এই অস্ট্রেলিয়া কোন অস্ট্রেলিয়া?

এ কোন অস্ট্রেলিয়া?ছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে হারার পর কথাটা বলেছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েড। বলেছিলেন, ‘আমরা জানতাম, এমন কিছুই অপেক্ষা করছে।’ কাল টানা দ্বিতীয় হারের পর অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ময়জেস হেনরিকেসের উপলব্ধি, ‘এটা অস্ট্রেলিয়ার মতো পরিচিত কন্ডিশন নয়। তবে যদি আমরা মানিয়ে নিতে পারি, তাহলে আমার বিশ্বাস, আমরা এখনো সিরিজ জিততে পারি।’

বোঝাই যাচ্ছে, বাংলাদেশের কন্ডিশন নিয়ে সব জেনেবুঝে ‘হোমওয়ার্ক’ করে এসেও অস্ট্রেলিয়ার অঙ্ক মিলছে না। সেই অঙ্কটা ব্যাটিংয়ের। বাংলাদেশ সফরে কিসের মুখোমুখি হতে হয়, সফরকারী দলগুলোর তা জানা—স্পিনবান্ধব উইকেট ও স্পিনারদের আধিক্য। অস্ট্রেলিয়াও নিশ্চয়ই এর প্রস্তুতি নিয়ে এসেছে। প্রশ্নবোধক চিহ্নটা রাখতে হচ্ছে; কারণ, টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ শেষে ব্যাটিংয়ে যে সে প্রস্তুতির প্রতিফলন নেই! কোভিড-১৯ আতঙ্ক এবং অতি সাবধানতায় অস্ট্রেলিয়া ব্যাটিংটাই ভুলে গেল কি না, কে জানে!

করোনাকালে এই সফরে করোনা নিয়ে অস্ট্রেলীয়দের ভীতির মিলে গেছে স্পিন ভীতির সঙ্গে
ছবি: প্রথম আলো

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ম্যাচের উইকেট ছিল আলাদা। ধারাভাষ্য দিতে আসা শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার ফারভিজ মাহরুফের হিসাবে, প্রথম ম্যাচের উইকেট ছিল ইনিংসে গড়ে ১৬০ রানের। কালকের ম্যাচের উইকেট গড়ে ১৪০ রানের। কিন্তু ওয়েডের অস্ট্রেলিয়ার কাছ থেকে কী দেখা গেল? প্রথম ম্যাচে ১৩১ রান তাড়া করতে নেমে ১০৮ রানে অলআউট। পরের ম্যাচে আগে ব্যাট করে পুরো ২০ ওভার খেলে ৭ উইকেটে ১২১। কে বলবে এই অস্ট্রেলিয়া সেই অস্ট্রেলিয়া—শেষ বলের আগপর্যন্ত যারা হাল ছাড়ত না।

অথচ ওয়েডের এই অস্ট্রেলিয়া বেশ আগেই হাল ছেড়ে দিচ্ছে। কাল হারের পর অনলাইন সংবাদ সম্মেলনে ময়জেস হেনরিকেসের কথায়ও ফুটল তার প্রতিফলন, ‘ঘুরে দাঁড়ানোর পথ বের করতে হবে। এখানে মানিয়ে নিতে সময় লাগে। কাউকে শেষ পর্যন্ত থাকতেও হয়, আবার ১৪০-১৫০ করার জন্য ঝুঁকিও নিতে হয়।’

এমন অস্ট্রেলিয়াকে শেষ কবে দেখেছে কেউ
ছবি: প্রথম আলো

প্রথম ম্যাচে ৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৩ উইকেটে ১৩। কাল দ্বিতীয় ম্যাচে ৩ ওভার শেষে ১ উইকেটে ১৩। রানের গতি মন্থর হলেও উইকেট পুঁজি করে পরে গতি বাড়াতে পারেনি অস্ট্রেলিয়া। ১৪তম ওভার থেকে রানরেট গড়ে ৬ টপকেছে। মাঝে আবার নেমেও গেছে। পঞ্চাশোর্ধ্ব রানের জুটি মাত্র একটি। অথচ রান তাড়ার চাপ ছিল না, আগের ম্যাচের তুলনায় ভালো শুরুকে পুঁজি করে রানের গতি বাড়াতে পারেনি অস্ট্রেলিয়া।

মিচেল স্টার্কের ছক্কা মারার সামর্থ্য বিবেচনায় নিলে ওয়েডের অস্ট্রেলিয়া দলে ব্যাটসম্যানের সংখ্যা ৮ জন। না হয় বোঝা গেল, বাংলাদেশের স্পিন খেলতে তাদের সমস্যা হচ্ছে। কিন্তু সমস্যা থেকে উত্তরণে অস্ট্রেলিয়ার চেষ্টা সেভাবে চোখে পড়েনি। প্রথম ম্যাচে ৫৬টি ‘ডট’ দিয়েছে অস্ট্রেলিয়া। কাল অবশ্য ডট দিয়েছে তার চেয়ে ৬টি বল কম (৫০)।

কিন্তু তাতে লাভ হলো কতটুকু! যে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা টি-টোয়েন্টিতে প্রথম বল থেকেই কেউটের মতো ছোবল মারতে অভ্যস্ত, তাঁদেরই এবার মনে হচ্ছে ঢোঁড়া! কন্ডিশন, প্রতিপক্ষের শক্তির জায়গা—এসব জেনেবুঝেও সময়মতো সাঁড়াশি আক্রমণ চালাতে না পারলে তাই তো মনে হওয়ার কথা। টি-টোয়েন্টি কম সময়ে বেশি রান তোলার খেলা। অথচ অস্ট্রেলীয়দের দেখা যাচ্ছে বেশি সময় উইকেটে পড়ে থেকে কম রান তুলতে।

এই অস্ট্রেলিয়াকে কে কবে দেখেছে!