এই ভারতও '৮০ শতাংশ'!

• সামর্থ্যের ৮০ শতাংশ ব্যবহার করেছে ভারত
• কোহলি মনে করেন, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় শতভাগ দিলেই বিশ্বসেরা দল হয়ে উঠবে ভারত
• এ মুহূর্তে বিশ্বের সেরা টেস্ট দল ভারত
• সমর্থকদের কাছ থেকে আরও সমর্থন চান কোহলি
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দুর্ধর্ষ এক ভারতীয় দলকে দেখা গেছে। জয়ের নেশায় উন্মুখ এক দল, যারা প্রতিপক্ষকে ভেঙে-গুঁড়িয়ে দিতে জানে। কিন্তু এত কিছুর পরও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি মনে করেন, দল দক্ষিণ আফ্রিকায় সামর্থ্যের পুরোটা প্রয়োগ করতে পারেনি। এত রান পেয়েও কোহলির রানক্ষুধা মেটে না। সফলতায়ও তিনি তৃপ্তির ঢেকুর তুলতে শেখেননি। এ কারণেই বোধ হয় কোহলি এত ধারাবাহিক!
কোহলির দল এখন বিশ্বের সেরা টেস্ট দলও। ইতিহাসে দ্বিতীয়বারের মতো এই পুরস্কারের অংশ হতে পেরে নিজের আনন্দটা গোপন রাখেননি। একটু আবেগময় শোনালেও সোজাসাপটাই জানিয়েছেন, যে ভারতীয় দলকে দুর্দান্ত ফর্মে সবাই দেখছে, সেটা তাদের সামর্থ্যের পুরোটা নয়।
সেরা টেস্ট দলের ওই রাজদণ্ডটা আনুষ্ঠানিকভাবে দিয়ে দেওয়া হয়েছে কোহলিদের হাতে। ভারত ও দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার ও গ্রায়েম পোলকের কাছ থেকে নেওয়ার সময় কোহলি নিজের প্রত্যাশা ও নতুন লক্ষ্যের কথা জানিয়েছেন, ‘আমি এখনো বলব, সামর্থ্যের কেবল ৮০ শতাংশই আমরা দিতে পেরেছি। সামনে ভারতের ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর। আমরা যা চাচ্ছি অথবা যে লক্ষ্যটা স্থির করেছি, সেটা এই দুই সফরে করে দেখাতে পারলে খুব ভালো লাগবে। তবে আমরা যে খেলাটা দক্ষিণ আফ্রিকায় খেলেছি, সেটা সামর্থ্যের পুরোটা না হলেও কিন্তু কম আকর্ষণীয় কিছু নয়। তবে বিশ্বসেরা দল হতে চাইলে আমাদের শতভাগ ক্ষমতা বহিঃপ্রকাশ ঘটাতে হবে। শতভাগ ক্ষমতা প্রয়োগ করে দেখাতে হবে।’
দর্শকদের কাছ থেকেও ‘চাওয়া’ আছে কোহলির। সেটি চেয়ে তাদের প্রতিশ্রুতিও দিয়েছেন আরও ভালো খেলা, আরও আনন্দ দেওয়ার, ‘আশা করছি, দর্শকেরা আমাদের বাজে সময়েও সমর্থন জুগিয়ে যাবেন। আমাদের এই অগ্রযাত্রা তো দর্শক-সমর্থকদের জন্যই। তাঁরাই দলে দলে খেলা দেখতে এসে আমাদের উৎসাহিত করেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতে যতটা সম্ভব দর্শক-সমর্থকদের আনন্দ দিয়ে যাব।’