এই দিনেই সেই কলঙ্ক!

হ্যাঁ, কলঙ্কই তো! ৩৫ বছর আগে এই দিনেই গ্রেগ চ্যাপেলের নির্দেশে তাঁর ট্রেভর চ্যাপেল যা করেছিলেন, তা শুধু ক্রিকেটের গায়ে কালিমাই লেপে দেয়নি, বদলে দিয়েছিল খেলাটির ইতিহাসও। ওই ঘটনার পরই তো ক্রিকেটের চেতনা ঊর্ধ্বে তুলে ধরতে বদলাতে হয়েছিল নিয়মও।
খেলোয়াড়ি জীবন শেষে গ্রেগ চ্যাপেল ধারাভাষ্যকার হয়েছেন, ভারতের কোচ ছিলেন। ট্রেভর চ্যাপেলও বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই দুজন যেখানেই গেছেন এ বিতর্ক পিছু ছাড়েনি তাঁদের। হয়তো ছাড়বেও না কোনো দিন। আসলে কী হয়েছিল সেদিন?
১ ফেব্রুয়ারি, ১৯৮১, মেলবোর্ন। বেনসন অ্যান্ড হেজেস সিরিজের তৃতীয় ফাইনাল ছিল সেটা। আগের দুটি ফাইনালের প্রথমটি জিতেছিল নিউজিল্যান্ড, দ্বিতীয়টি অস্ট্রেলিয়া। সেদিন অস্ট্রেলিয়ার ২৩৫ তাড়া করতে নেমে ৪৯.৫ ওভারে নিউজিল্যান্ডের রান ৮ উইকেটে ২২৯। শেষ বলে ছক্কা হলে ম্যাচ টাই হবে। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে একটা ‘চাতুর্যে’র আশ্রয় নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক গ্রেগ চ্যাপেল। ছোট ভাই ট্রেভর চ্যাপেলকে ডেকে বললেন বলটা ‘আন্ডারআর্ম—’ মানে বলটা গড়িয়ে-গড়িয়ে করতে!
বড় ভাইয়ের নির্দেশ অক্ষরে-অক্ষরে পালন করলেন বাংলাদেশ দলের সাবেক কোচ ট্রেভর, গড়িয়ে বল করলেন কিউই ব্যাটসম্যান ব্রায়ান ম্যাকক্যাকনির দিকে। গড়িয়ে আসা সেই বলে কোনো রান নেওয়ার সুযোগই ছিল না ব্রায়ান ম্যাকক্যাকনির। কোনোরকমে বলটা ঠেকিয়ে রাগে-দুঃখে-হতাশায় ব্যাট ছুড়ে মারেন ম্যাকক্যাকনি।
পরদিন পত্রিকার কলামে বড় ভাই ইয়ান চ্যাপেল সমালোচনা করলেন গ্রেগের, ‘গ্রেগ, মাত্র ৩৫ হাজার ডলার প্রাইজমানির জন্য তুমি আর কত সম্মান বিসর্জন দেবে?’ তখনকার নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী রবার্ট মুলডুন বললেন, ‘এই কাপুরুষোচিত দৃষ্টান্ত ক্রিকেটে আর নেই। এ কারণেই হলুদ জার্সিটা অস্ট্রেলিয়ানদের মানায়।’ অকল্যান্ডে টি-শার্ট বিক্রি হলো দেদার। যাতে লেখা ছিল, ‘অজি হ্যাজ অ্যান আন্ডার আর্ম প্রবলেম।’ কিউই ব্যাটসম্যান ম্যাকক্যাকনি বললেন, ‘আমার মতো ব্যাটসম্যানের ওই বলে ছক্কা মারার সম্ভাবনা ছিল হাজারে এক ভাগ। অথচ কী কাপুরুষোচিত কাজটাই না করল অস্ট্রেলিয়ানরা!’
ক্রিকেটে আন্ডারআর্ম বল চিরতরে নিষিদ্ধ হলো ওই ম্যাচের পর। কিন্তু কলঙ্কটা লেগে থাকল গ্রেগ আর তাঁর ভাই ট্রেভরের গায়ে!