এই বাংলাদেশ অনেক এগোনো

২০০০ সালে আমরা যেবার প্রথম টুর্নামেন্টটা খেলি, তখন এর নাম ছিল আইসিসি নকআউট টুর্নামেন্ট। তখন থেকে এখন পর্যন্ত টুর্নামেন্টটা যেমন নানাভাবে বদলেছে, বদলেছে আমাদের অবস্থানও। যে টুর্নামেন্টে একসময় আমরা ছিলাম দর্শক, একটু ভালো খেলাটাই ছিল লক্ষ্য; এবার সেখানেই বাংলাদেশ খেলতে গেছে ভালো কিছু করার আশা নিয়ে।
কেনিয়ার আইসিসি নকআউট টুর্নামেন্ট আমার জন্য বিশেষ কিছুই ছিল। ওটা ছিল অধিনায়ক হিসেবে আমার প্রথম বিদেশে খেলতে যাওয়া। অবশ্য টুর্নামেন্টের পরপরই আমাদের অভিষেক টেস্ট ছিল বলে তখন আমরা টেস্ট নিয়েই বেশি রোমাঞ্চিত ছিলাম।
অভিজ্ঞতা তেমন ছিল না। আন্তর্জাতিক ম্যাচ খেলতাম খুবই কম। বিশ্বকাপ থেকেই সংখ্যাটা একটু একটু করে বাড়তে শুরু করল। আইসিসি নকআউট টুর্নামেন্টে আমাদের ম্যাচ ছিল ইংল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচ হিসেবে আমরা খুব একটা খারাপ খেলিনি। আসলে যেটা আগে বলেছি, ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে তখনো আমাদের ভালো খেলাটাই ছিল মূল লক্ষ্য। এখন যেমন আমাদের দল সব ম্যাচ জিততে চায়, তখন জেতার চেয়েও বেশি চেষ্টা থাকত ভালো খেলার।
টুর্নামেন্ট খেলতে গিয়ে সবচেয়ে ভালো অভিজ্ঞতা কেনিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচে। আমাদের মূল প্রতিদ্বন্দ্বিতা তখন তাদের সঙ্গেই। মোম্বাসায় ওই ম্যাচটা আমরা খুব সহজে জিতেছিলাম। যত দূর মনে পড়ে, কেনিয়ার সঙ্গে জেতা ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে সহজ জয় ছিল ওটাই। টুর্নামেন্টের আগে এ রকম একটা জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছিল। যেটার প্রভাব পড়েছিল ইংল্যান্ডের বিপক্ষে ওই প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতেও। ইংল্যান্ডের সঙ্গে ওটাই ছিল আমাদের প্রথম ওয়ানডে। তাতে ৮ উইকেটে ২৩২ রান করে ৪৪ ওভার পর্যন্ত ম্যাচে টিকে থাকা ওই সময়ের বিচারে খারাপ ছিল না।
এই সময়ের বিচারে যেমন এখনকার বাংলাদেশ দলটা আমার দেখা সবচেয়ে ভালো দলগুলোর একটা। এই দলে অভিজ্ঞ খেলোয়াড়ের সংখ্যা বেশি। আমাদের সময়ে অভিজ্ঞতা বলতে ছিল সর্বোচ্চ ২০-২৫টি ওয়ানডে খেলা খেলোয়াড়েরা। এখন দেড় শ ওয়ানডে খেলা খেলোয়াড়ই আছে পাঁচজন। নামে বড়, এমন অনেক দলের তুলনায় আমাদের খেলোয়াড়দের অভিজ্ঞতা বেশি। সব মিলিয়ে এই বাংলাদেশ দলটা অনেক এগোনো।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের কাছে আমাদের প্রত্যাশা তাই একটু বেশি থাকবে। শুধু অভিজ্ঞতা নয়, দলের অনেকে ভালো ফর্মেও আছে। আছে বিশ্বসেরা অলরাউন্ডার। পেসারদের ভালো করাটাও একটা ব্যাপার। ২০১৫ সালে যখন আমাদের পেস বোলাররা ভালো বোলিং শুরু করল, তখনই দল হিসেবেও আমরা ভালো করতে শুরু করলাম। এসবের সঙ্গে যোগ হবে আয়ারল্যান্ডের কন্ডিশনে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস। পাকিস্তানের সঙ্গে অনুশীলন ম্যাচে শেষটা ভালো না হলেও অনুশীলন ম্যাচ হিসেবে অনেক কিছু নেওয়ার আছে সেখান থেকেও।
অনেককে বলতে শুনি, চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দল কঠিন গ্রুপে পড়েছে। তা এই পর্যায়ের ক্রিকেটে সহজ গ্রুপ কোনটা! গ্রুপে একটু কম শক্তির একটা দল থাকলে হয়তো সামান্য সুবিধা হতো। তবে ওয়ানডেতে যে কেউই যেকোনো সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে। এটা যেমন আমাদের বিপক্ষে সম্ভব, তেমনি আমরাও বিপজ্জনক হতে পারি অন্য যেকোনো দলের বিপক্ষে। কন্ডিশন কখনো কখনো একটা ব্যাপার। তবে ওভালের ম্যাচ দুটিতে সেটা সমস্যা হবে বলে মনে হয় না। কার্ডিফের দিকে বৃষ্টি বেশি হয়। কন্ডিশন সমস্যা করলে সেখানে কিছুটা করতে পারে।
কন্ডিশনের ওপর যেহেতু কারও হাত নেই, এ নিয়ে ভেবেও লাভ নেই। সম্ভাব্য কন্ডিশন, প্রতিপক্ষ এবং আমাদের অভিজ্ঞতা—সব বিবেচনায় রেখেও বলছি, গ্রুপ পর্বের তিন ম্যাচে জেতাটাও আমার কাছে অবাস্তব কিছু মনে হয় না। আমি অন্তত দুটি ম্যাচ জিতলেই খুশি। তবে সবার সঙ্গে জেতারই সামর্থ্য আমাদের আছে।
লেখক: জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক