসঙ্গে দুজন। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ফের প্রেম...অতঃপর বিয়ে
এরপর থেকে প্রেমের ইনিংসে নিখুঁত এক ‘রান তাড়া’ করে আনুশকার মন জয় করেছেন কোহলি। মনীশ মালহোত্রার জন্মদিন হোক বা যুবরাজ সিংয়ের বিয়ে—সবখানেই আনুশকার হাত ধরে হাজির হয়েছেন ভারতীয় অধিনায়ক। এবারে তো আংটি পরিয়েই ছাড়লেন। বলিউডের প্রেমের ছবির মতো ‘সমাপ্তি’ টেনেছেন দুজন। কে বলে জীবনটা সিনেমা নয়? সূত্র: দ্য ডেকান ক্রনিকলস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।