এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁরা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের ৫টি আসরেই ছিলেন দুই মরকেল ভাই-অ্যালবি ও মরনে-ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের ৫টি আসরেই ছিলেন দুই মরকেল ভাই-অ্যালবি ও মরনে-ফাইল ছবি

ঘণ্টা বাজছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। তা কোথায় আলাদা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ? খুঁজলে হয়তো অনেক কিছুই পাওয়া যাবে। তবে আগের পাঁচটি টুর্নামেন্টের সঙ্গে একটা পার্থক্য এখনই বলে দেওয়া যাচ্ছে। এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে মরকেল ভাইয়েরা থাকবেন না।

আগামী মাসে ভারতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা দলে জায়গা হয়নি অ্যালবি ও মরনে মরকেলের কারোরই। এর আগের পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছেন দুই ভাই-ই। ওয়ানডে বিশ্বকাপে অ্যালবির খেলা হয়নি, তবে মরনে খেলেছেন ২০১১ ও ২০১৫ বিশ্বকাপেও। সব মিলিয়ে তাই ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা দলে মরকেল পদবির কেউ নেই!

মরকেলদের দলে জায়গা না পাওয়াকে দক্ষিণ আফ্রিকার কোচ ও অধিনায়ক দেখছেন দুর্ভাগ্য হিসেবে। কোচ রাসেল ডমিঙ্গো দলের ভারসাম্যের দিকে ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘অ্যালবি খুবই ভালো করছে, কিন্তু গত কিছুদিন দলে নিয়মিত খেলছে ডেভিড ভিসে। আমাদের বোলিং অলরাউন্ডার দরকার, কিন্তু অ্যালবি মূলত ব্যাটিং অলরাউন্ডার। আর মরনে সাদা বলে খুব ভালো করেছে। বিশ্বকাপে তার অভিজ্ঞতার অভাবটা আমরা বোধ করব, কিন্তু আমরা তো দলে সর্বোচ্চ ১৫ জনই নিতে পারি।’

অধিনায়ক ফাফ ডু প্লেসির কথাতেও একই সুর, ‘প্রথমবারের মতো আমরা এমন অনেক বোলারকে পেয়েছি, যারা শেষের ওভারগুলোতে বল করতে স্বচ্ছন্দ। অ্যাবট, রাবাদা, মরিসের মতো বোলাররা আছে। দলে এখন অনেক বিকল্প, সে জন্য মরনে সুযোগ পেল না। অ্যালবিরও দুর্ভাগ্য, সে একজন ব্যাটিং অলরাউন্ডার। আমাদের লাইনআপে ৭ নম্বরে একজন বোলিং অলরাউন্ডার প্রয়োজন।’

তবে কোচ ও অধিনায়ক দুজনই এখনো মরনে মরকেলের সুযোগ দেখছেন, সেটা ডেল স্টেইনকে নিয়ে অনিশ্চয়তার সুবাদে। স্টেইনকে রাখা হয়েছে দলে, কিন্তু চোট কাটিয়ে তিনি সময়মতো ফিরতে না পারলে দরজা যেতে পারে মরনে মরকেলের জন্য। তথ্যসূত্র: ক্রিকইনফো।