এই আইপিএলে আর খেলবেন না ওয়ার্নার?
গতকাল সানরাইজার্স হায়দরাবাদের একাদশ ঘোষণার পরই হইচই পড়ে গিয়েছিল। রাজস্থান রয়্যালসের বিপক্ষে কাল হায়দরাবাদ দলে জায়গা হয়নি ডেভিড ওয়ার্নারের। ২০২১ মৌসুমে এ নিয়ে দ্বিতীয়বারের মতো একাদশ থেকে বাদ পড়েছেন ওয়ার্নার। অধিনায়ক হিসেবে আইপিএল শুরু করা একজন ক্রিকেটারের দলে এভাবে গুরুত্ব হারিয়ে ফেলাটা বিস্ময় জাগাতে বাধ্য।
ম্যাচ চলাকালীন সময়েই আরও বড় আলোচনার জন্ম দিয়েছেন ওয়ার্নার। একাদশ থেকে বাদ পড়ে আর দলের সঙ্গে মাঠে আসেননি। হোটেল থেকেই খেলা দেখেছেন। এবং এক সমর্থকের প্রশ্নের মুখে ইঙ্গিত দিয়েছেন, এই আইপিএলে তাঁকে আর নাও দেখা যেতে পারে।
এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ খুব বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছে। ১০ ম্যাচে মাত্র দুই জয় তাদের। গতকালের ম্যাচের আগে মরিয়া হায়দরাবাদ একাদশে চারটি বদল এনেছিল। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে ওয়ার্নারের বদলে জেসন রয়ের সুযোগ পাওয়া।
ওয়ার্নার তাঁর আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় কাটাচ্ছেন এবার। গত ছয় মৌসুমেই ৫০০-এর বেশি রান করেছেন ওয়ার্নার, সেটাও অন্তত ১৩৫-এর ওপর স্ট্রাইকরেটে। ২০১৬ সালে দলকে আইপিএল জেতানোর পথে দেড় শর ওপর স্ট্রাইকরেটে ৮৪৮ রান করেছিলেন। ফ্র্যাঞ্চাইজিটির সমর্থকদের চোখের মণি হয়ে ওঠা একজনের এভাবে বাদ পড়া অনেকেই মেনে নিতে পারেননি। তাই অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ওয়ার্নার কেন নেই-এ প্রশ্ন রেখেছেন। অনেকেই তাঁকে সান্ত্বনাও দিয়েছেন।
এক সমর্থক ইনস্টাগ্রামে জিজ্ঞেস করেছিলেন, ‘ওয়ার্নার কি স্টেডিয়ামে আছেন? তাঁকে কোথাও দেখলাম না!!’ এর জবাবে অনেকেই বিভিন্ন প্রশ্ন রাখতে শুরু করেন। একজনের প্রশ্নের জবাবে ওয়ার্নার নিজেই লিখেছেন, ‘চিন্তা নেই আমরা জিতব।’ আরেক সমর্থককে সান্ত্বনা দিয়েছেন, ‘এটা কোনো সমস্যা না, দলকে সমর্থন করুন।’
এর মাঝেই আরেক সমর্থক বেশ আবেগী হয়ে পড়েছিলেন, ‘ডেভিইই. . আমি কাঁদছি। একটু বিশ্রাম নিয়ে আরও দুর্দান্তভাবে ফিরে আসুন।’ জবাবে ওয়ার্নার যা বলেছেন, সেটাই চমক জাগিয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে, আর কখনো সেটা হবে না কিন্তু দয়া করে সমর্থন দিয়ে যান।’
ওয়ার্নারের কথায় স্পষ্ট এ মৌসুমে তাঁকে আর হায়দরাবাদে দেখা যাবে না। কিন্তু ‘আর কখনো না’ বলে ওয়ার্নার আসলে কী বোঝাতে চাইছেন, সেটা নিয়েই আলোচনা। তার মানে কি, আগামী মৌসুমেও তাঁকে আর দেখা যাবে না? এমনিতেই আগামী আইপিএলে আবার বড় নিলাম হতে যাচ্ছে। বহু তারকা ক্রিকেটারই বহুদিন পর আবার নিলামে উঠবেন। ওয়ার্নার কি ইঙ্গিতে বলে দিচ্ছেন, আগামী বছর তাঁকে ধরে রাখবে না হায়দরাবাদ? অনেক বিশ্লেষক সে মতই দিচ্ছেন।
আইপিএল ক্যারিয়ারে ৫ হাজার ৪৪৯ রান করেছেন ওয়ার্নার। সেটাও প্রায় ১৪০ স্ট্রাইকরেটে। খুব কম ব্যাটার এভাবে উচ্চ স্ট্রাইকরেটে ধারাবাহিকভাবে রান করতে পারেন। কিন্তু এই প্রথমবার ওয়ার্নারকে ওয়ার্নার মনে হচ্ছে না। ৮ ম্যাচে ১৯৫ রান করেছেন। সেটাও মাত্র ১০৭.৭৩ স্ট্রাইকরেটে। করোনার কারণে বন্ধ হয়ে যাওয়ার আগেই অধিনায়কত্ব হারিয়েছেন, দল থেকে বাদ পড়েছিলেন। বিরতির পর আবার আইপিএল শুরু হয়েছে। তাঁকেও দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু ২ ম্যাচে মাত্র ২ রান করায় আর ধৈর্য রাখতে পারেনি হায়দরাবাদ।
ওদিকে তাঁর বদলে নেমে জেসন রয় কাল দলকে জিতিয়েছেন। ১৬৫ রানের লক্ষ্যে নেমে রয় ৪২ বলে ৬০ রান করেছেন। আর তাতেই মৌসুমের দ্বিতীয় জয় পেয়েছে হায়দরাবাদ।