এই বাংলাদেশ দুর্দান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে রস টেলর। কাল ওয়েলিংটনে l বিসিবি
সংবাদ সম্মেলনে রস টেলর। কাল ওয়েলিংটনে l বিসিবি

ওয়েলিংটন টেস্ট কি জয়-পরাজয় দেখবে? নাকি ড্র-ই হতে যাচ্ছে নিয়তি? প্রশ্নটি মনোযোগ দিয়ে শুনলেন রস টেলর। নিউজিল্যান্ডের অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান এরপর মনে করিয়ে দিলেন, ক্রিকেটে শেষ বলে কিছু নেই। রহস্যে ঘেরা যেকোনো একটি সেশন ঘুরিয়ে দিতে পারে মোড়। গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য।
গত পরশু ওয়েলিংটনে স্বপ্নের মতো এক দিন কাটিয়েছে বাংলাদেশ, সাকিব-মুশফিকের ৩৫৯ রানের রেকর্ড জুটিতে তুলেছে ৫৪২ রান। ওই দিনের খেলা শেষে অধিনায়ক মুশফিকুর রহিম বলেছিলেন, টেস্টের বাকি তিনটি দিনে যেকোনো কিছুই ঘটতে পারে। কাল টেলরও বললেন একই কথা, ‘টেস্ট ক্রিকেট অদ্ভুত। কয়েকটি সেশনই পুরো পাঁচটি দিনকে নিয়ন্ত্রণ করতে পারে।’ জেতার সুযোগই এখনো দেখেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান, ‘(চতুর্থ দিন) প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ হবে। আমরা যদি (দ্বিতীয়) নতুন বল সামলাতে পারি আর ফলোঅন এড়াতে পারি, এরপর থাকবে আবহাওয়ার বিষয়টি। এখনো ১৯০ ওভারের খেলা বাকি আছে।’
এটা পরিষ্কার, জয়ের ভাবনা নিউজিল্যান্ড খেলোয়াড়দের মনে ভালোভাবেই আছে। বাংলাদেশের অনভিজ্ঞ বোলিং আক্রমণ তাঁদের জন্য হতে পারে আশীর্বাদ! এই ম্যাচেই টেস্ট অভিষেক হয়েছে দুই পেসার তাসকিন আহমেদ ও শুভাশিস রায়ের। আরেক পেসার কামরুল ইসলাম এর আগে খেলেছেন মাত্র দুটি টেস্ট। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে আলো ছড়ানো মেহেদী হাসান মিরাজেরও এটি মাত্র তৃতীয় টেস্ট। টেলর এসব জানেন, ‘ম্যাচ খেলার দিক থেকে তাদের বোলিং আক্রমণ অনভিজ্ঞ। তারা দেশের মাটিতে একেবারেই ভিন্ন কন্ডিশনে বল করে। বাউন্সি উইকেটে লেংথ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার।’
দেশের বাইরে আড়াই বছরেরও বেশি সময় পরে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। টেস্টের আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের ওপর চাপটা ছিল তাই পাহাড়সমান। তবে সেই চাপকে জয় করে টেস্টের প্রথম তিনটি দিন দারুণ খেলেছে চন্ডিকা হাথুরুসিংয়ের দল। এই বাংলাদেশ ৭৮টি টেস্ট খেলা টেলরের চোখে সম্মানের, ‘বাংলাদেশ এখন পর্যন্ত যেভাবে খেলেছে সেটা দুর্দান্ত। দেখুন, বিদেশের মাটিতে খেলার যথেষ্ট অভিজ্ঞতাও তাদের নেই।’ সাকিব আর মিরাজের পারফরম্যান্স তাঁর চোখে ছড়িয়েছে মুগ্ধতা, ‘সাকিব অনেক দিন ধরেই বিশ্বমানের। তরুণ স্পিনারটিও (মিরাজ) ভালো করেছে। আমরা ভাবতে পারিনি সে বোলিং ওপেন করবে। এখানে শুরুতে এসেই বল করা সহজ নয়। বেশির ভাগ বোলারের চেয়ে ও কিন্তু রান কম দিয়েছে।’
প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে পড়েন মুশফিক। শেষ দুই ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলা হয়নি তাঁর। মুশফিক থাকলে ওই দুটি সিরিজের ফল অন্য রকম হতে পারত বলে মনে করেন টেলর, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ফল যেমনটা দেখাচ্ছে, লড়াইটা তার চেয়েও কিন্তু বেশি হয়েছে। মুশফিককে ছিটকে দেয় চোট, মিডল অর্ডারে তার অভাবটা ওরা টের পেয়েছে। দল তার ওপর ভীষণ নির্ভরশীল। ওয়ানডে বা টি-টোয়েন্টিতে সে ওই পরিস্থিতিতে যদি এমন ইনিংস খেলত, হয়তো গল্পটা অন্য রকম হতো।’