এই তাহলে ডি ভিলিয়ার্স!
সকালে নাশতা করতে গিয়ে এক ছবিশিকারি হোটেলকর্মীর পাল্লায় পড়ে গেলেন এবি ডি ভিলিয়ার্স। প্রথমে বিভিন্ন অ্যাঙ্গেলে কয়েকটা সেলফি। এই পর্ব শেষে আরেকজনের হাতে মোবাইল ফোন ধরিয়ে দিয়ে নানা ভঙ্গিতে আরও বেশ কয়েকটি ছবি। ভদ্রমহিলার তবু মন ভরল না। সব শেষে গল্প জুড়ে দেওয়ার চেষ্টা, ‘এবি, আমি যে তোমার কত বড় ভক্ত...।’
ভক্তের কাছ থেকে ছুটে বুফে থেকে নাশতা নিতে গেলেন এবি ডি ভিলিয়ার্স। এটা একটা দেখার মতো বিষয় হবে নিশ্চয়ই। এবি ডি ভিলিয়ার্স কী খান, প্রশ্নটা যে বহুদিন থেকেই মাথায় ঘুরছে! কিন্তু এবির নাশতার মেন্যু দেখে অবাক হতে হলো। এই খেয়ে অমন গা-জোয়ারি ব্যাটিং কী করে করেন তিনি!
দুই-তিন পদের মাংস, সামুদ্রিক মাছ, মাশরুমসহ কয়েক পদের সবজি, তিন পদের ডিম, রুটি, মাখন, জেলি, পনির, নানা রকম ফল, ফলের জুস, দুধ, কর্ন ফ্লেকস, মাফিন, রুটিসহ আরও কত কী যে সারি করে সাজানো বুফের টেবিলে! এবি বলতে গেলে তার কিছুই খেলেন না। প্রথমে নিলেন দুই-তিন চামচ পনির কুচি। তাতেই প্লেট মোটামুটি ভর্তি। এরপর দুটো হাফ বয়েল ডিম। বুফের দীর্ঘ সারিতে অনেক খুঁজে আর একটা জিনিসই নেওয়ার মতো দেখলেন—ফ্রুট সালাদ। এই নিয়েই বসে পড়লেন একটা টেবিলে। অনেক সময় নিয়ে নাশতা সারলেন। মাঝে মাঝে ধোঁয়া ওঠা কফির পেয়ালায় চুমুক, মোবাইলে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারা।
পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ দুই দলই আছে পুকে স্পোর্টস ভিলেজে, যেখান থেকে সেনওয়েস পার্কে হেঁটে যেতে সময় লাগে এক মিনিটেরও কম। মাঠে নেমে আগেই সেখানে চলে আসা দলের অন্যদের সঙ্গে মিনিট দশেক ফুটবল খেললেন এবি। হাশিম আমলা, জেপি ডুমিনিরা এরপর মাঝ উইকেটে গিয়ে ছুড়ে মারা বলে ছক্কা হাঁকানোর অনুশীলনে ব্যস্ত হলেন। এবি উঠে গেলেন ড্রেসিংরুমে।
মিনিট দশেক পর প্যাড, গ্লাভস পরে আবার মাঠে। এবার গন্তব্য অনুশীলনের নেটের দিকে। সঙ্গে দলের এক সহকারী। সাইড আর্ম থ্রোয়ারের ডেলিভারিতে কিছুক্ষণ ব্যাট করে এবি চলে এলেন পাশের নেটে। সেখানে অপেক্ষায় ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। ব্যাটিংয়ের আসল অনুশীলনটা শুরু হলো এতক্ষণে।

ম্যাকেঞ্জির সঙ্গে নেটে ঘণ্টা খানেকের মতো সময় কাটল এবি ডি ভিলিয়ার্সের। তবে ছক্কার অনুশীলন দেখাই গেল না। সেটা হয়তো ম্যাচেই মারবেন বলে ঠিক করে রেখেছেন। অনুশীলনে ম্যাকেঞ্জির করা বেশির ভাগ থ্রোতেই এবি ড্রাইভ খেললেন। কখনো অফ স্টাম্পের বাইরে, কখনো লেগ বা মিডল স্টাম্প বরাবর বল ছুড়ছিলেন ম্যাকেঞ্জি। কোনো একটা বল খেলতে সমস্যা হলে দুজন মাঝ উইকেটে এসে কথা বলে নিচ্ছেন। অফ স্টাম্পের বাইরের একটু উঠে আসা বলে এবির কী সমস্যা হচ্ছে, সেটা হাত দিয়ে শূন্যে বিভিন্ন জায়গায় বল রেখে দেখালেন ব্যাটিং কোচ। একটা থ্রোতে ঠিকভাবে খেলতে না পেরে এবি বললেন, ‘ঠিক এ রকমই একটা বলে গত ম্যাচে আউট হয়েছি। এ রকম আরও কয়েকটা দাও।’
একবার স্কুপ খেলতে গিয়ে বল ঠিকভাবে ব্যাটে লাগাতে পারলেন না। কয়েকবার শ্যাডো করে বোঝার চেষ্টা করলেন গোলমালটা আসলে কোথায় হচ্ছে। ততক্ষণে ম্যাকেঞ্জি বোলিং প্রান্ত থেকে এবির কাছে চলে এসেছেন। ফুটওয়ার্কটা একটু বদলে নিতে বললেন ব্যাটিং কোচ। এরপর ওভাবে ওই শটটাই চার-পাঁচবার খেলে চেষ্টা করলেন ভুল শোধরাতে। দক্ষিণ আফ্রিকার নেট অনুশীলনে ম্যাকেঞ্জি কাল প্রায় পুরোটা সময়ই দিলেন এবিকে।
নেটে লম্বা ব্যাটিং প্র্যাকটিস শেষে ব্যাটসম্যানরা একটু বিশ্রাম নেন। কিন্তু এবি দেখা গেল উল্টো। পনির, ডিম আর ফলের শক্তি যেন শেষই হচ্ছিল না! প্যাড, গ্লাভস খুলে সঙ্গে সঙ্গেই নেটে ফিরে এসে নিজেই হাতে তুলে নিলেন একটা সাইড আর্ম থ্রোয়ার। সব নেটে ঘুরে ঘুরে ব্যাটসম্যানদের থ্রো করতে লাগলেন। একপর্যায়ে থ্রোয়ার রেখে বল ছুড়তে লাগলেন খালি হাতে। হঠাৎ চোখ পড়ল টেন্টের নিচে বসে থাকা হাশিম আমলার ওপর। অনুশীলনে এসে কারও বসে থাকাটা বোধ হয় পছন্দ নয় এবির। আমলাকে ডাক দিয়ে বললেন, ‘হাই হ্যাশ, ব্যাটিং করবে না?’
প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা নেট প্র্যাকটিসে একবারও বিশ্রাম নিতে দেখা যায়নি এবিকে। ক্লান্ত হলে তো বিশ্রাম নেবেন! সারাক্ষণই চনমনে ভাব, প্রতিমুহূর্তেই কিছু না কিছু করছেন। মাঠ ছাড়ার সময় আবারও আটকা পড়লেন ভক্তদের জটলায়। এবার একটা শিশু-কিশোরের দল। ক্লান্তি নেই তাদের সঙ্গে ছবি তোলা আর অটোগ্রাফের আবদার মেটাতেও। মুখে যে হাসিটা নিয়ে নেট অনুশীলনে এসেছিলেন, ফিরেও গেলেন সেই হাসিটা ধরে রেখেই।