এই কোহলিকে আকরামেরও ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত ফর্মে থাকা কোহলিকে বল করতে হলে চিন্তিত হতেন ওয়াসিম আকরামও!
দুর্দান্ত ফর্মে থাকা কোহলিকে বল করতে হলে চিন্তিত হতেন ওয়াসিম আকরামও!

বিরাট কোহলি না এবি ডি ভিলিয়ার্স? এ প্রশ্নের উত্তর গত মঙ্গলবারই দিয়ে দিয়েছেন কোহলি। তাঁর চোখে বর্তমানে সেরা ব্যাটসম্যান ডি ভিলিয়ার্সই। তবে ওয়াসিম আকরামের কথায় কিন্তু মিলছে অন্য সুর। এই কিংবদন্তির ভাষায়, কোহলিকে বোলিং করতে হলে দুশ্চিন্তায় পড়তেন তিনিও!

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) জেতার স্বপ্ন দেখছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার সম্ভাবনা কাটিয়ে সবার আগে ফাইনালে চলে গেছে তারাই। এর পেছনে কোহলির অবদানই সবচেয়ে বেশি। আইপিএলের এ আসরে ৮৩.৫৪ গড়ে ৯১৯ রান করেছেন কোহলি। ১৫ ইনিংসের ৪ টিতেই সেঞ্চুরি, ৬টি ফিফটি। কী দূর্দান্ত ফর্ম! ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে আকরামের কণ্ঠে তাই ছুটল কোহলির প্রশস্তিগাথা, ‘নিজের ওপর বিশ্বাস, ক্ষমতা ও তার টেকনিক সবই অসাধারণ। সে রিভার্স শট কিংবা স্কুপ খেলে না, সে সব সময় ক্রিকেটীয় শট খেলেই রান করে। সোজা ব্যাটে খেলে বলেই সে এতটা ধারাবাহিক। বোলার হিসেবে তার মুখোমুখি হতে হলে আমি চিন্তায় পড়ে যেতাম। তার ব্যাটিং দেখাটা তৃপ্তিকর।’

নিজের ক্যারিয়ারে এ রকম শুধু একজনকেই পেয়েছেন আকরাম—কোহলিরই পূর্বসূরি শচীন টেন্ডুলকার। আকরামের ভাষায়, ‘বর্তমানের কোহলি অনেকটা ওয়ানডেতে ওপেনিংয়ে নামা টেন্ডুলকারের মতো। টেন্ডুলকারকেও বোলিং করা কঠিন ছিল, কারণ ব্যাটসম্যান হিসেবে টেন্ডুলকার বা কোহলি আউট করার সুযোগই দেয় না।’ সূত্র: জি নিউজ।