এ শুধু ব্রডের দিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাফ ডু প্লেসির ফিরতি ক্যাচ দারুণভাবে লুফে নিলেন স্টুয়ার্ট ব্রড। কাল জোহানেসবার্গে l এএফপি
ফাফ ডু প্লেসির ফিরতি ক্যাচ দারুণভাবে লুফে নিলেন স্টুয়ার্ট ব্রড। কাল জোহানেসবার্গে l এএফপি

শেষ দিকে দ্রুত ৩ উইকেট পতনের পর সামান্য স্নায়ুচাপে পড়ে গিয়েছিলেন হয়তো। জয়সূচক রানের পর পরই তাই অ্যালিস্টার কুক মুষ্টিবদ্ধ হাত ছুড়লেন বাতাসে। দক্ষিণ আফ্রিকার মাটিতে এসে প্রথম সিরিজ জয়, ইংলিশ এই অধিনায়ক একটু বেশি উচ্ছ্বসিত হতেই পারেন! সেই ২০০৪-০৫ সালে মাইকেল ভনের পর তো কেউ আর এটা করতে পারেনি। জোহানেসবার্গ টেস্টে ৭ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড।
প্রাথমিক উচ্ছ্বাসটা কেটে যাওয়ার পর কুক নিশ্চয়ই বিশেষ একজনের কাছে ছুটে গেছেন—স্টুয়ার্ট ব্রড। গত এক বছরে ব্রড অনেকবারই ইংল্যান্ডকে শ্যাম্পেন-উৎসবের উপলক্ষ এনে দিয়েছেন। ট্রেন্ট ব্রিজে ৮ উইকেটের স্মৃতি অস্ট্রেলিয়া অনেক দিনই ভুলতে পারবে না। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ও মাই ব্রড’ হ্যাশট্যাগ তুমুল জনপ্রিয় হয়েছিল। সেটি আবারও কাল ফিরে এল মহাসমারোহে।
১২.১ ওভারে ১৭ রান দিয়ে ৬ উইকেট—এই বোলিং বিশ্লেষণ ঠিক পুরোপুরি বোঝাতে পারে না ব্রড কতটা ভয়ংকর ছিলেন। ১০ ওভারের প্রথম স্পেলে নিয়েছেন ৫ উইকেট। সব কটি উইকেটই ৩১ বলের মধ্যে, এই সময় মাত্র ১ রান দিয়েছেন! ওই ১ রানও আরেকটি উইকেট হয়ে যেতে পারত। স্টিয়ান ফন জিলের ক্যাচটা যে জেমস অ্যান্ডারসন দ্বিতীয় স্লিপে রাখতে পারেননি! গতি আর সুইংয়ের অবিশ্বাস্য এক প্রদর্শনীতে ওই সময় ব্রড অপ্রতিরোধ্যই হয়ে উঠেছিলেন।

শুরুটা ছিল ডিন এলগারের আউট দিয়ে। দক্ষিণ আফ্রিকার প্রথম পাঁচ ব্যাটসম্যানই এরপর ব্রডের শিকার। সবচেয়ে বেশি তৃপ্তিটা হয়তো পেয়েছেন দুর্দান্ত এক ইনসুইঙ্গারে এবি ডি ভিলিয়ার্সকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে। আমলার উইকেটের অর্ধেকটা অবশ্য জেমস টেলরের প্রাপ্য, শর্ট লেগের ক্যাচটা দারুণ বললে কম বলা হয়। পরে ফিনের বলে ডেন ভিলাসের আরেকটি অসাধারণ ক্যাচ নিয়েছেন টেলর। শুরুটা করেছিলেন এলগারকে দিয়ে, ব্রড শেষ করেন ডু প্লেসিকে আউট করে। দক্ষিণ আফ্রিকাকে ৮৩ রানে গুটিয়ে দেওয়ার ‘গৌরবময়’ মুহূর্তটি তাঁর হাত ধরে আসাটাই যেন ছিল নিয়তি।

আফ্রিকার শেষটা যদি ব্রডের হাতে হয়, তাহলে জয়টা জো রুটের হাত ধরে আসাই উচিত! মনে হচ্ছিল ইংল্যান্ড ১০ উইকেটেই জিতে যাবে। কিন্তু ৭৪ রান তাড়া করে হঠাৎই ৭ রানের মধ্যে হারিয়ে ফেলে ৩ উইকেট। তারপরও জয়টা আসলে সময়েরই ব্যাপার ছিল, সেটি আসে প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ানের ব্যাট থেকেই।

অথচ সকালে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালোই হয়েছিল। আগের দিনের সঙ্গে মাত্র ৪ রান যোগ করেই ফিরে যান জো রুট। রুটকে ফিরিয়ে শুরু, এরপর রাবাদা উদ্‌যাপন করেছেন আরও দুবার। ব্রডের পর বেয়ারস্টোকে ফিরিয়ে প্রথমবারের মতো টেস্টে তুলে নিয়েছেন ৫ উইকেট। কিন্তু কে জানত, দিন শেষে এই প্রাপ্তিটা শুধু সান্ত্বনাই হয়ে থাকবে!

ডি ভিলিয়ার্স যুগের শুরুটাও বোধ হয় এর চেয়ে খারাপ হতে পারত না। নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পুনরাভিষিক্ত হওয়ার পর নিজেদের মাঠে এর চেয়ে কম রানে কখনো অলআউট হয়নি দক্ষিণ আফ্রিকা। মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো নিশ্চিত হয়ে গেছে র‍্যাঙ্কিং থেকে অবনমনও। সিরিজ হারে নিশ্চিত হয়ে গেল, টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ থেকে তাদের নেমে যেতে হচ্ছে তিনে। পরের ম্যাচ হারলে চলে যাবে চারে। এই সুযোগে ভারত উঠে গেছে শীর্ষে, তাদের ঠিক পরেই আছে অস্ট্রেলিয়া। টেন ক্রিকেট।

দক্ষিণ আফ্রিকা: ৩১৩ ও ৩৩.১ ওভারে ৮৩ ( এলগার ১৫, ফন জিল ১১, আমলা ৫, ডি ভিলিয়ার্স ০, ডু প্লেসি ১৪, বাভুমা ০, ভিলাস ৮, মরিস ১, রাবাদা ১৬, ভিলিওন ৬, মরকেল ৪*; অ্যান্ডারসন ১/২৬, ব্রড ৬/১৭, স্টোকস ২/২৪, ফিন ১/১৪)।

ইংল্যান্ড: ৭৬.১ ওভারে ৩২৩ (রুট ১১০, স্টোকস ৫৮, বেয়ারস্টো ৪৫, মঈন ১৯, ব্রড ১২, ফিন ০, অ্যান্ডারসন ০*; মরিস ১/৭১, রাবাদা ৫/৭৮, মরকেল ৩/৭৬, ভিলিয়ন ১/৮৯, ফন জিল ০/৪ ) ও ২২.৪ ওভারে ৭৪/৩ (কুক ৭৩, হেলস ১৮, কম্পটন ০, রুট ৪*, টেলর ২*; মরকেল ০/৭, রাবাদা ০/২৮, ভিলিওন ০/১৫, মরিস ১/৮, এলগার ২/১০)।

ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী।

সিরিজ:  ৪ টেস্টের সিরিজ ৩ ম্যাচ শেষে ২-০ তে এগিয়ে ইংল্যান্ড।

ম্যান অব দ্য ম্যাচ: স্টুয়ার্ট ব্রড।