এই তাসকিনকেই খুঁজছিল চিটাগং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছন্দে ফিরেছেন তাসকিন। ছবি: প্রথম আলো
ছন্দে ফিরেছেন তাসকিন। ছবি: প্রথম আলো

সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুমে ফেরার সময় আম্পায়ারের কাছ থেকে বলটা চেয়ে নিলেন তাসকিন আহমেদ। রাজশাহী কিংসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন, ৩১ রানে পেয়েছেন ৫ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো ৫ উইকেট পাওয়ার স্মারকটা সযত্নে তিনি রাখতেই পারেন। 

যেকোনো ধরনের টি-টোয়েন্টিতে তাসকিনের আগের সেরা বোলিং ৩১ রানে ৪ উইকেট, ২০১৩ বিপিএলের শেষ চারে চিটাগং কিংসের হয়ে দুরন্ত রাজশাহীর বিপক্ষে পেয়েছিলেন। দল, প্রতিপক্ষ ও রানে দারুণ মিল। অমিল বলতে এবার একটা উইকেট বেশি পেয়েছেন। ৫ উইকেটের চেয়ে চিটাগং পেসারের বড় স্বস্তি, ছন্দে ফিরেছেন বিপিএলে।
প্রথম তিনটি ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন তাসকিন, উইকেট মাত্র ৩ টি। পরের দুটি ম্যাচে তো একাদশেই ঠাঁই মেলেনি। তাসকিনের মতো বিবর্ণ চিটাগংয়ের পারফরম্যান্সও। টানা চার ম্যাচে হারের পর অবশেষে তামিম ইকবালের দল জয়ধারায় ফিরেছে, আর তাতে তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
যদিও আজ প্রথম দুই ওভারে খুব একটা ভালো করতে পারেননি তাসকিন। ২ উইকেটে পেয়েছেন ঠিকই তবে দিয়েছেন ২২ রান। আসল তাসকিনের দেখা গেছে ১৮ তম ওভারে। রাজশাহীর প্রয়োজন ১৮ বলে ৪০ রান। ওভারের চতুর্থ ও পঞ্চম বলে তুলে নিলেন মিলিন্দা সিরিবর্ধনা ও মেহেদী হাসান মিরাজের উইকেট। শেষ বলটায় যদিও পূর্ণ হয়নি হ্যাটট্রিকের সুযোগ। তাঁর তৃতীয় ওভারে রাজশাহী নিতে পারে মাত্র ৩ রান। শেষ ওভারে ফরহাদ রাজাকে আউট করে হয়ে যায় ৫ উইকেট। এরপরই তাসকিনের মুখে প্রাণখোলা হাসি আর চেনা সেই উদ্‌যাপন—দুই হাত মেলে ছোটা।
তাসকিন নিশ্চয়ই বিপিএলের বাকি পথটা ছুটতে চাইবেন এভাবেই।