এই বল বয়কে প্রত্যাখ্যান করেছে বিসিসিআই
ধরমবীর পাল সিং ঢাকায় এসেছিলেন ২০১৪ সালে—বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে তাঁর ছিল দারুণ খাতির। বাংলাদেশের অনুশীলনের সময় রীতিমতো মাশরাফির কাছে অটোগ্রাফ কিংবা ছবি তোলার দাবি জানাতেন! মাশরাফিও সে দাবি মেটাতে কোনো কার্পণ্য করতেন না। ভারতীয় ক্রিকেটের দুই পরিচিত সমর্থকদের একজন ছিলেন তিনি। বল বয় হিসেবে কাজ করার কারণে টিভিতেও অনেক সময় নজর কেড়েছেন। সম্প্রতি বল বয় হিসেবে তাঁর নিবন্ধন বাতিল করেছে বিসিসিআই।
ভারতের গোয়ালিয়রে জন্ম নেওয়া ধরমবীর শারীরিক প্রতিবন্ধী। পোলিও দরিদ্র পরিবারের ছেলেটির চলাফেরার ক্ষমতা কেড়ে নেয় খুব ছোটবেলাতেই। চলতে ফিরতে না পারলেও ক্রিকেটের প্রতি ধরমবীরের টান ছিল প্রচণ্ড। খেলাটাকে অসম্ভব ভালোবেসে শারীরিক কষ্ট উপেক্ষা করেই নিয়মিত মাঠে যেতেন। একটা সময় ভারতীয় ক্রিকেটারদের অনেকের সঙ্গেই ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক হয়ে যায় তাঁর। নিজের বিদায়ী টেস্টে শচীন টেন্ডুলকার আলাদা করে ধরমবীর আর আরেক খেলাপাগল সমর্থক সুধীরের সঙ্গে কিছু সময়ও কাটিয়েছিলেন।
মাঠে বসে খেলা দেখাই ধরমবীরের নেশা। খেলা দেখতে দেখতেই একদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বল বয় হিসেবে নিবন্ধিত হন। সীমানায় উড়ে আসা বল মাঠে পাঠানো তাঁর কাজ। এর বিনিময়ে ক্রিকেটারদের আরও কাছে, গ্যালারির নিরাপত্তাবেষ্টনীর খাঁচার এপাশ থেকে দেখার সুযোগ। বেশ কিছুদিন ধরে এই দায়িত্ব পালন করছিলেন তিনি। কিন্তু বল বয় হিসেবে বিসিসিআই তাঁর সেই নিবন্ধন বাতিল করে দিয়েছে। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ‘বল বয়’ হিসেবে কাজ করতে পারবেন না বলে জানানো হয়েছে। ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস দিয়েছে এই খবর।
ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে মুম্বাইয়ে নিজের অ্যাক্রেডিটেশন কার্ড তুলতে গিয়ে এই সংবাদ পান ধরমবীর। বল বয় হওয়ার কারণে ধরমবীরকে মাঝেমধ্যেই দেখানো হয় টিভিতে। শারীরিক গঠনের কারণেও আলাদা করে নজর কাড়েন। এ নিয়ে সামাজিক মাধ্যমে কিছুদিন ধরে বোর্ডের সমালোচনা চলছিল।
সমালোচকদের বক্তব্য, পোলিওমুক্ত ভারত ঘোষণার সঙ্গে ধরমবীরকে দেখানো কোনোমতেই খাপ খায় না। এতে ভারত সম্পর্কে ভুল বার্তা যায়। ধরমবীরের ক্রিকেটের প্রতি ভালোবাসাকে অন্যভাবে সম্মান জানানোর পরামর্শ দেন এই সমালোচকেরা। এরপর বোর্ড রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে নির্দেশনা পাঠিয়েছে, শারীরিক অক্ষম ব্যক্তিদের স্টেডিয়ামে আসন-সুবিধা নিশ্চিত করা হলেও তাদের যেন বল বয় হিসেবে অ্যাক্রেডিটেশন না দেওয়া হয়।
ধরমবীর হতাশ হলেও পুরো ব্যাপারটি মেনে নিচ্ছেন। কারণ, ক্রিকেট ম্যাচ দেখার সুযোগটা অন্তত তিনি পাচ্ছেন। বিসিসিআই তাঁকে বল বয় হিসেবে না নিয়ে সৌজন্য টিকিটের ব্যবস্থা করে দিচ্ছে, ‘আমার এসব নিয়ে কোনো খেদ নেই। আমি ক্রিকেট দেখতে চাই। ক্রিকেট দেখাই আমার শখ। সেটা বল বয় হিসেবে কি দর্শক হিসেবে, সে সময় নিয়ে আমি খুব বেশি মাথা ঘামাই না।’
ধরমবীরের শরীরে উলকিও আঁকা আছে: ক্রিকেটের জন্যই আমি বেঁচে আছি। তবে ভারতের ভাবমূর্তির স্বার্থে আপাতত এই নির্দেশনা মেনে নিচ্ছেন তিনি।