এই জুটিই শেষ নয় সাকিব-মুশির!

বৃষ্টি নেই, মেঘ কেটে গিয়ে ওয়েলিংটনের আকাশে ছিল উজ্জ্বল রোদ। রোদেলা সকালেও বাংলাদেশের ড্রেসিংরুমে বিষাদের ছায়া ফেলেছিল মুমিনুল হকের দ্রুত বিদায়। তখন কে জানত, দিন শেষে সেই ড্রেসিংরুমই আলোকিত হবে উজ্জ্বল হাসিতে! বেলা শেষে বাংলাদেশ যে হাসতে পারল তা সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের রেকর্ড গড়া জুটির কল্যাণেই।
ট্রেন্ট বোল্টের বলে বিজে ওয়াটলিংয়ের গ্লাভসে ক্যাচ দিয়ে ১৫৯ রান করে ফেরেন মুশফিক। ৩৫৯ রানের পঞ্চম উইকেট জুটিটি ভাঙে এতেই। ততক্ষণে ইতিহাস হয়ে গেছেন বাংলাদেশ দলের পোড় খাওয়া দুই যোদ্ধা সাকিব ও মুশফিক। বাংলাদেশের পক্ষে যেকোনো উইকেটে এটিই এখন সর্বোচ্চ রানের জুটি। ২০১৫ সালে খুলনা টেস্টে তামিম-ইমরুলের গড়া ৩১২ রানের জুটির রেকর্ড ভেঙেছেন তাঁরা। প্রায় ১৪০ বছরের টেস্ট ইতিহাসে পঞ্চম উইকেটে চতুর্থ সর্বোচ্চ জুটিও হয়ে গেছে এটি।
এখানেই শেষ নয়। নিউজিল্যান্ডের মাঠে এটি সফরকারী দলগুলোর যেকোনো উইকেট জুটিতে নতুন রেকর্ডও। সাকিব-মুশফিক ভাঙলেন ৪৪ বছরের পুরোনো রেকর্ড। ১৯৭৩ সালে ডানেডিন টেস্টে চতুর্থ উইকেটে ৩৫০ রান যোগ করেছিলেন পাকিস্তানের আসিফ ইকবাল ও মুশতাক মোহাম্মদ। সেটিই ছিল নিউজিল্যান্ডে ভিনদেশি দলগুলোর সর্বোচ্চ জুটি।
মহাকাব্যিক এই জুটির রসায়ন কী? শুনুন বাংলাদেশ অধিনায়ক মুশফিকের কণ্ঠেই, ‘রসায়ন তো অবশ্যই একটা আছে। ও সাধারণত আক্রমণাত্মক খেলতে খুব পছন্দ করে। আমি ব্যক্তিগতভাবে ওর সঙ্গে ব্যাটিং করতে পছন্দ করি। এমনিতেই যারা আক্রমণাত্মক খেলে তাদের সঙ্গে ব্যাট করতে ভালো লাগে আমার। ওর সঙ্গে তো অবশ্যই।’
বাংলাদেশের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১২৫ ইনিংসে জুটি বেঁধেছেন সাকিব-মুশফিক। এর মধ্যে আটবার ১০০ বা তার বেশি রানের জুটি গড়েছেন। ৫০ বা তার বেশি রানের জুটি আছে ২৭টি। বাংলাদেশের হয়ে জুটিতে সর্বোচ্চ ৪ হাজার ৬ শ রানও সাকিব-মুশফিকেরই। নিজেদের জুটির কথা বলতে গিয়ে মুশফিক যেন একটু স্মৃতিকাতরও হয়ে পড়লেন, ‘অনেক দিন ধরেই আমরা এক সঙ্গে খেলছি, অনূর্ধ্ব-১৯ থেকে। সেদিক থেকে বলব ওর সঙ্গে ব্যাটিং করতে অনেক ভালো লাগে। আশা করব, ভবিষ্যতেও বাংলাদেশকে এমন কিছু পার্টনারশিপ দিতে পারব।’
পরিসংখ্যানে এটা তো অবশ্যই বাংলাদেশের সেরা জুটি। কিন্তু বাংলাদেশের টেস্ট ইতিহাসে এই জুটিকে কোথায় রাখতে চান মুশফিক? তাঁর কাছেও এটাই সেরা, ‘এটা ভুললে অবশ্য চলবে না যে এখনো ম্যাচের তিন দিন বাকি আছে। ফল যে কোনো কিছুই হতে পারে। ফলটা আমাদের পক্ষে গেলে আরও ভালো লাগবে। তবে আমার কাছে মনে হয় টেস্টে এটা এখন পর্যন্ত বাংলাদেশের সেরা জুটি।’