
টি-টোয়েন্টি থেকে বিদায়বেলায় দুহাত ভরেই উপহার পেয়েছিলেন মাহেলা জয়াবর্ধনে। গত এপ্রিলে ঢাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই সাবেক অধিনায়ককে বিদায়ী উপহার দিয়েছিলেন তাঁর সতীর্থরা। টেস্ট থেকেও আগাম বিদায়ের ঘোষণা দেওয়া জয়াবর্ধনের শেষের শুরুও হয়ে যাচ্ছে আজ। প্রিয় ভেন্যু সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে শেষ টেস্টটা আয়োজন করেই শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সম্মান জানিয়েছে। এবার সম্মান জানানোর পালা সতীর্থদের। দ্বিতীয় টেস্টটা জিতেই জয়াবর্ধনের ১৭ বছরের টেস্ট ক্যারিয়ারকে সম্মান জানাতে চান ম্যাথুস-সাঙ্গাকারারা।
জিতলেই ২-০ তে ধবলধোলাই পাকিস্তান। লঙ্কানদের অনুপ্রেরণা হতে যথেষ্ট ছিল এটাই। জয়াবর্ধনের বিদায়ী টেস্ট সেই প্রেরণাটাকেই বাড়িয়ে দিয়েছে বহু গুণ। শ্রীলঙ্কান ড্রেসিংরুমটা এখন আবেগেও থরথর। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস কাল মুখপাত্র হলেন পুরো দলেরই, ‘আমাদের প্রত্যেকের জন্যই এটা খুব আবেগপূর্ণ মুহূর্ত। শুধু শব্দ চয়ন করে তাঁর অবদানের সুবিচার করতে পারব না। আমরা সবচেয়ে ভালো যেটা করতে পারি, তা হলো এই ম্যাচে ভালো খেলা ও মাহেলার জন্য জেতা। তাঁর জন্য এটাই সবচেয়ে ভালো বিদায়ী উপহার হবে।’
টি-টোয়েন্টির পর এবার টেস্ট থেকেও বিদায়। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ কয়েকটা মাস শুধু ওয়ানডেই খেলবেন জয়াবর্ধনে। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার ৫০ ওভারের ক্রিকেট থেকেও বিদায় নেবেন ২০১৫ বিশ্বকাপটা খেলে।
সিরিজের দ্বিতীয় টেস্টটি হওয়ার কথা ছিল কলম্বোরই পি সারাভানামুত্তু স্টেডিয়ামে। জয়াবর্ধনে অবসরের ঘোষণা দেওয়ার পর সেটি সরিয়ে আনা হয় সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে। যেটি জয়াবর্ধনের নিজের ক্লাব, যে মাঠে ২৬ টেস্টে তাঁর ২৮৬৩ রান কোনো একটি নির্দিষ্ট ভেন্যুতে সবচেয়ে বেশি রানের বিশ্বরেকর্ড। রেকর্ড তাঁর ১১টি টেস্ট সেঞ্চুরিও। এখানেই ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারসেরা ৩৭৪ রানের ইনিংসটি খেলেছিলেন। গত মাসেই এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৬৫ রানের ঝলমলে এক ইনিংস খেলে প্রমাণ করেছেন, ইচ্ছে করলেই আরও অনেক দিন চালিয়ে যেতে পারতেন পাঁচ দিনের ক্রিকেটও।
বিদায় নিচ্ছেন বহু লড়াইয়ের পুরোনো সৈনিক। একটু হলেও নড়ে যাওয়া কথা লঙ্কানদের মনোযোগ। এই ভয় তাড়াতেই ম্যাথুস বলছেন, ‘যখন খেলতে নামবেন, সব সময় জিততেই চাইবেন। আশপাশে যাই হোক না কেন আমাদের দৃষ্টিভঙ্গি এটাই। আমরা মনোযোগ ধরে রাখতে চাই ও মাহেলার জন্য খেলতে চাই।’
প্রথম চার দিনে মাত্র ২০ উইকেট পড়ার পরও গল টেস্টে পাকিস্তানের হারাটা চমকই ছিল। রঙ্গনা হেরাথের ঘূর্ণিবলে জেরবার হয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮০ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। মনোবল ভাঙা ওই হারের পর খাঁড়ার ঘা হয়ে এসেছে অফ স্পিনার সাঈদ আজমলের বিরুদ্ধে চাকিংয়ের অভিযোগ। সেই টেস্টকে ভুলে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক তাই সামনে তাকাতে চান, ‘গলে কী হয়েছে সেটা ভুলে যেতে হবে, মনোযোগ দিতে হবে সামনের ম্যাচে। আমরা আগেও এটা করেছি। ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে।’
মিসবাহর ইঙ্গিত গত জানুয়ারি আমিরাতে পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের দিকে। শারজায় শেষ টেস্টটা নাটকীয়ভাবে জিতেই তিন ম্যাচের সিরিজে সমতা এনেছিল পাকিস্তান। এএফপি, ক্রিকইনফো।