এই বিরতিটা দরকার ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

আন্তর্জাতিক ক্রিকেটে এত ভালো মৌসুম কি আগে কাটিয়েছে বাংলাদেশ? উত্তর অবশ্যই ‘না’। প্রত্যাশার চেয়েও অনেক ভালো একটা মৌসুম কাটালাম আমরা। বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত যা পেয়েছি, এত তো আশাই করিনি! বিশেষ করে ছোট সংস্করণের ক্রিকেটে। টেস্টেও যে খুব খারাপ হয়েছে, তা নয়। বৃষ্টির অনেক প্রভাব ছিল হয়তো। তারপরও কিছু ম্যাচে অনেক ভালো খেলেছে আমাদের দল।
ভালো আরও ভালোর স্বপ্ন দেখায়। প্রত্যাশার সীমা বাড়ায়। এখন চ্যালেঞ্জটা ওখানেই। কিন্তু এটা ভুলে যাওয়া ঠিক হবে না যে, আমাদের পরবর্তী খেলাটা টেস্ট ক্রিকেট এবং প্রতিপক্ষের নাম অস্ট্রেলিয়া। টেস্টে ভালো খেললে সাধারণত ওয়ানডে বা টি-টোয়েন্টিতেও আপনি ভালো খেলবেন। কারণ টেস্ট ক্রিকেট একজন খেলোয়াড়কে অনেক পরিণত করে। কিন্তু ওয়ানডে ভালো খেলেছেন বলে টেস্টেও ভালো খেলবেন, সে আশা করা ঠিক না। ওয়ানডেতে যেসব মুহূর্ত আসে, সেগুলো টেস্টে আসে না।
তবে ওয়ানডের সাম্প্রতিক সাফল্য থেকে একটা জিনিস আমরা টেস্টে নিতে পারি—আত্মবিশ্বাস বা মনোবল। মানসিক শক্তিটাই এখানে সবচেয়ে বড় পাওয়া। সঙ্গে খেলার প্রতি মনোযোগটাও আরেকটু বাড়াতে হবে। এক শ রানের জুটিগুলোকে যেন আমরা ১৮০ বা ২০০ রানে নিয়ে যেতে পারি। টেস্ট ধৈর্যের খেলা, সেটা যেন মাথায় থাকে। এই মৌলিক কাজগুলো করতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও ভালো খেলার সম্ভাবনা থাকবে।
তবে অ্যাশেজে ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ হতে দেখে কেউ যদি অসিদের বিপক্ষে আমাদের সিরিজটা খুব সহজ হবে ভেবে থাকেন, তিনি ভুল করছেন। ইংল্যান্ডের শক্তিমত্তার প্রতি তারা যথাযথ সমীহ দেখাচ্ছেন বলে মনে হয় না। ব্রডসহ ইংল্যান্ডের সব বোলারই যে রকম দুর্দান্ত ফর্মে আছে, তাতে তাদের এ রকম সাফল্যটাই আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে।
বাংলাদেশে এসে অস্ট্রেলিয়া অ্যাশেজের হতাশা কাটিয়ে উঠতে মরিয়া থাকবে। আমাদের মতো অনভিজ্ঞ একটা টেস্ট দলের বিপক্ষে নিজেদের ফিরে পাওয়ার সুযোগটা নিতে চাইবে। আমরা এখনো পঞ্চাশকে এক শ বা এক শকে দেড় শতে পরিণত করতে পারছি না। এই দুর্বলতা দূর করতে হবে। বোলিংয়ে যেমন বোলারদের এক জায়গায় ভালোভাবে বল করে যেতে হবে। যখন উইকেট নেওয়া যাবে না, তখন রান আটকে রাখতে হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এসবের সুফল পেয়েছি। তারপরও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে খারাপ কিছু হলেই আমাদের সাম্প্রতিক অর্জনগুলো মিথ্যা হয়ে যাবে না। আমাদের ক্রিকেট পিছিয়ে যাবে না এক পা-ও।
ওয়ানডেতে অবশ্য লম্বা একটা বিরতি পড়ছে। আমরা সর্বশেষ ওয়ানডে খেলেছি গত মাসে। আবার খেলব আগামী জানুয়ারিতে। তার মানে প্রায় ছয় মাসের বিরতি। কিন্তু এর সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া উপায়ও নেই। আন্তর্জাতিক ক্রিকেটে এটা একটা স্বাভাবিক পরিক্রমা। কখনো আপনি টানা খেলবেন, কখনো বিরতি পড়বে খেলায়।
তা ছাড়া গত আট মাসের ব্যস্ত সূচির পর খেলোয়াড়দের শারীরিক-মানসিক বিশ্রামের দরকার ছিল। এমন তো নয় যে, এই কয় মাস আমরা অনেক আরাম-আয়েশ করে ক্রিকেট খেলেছি, আমাদের তেমন কষ্ট হয়নি। উল্টো প্রতিটি সিরিজই ছিল প্রচণ্ড চ্যালেঞ্জিং। মাথার ওপর ছিল প্রত্যাশার পাহাড়সম চাপ। মানসিক ও শারীরিকভাবে চাঙা হওয়ার জন্য একটা বিরতি দরকার ছিলই। সেটা পেয়ে সবাই এখন পরিবার-পরিজন বা বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছে। অনেকে দেশের বাইরেও বেড়াতে যাচ্ছে।
আসলে সাফল্য পেলেই শুধু হয় না, সাফল্যের আনন্দ উপভোগ করাটাও জরুরি। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার সঙ্গে তা ভাগ করে নিতে হয়। এ রকম অর্জনের পর ভেতরের ভালো লাগাটা অনুভব করার দরকার আছে। বিরতির সময়টাতে ক্রিকেটাররা সে সুযোগ পাচ্ছে। দক্ষিণ আফ্রিকা সিরিজের পরপরই আরেকটা সিরিজ থাকলে সেটা হতো না। তা ছাড়া সিরিজের আগে তো সবাই অনুশীলনে চলে আসবেই। ঘরোয়া ক্রিকেটেও খেলার সুযোগ আসবে সামনে। আমরা পেশাদার ক্রিকেটার। বিরতিটা বেশি হয়ে গেল কি না, এ নিয়ে তাই অত চিন্তা না করাই ভালো।
এটা ঠিক, লম্বা বিরতির পর খেলায় ফিরলে প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবারের বিরতির পর জানুয়ারিতে আমরা প্রথম ওয়ানডে খেলব জিম্বাবুয়ের বিপক্ষে। আমাদের চেষ্টা করতে হবে শুরুটাই যেন ভালো হয়। প্রথম ম্যাচ জেতা মানে শেষ ম্যাচ পর্যন্ত সিরিজ জয়ের সম্ভাবনা টিকে থাকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে ওয়ানডের বিরতিটা যেখানে পড়েছে, ঠিক সেখান থেকেই শুরু করতে হবে আবার। এবং অবশ্যই তা জয়ের ধারাবাহিকতায় থেকে।