এই বাংলাদেশের ছবিটাই থাকুক সব সময়
কিংসমিডের লোহার বেষ্টনীঘেরা নেট থেকে বের হয়ে ফিজিও বায়েজিদুল ইসলামের সঙ্গে মাঠের ভেতরের দিকে চলে গেলেন ইয়াসির আলী। বের হওয়ার সময় ইয়াসিরের ব্যাট দুটি ফিজিওর বহন করে নেওয়াটা অর্থবহ ইঙ্গিত দিল। নেটে কি তাহলে কিছু হলো ইয়াসিরের!
পেছন নিয়ে ডাগআউটের কাছে যেতেই সব পরিষ্কার। জার্সি খুলে ইয়াসির দেখছিলেন বলের আঘাতে বুকের ঠিক মাঝখানে বসে যাওয়া লাল দাগটা। এরপর আঘাতের জায়গায় আইসব্যাগ চেপে ডাগআউটের চেয়ারেই বসে থাকলেন। আজ আর নেটের দিকে গেলেন না। পরে অবশ্য জানা গেছে, ব্যাটিং অনুশীলনের সময় পাওয়া ইয়াসিরের বলের আঘাত তেমন গুরুতর নয়।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দল এসেছে ১৮ দিন হলো। পারিবারিক কারণে সাকিব আল হাসানের দেশে ফিরে যাওয়া ছাড়া এর মধ্যে আর কোনো ছন্দপতন নেই। তৃতীয় ওয়ানডেতে কাঁধের পুরোনো চোটে পাওয়া ব্যথা সামলে নিয়ে মুশফিকুর রহিমও এখন পুরোপুরি স্বাভাবিক। নেট–মাঠ–নেট করে প্রতিদিন ব্যাটিং অনুশীলন করছেন দুই–তিন দফা।
কিংসমিডে একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ছে। ৩১ মার্চ থেকে যে মাঠে প্রথম টেস্ট, ম্যাচের দুই দিন আগেও কিনা সেখানেই মাঝ উইকেটে অনুশীলনের সুবিধা পাচ্ছে বাংলাদেশ দল! স্বাগতিক বোর্ডগুলো সাধারণত অতিথি দলকে মাঝ উইকেটে অনুশীলন করতে দেওয়ার উদারতা দেখায় না। ম্যাচ কাছে চলে আসার পর তো আরও নয়। দক্ষিণ আফ্রিকাকে এ ক্ষেত্রে ব্যতিক্রমই বলতে হয়।
তামিম ইকবাল শুনেছেন, ওটিস গিবসন দক্ষিণ আফ্রিকা দলের প্রধান কোচ থাকার সময় এই রীতি চালু করে দিয়ে গেছেন। তখন থেকেই এখানে অতিথি দলও পায় মাঝ উইকেটে অনুশীলনের সুযোগ। নিজেদের সাবেক পেস বোলিং কোচকে এ জন্য একটা ধন্যবাদ দিতেই পারে বাংলাদেশ।
চোট–আঘাতের ধাক্কা নেই, অনুশীলন–সুবিধাও ভরপুর। সঙ্গে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দ মিলিয়ে দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত দারুণ সময় কাটছে বাংলাদেশ দলের। হোটেল, মাঠ, রেস্টুরেন্ট—যেখানেই ক্রিকেটারদের দেখা যায়; নির্ভার একটা দলের ছবিই পাওয়া যাচ্ছে সর্বত্র।
তৃতীয় ওয়ানডে থেকে দলের সঙ্গে আছেন বিসিবির নতুন ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস। দলের অভিভাবক হয়েও খেলোয়াড়দের সঙ্গে যেন একজন খেলোয়াড়ের মতোই মিশে আছেন সাবেক এই ক্রিকেটার। জাতীয় দলের দেখভালের দায়িত্ব বিসিবির যে বিভাগের, সাম্প্রতিক অতীতে সেটির আর কোনো প্রধানকে দলের সঙ্গে এতটা মিশে থাকতে দেখা যায়নি।
দলের ভেতরে থেকে দলটাকে খুব কাছ থেকে দেখা জালাল ইউনুসও আজ কিংসমিডে দাঁড়িয়ে বলছিলেন, ‘ওদের দেখলেই ভালো লাগে। সবার মধ্যে খুব ভালো সমন্বয়, দারুণ যোগাযোগ। সবাই সবাইকে সাহায্য করছে। খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফদের মধ্যেও এটা দেখছি।’
কোচদের কথা যখন এসেই গেল, প্রধান কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোর ভবিষ্যতের আলোচনাটা এড়িয়ে যাবেন কীভাবে! এবার দক্ষিণ আফ্রিকায় আসার আগের কয়েকটি সিরিজের পূর্বাপরই প্রধান কোচ হিসেবে ডমিঙ্গোর ভবিষ্যৎ একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল।
সর্বশেষ যে রকম ‘পূর্বাভাস’ শোনা গেছে, তাতে মনে হচ্ছিল, দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই হয়তো বাংলাদেশের পাট চুকে যাবে রাসেল ডমিঙ্গোর। কিন্তু বাস্তবে পরিস্থিতি পুরোই উল্টো বলে মনে হচ্ছে। একজন কোচের কাছে সর্বোচ্চ চাওয়াটাই যখন ডমিঙ্গোর সময় পাওয়া যাচ্ছে, তাহলে আর কোচবদলের রব তোলা কেন! সেই চাওয়া কী, তা নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না—সাফল্য। বিসিবির চিন্তায় ডমিঙ্গোর বিদায় সংবর্ধনার মঞ্চ সাজানোর কোনো পরিকল্পনা আপাতত নেই।
নতুন নতুন কোচের আগমনে বরং বাংলাদেশ দলের ড্রেসিংরুম সমৃদ্ধ হচ্ছে আরও। এই সিরিজেই যেমন যোগ দিয়েছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট। আর ব্যাটিং কোচ জেমি সিডন্স তো আগের মতোই আছেন।
কখনোই বসে থাকার লোক নন এই অস্ট্রেলিয়ান কোচ। একসময় তিনি নিজেই দলটার প্রধান কোচ ছিলেন, তাতে কী! ব্যাটসম্যানদের অনুশীলন করানোর পর সুযোগ পেলে সিডন্স হাত বাড়াচ্ছেন ফিল্ডিং অনুশীলনেও।
আর হাতে যখন কোনো কাজই না থাকে, অনুশীলনের দৃশ্য ভিডিও করে তুলে দেন নিজের ফেসবুক পেজে। সেসবের ধারাবর্ণনায় বাংলাদেশের ক্রিকেটের প্রশংসা ছাড়া আর কিছুই থাকে না। আজ যেমন ভিডিও দিলেন বাংলাদেশ দলের সঙ্গে থাকা দুই টিম বয় বুলবুল ও রমজানের, নেট অনুশীলনে যাঁরা থ্রোয়ার দিয়ে বল ছোড়ার কাজটাও দারুণভাবে করেন।
দুজনের মধ্যে প্রায় ১৫০ কিলোমিটার গতিতে বল ছুড়তে পারা রমজান তো আগে থেকেই বিখ্যাত। সিডন্স আজ আরেক কাঠি এগিয়ে বললেন, সম্ভবত বিশ্ব ক্রিকেটেই সবচেয়ে জোরে বল ছুড়ে মারতে পারেন রমজান।
আলাদা করে বলতে হবে ডোনাল্ডের কথাও। মাত্রই দলের সঙ্গে যোগ দেওয়ায় দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার এই সিরিজে যতটা না কোচের ভূমিকায়, তার চেয়ে বেশি যেন মন্ত্রণাদাতাই হয়ে উঠেছেন। ব্যাটসম্যানদের দক্ষিণ আফ্রিকার কন্ডিশন সম্পর্কে ধারণা দেওয়ার কথা তো সেদিন ডোনাল্ড নিজেই বলেছেন, কাল জানা গেল ড্রেসিংরুমে খেলোয়াড়দের আত্মবিশ্বাসের বেলুনে ফুঁ দেওয়ার কাজটাও তিনি দারুণ করছেন।
টিম ডিরেক্টর খালেদ মাহমুদের কাছে ডোনাল্ডের এই ব্যাপার বেশ ভালো লেগেছে, ‘ড্রেসিংরুমে ডোনাল্ড খেলোয়াড়দের বলেছেন, “দক্ষিণ আফ্রিকাকে খুব বেশি সমীহ করার কিছু নেই। তোমরাও এখানে খেলতে এসেছ। ওদের চোখে চোখ রেখে খেলবে। তোমরাও ভালো দল।” সবাই কিন্তু এভাবে বলে না। খেলোয়াড়েরা তাঁর এই কথায় দারুণ উজ্জীবিত হয়েছে।’
বাকি রইলেন অধিনায়ক মুমিনুল হক। টেস্ট দলের নেতৃত্ব পাওয়ার পর শুরুতে ধাতস্থ হতে একটু সময় লাগলেও মুমিনুল এখন অনেক আত্মবিশ্বাসী আর দৃঢ়চেতা। স্বভাবে শান্ত এবং অল্প কথার মানুষ তিনি। দল পরিচালনার ক্ষেত্রেও চলছেন নিজস্ব ঢঙে, যেটি দলের ছোট–বড় সবার কাছেই গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
মুশফিক অনুশীলন করে সন্তুষ্ট কি না, নেটে তামিম ইকবালের ব্যাটিংটা ঠিকঠাক হলো তো, নিজের প্রস্তুতির ফাঁকে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে এসবও জেনে নিচ্ছেন অধিনায়ক। কারও মনে যেন একবিন্দু অতৃপ্তি না থাকে, সেই চেষ্টা মুমিনুলের নিরন্তর।
এই সবই অবশ্য সুসময়ে থাকা বাংলাদেশ দলের ছবি। আন্তর্জাতিক ক্রিকেটের জগৎ তো আর সব সময়ই এত রঙিন নয়। সেখানে কখনো কখনো মাথার ওপর কালো মেঘ জড়ো হয়, ওঠে ডারবান ছুঁয়ে থাকা ভারত মহাসাগরের মতোই উথালপাতাল ঢেউ।
আবার যখন সেই ঢেউ আসবে, তখনো অটুট থাকুক আজকের সুন্দর ছবিটা।