এই দলই ফ্লেমিংয়ের সেরা
১৯৯৯, ২০০৩, ২০০৭—তিনটি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন তিনি, প্রতিবারই কিউইরা গেছে সেমিফাইনালে। সেই স্টিভেন ফ্লেমিং ব্রেন্ডন ম্যাককালামের দলকে বলছেন নিউজিল্যান্ডের এযাবৎকালের সেরা। বর্তমান দলের খেলার ধরনটাই মনে ধরেছে নিউজিল্যান্ডকে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কের, ‘তারা যে ধরনের ক্রিকেট খেলছে, তাতে আমরা গর্বিত হতেই পারি। আমার মনে হয় না আর কোনো নিউজিল্যান্ড দল এত পরিপূর্ণ ও চমৎকার ক্রিকেট খেলেছে।’ অসাধারণ কিছু খেলোয়াড়ের সঙ্গে আক্রমণাত্মক একজন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে পেয়েছে কিউইরা। উত্তরসূরি অধিনায়কে মুগ্ধ ফ্লেমিং, ‘অধিনায়কত্বে তার উন্নতি অসাধারণ। চমৎকার প্রতিভাধর কিছু খেলোয়াড়ের সঙ্গে ম্যাককালামের মতো আক্রমণাত্মক অধিনায়কের সমন্বয়টাও হয়েছে দারুণ।’ ম্যাককালামের দলের কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে নিউজিল্যান্ড ক্রিকেটের আবেদন বাড়বে বলেও ধারণা তাঁর, ‘সব সময় মাঠভর্তি দর্শক হয়তো আমরা আনতে পারব না। আমাদের সময়টাও টিভি স্বত্বের জন্য ঠিক আকর্ষণীয় নয়। আমাদের দলও আগে এত ধারাবাহিকভাবে ভালো খেলত না। আমরা সেটা মেনেও নিয়েছিলাম। তবে আমরা আগামী চার-পাঁচ বছরের জন্য অসাধারণ একটা দল পেতে যাচ্ছি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেললেই দেখবেন ইংল্যান্ডের দুই টেস্টের সিরিজ তিন বা চার ম্যাচের হয়ে গেছে। অস্ট্রেলিয়া বা ভারতেও তাই হবে।’ এএফপি।