এই মুশফিকই আসল মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডের বিপক্ষে শেষ তিনটি জয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মাহমুদউল্লাহর। ওয়ানডের সাফল্য যদি টেস্টেও টেনে আনতে পারেন, তাহলেই স্বস্তি বাংলাদেশের। কাল অনুশীলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন তাই একটু বাড়তি মনোযোগ দিলেন এই অলরাউন্ডারের দিকে l শামসুল হক
ইংল্যান্ডের বিপক্ষে শেষ তিনটি জয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মাহমুদউল্লাহর। ওয়ানডের সাফল্য যদি টেস্টেও টেনে আনতে পারেন, তাহলেই স্বস্তি বাংলাদেশের। কাল অনুশীলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন তাই একটু বাড়তি মনোযোগ দিলেন এই অলরাউন্ডারের দিকে l শামসুল হক

‘ক্যাপ্টেন...’। এটুকু বলার পরই প্রশ্নকর্তা সাংবাদিককে থেমে যেতে হলো। মুশফিকুর রহিম মুখে হাসি ছড়িয়ে কথার ভেতর ঢুকে গেলেন, ‘অনেক দিন পর শুনলাম যে কেউ ক্যাপ্টেন বলল। যা-ই হোক, ভালো লাগল...আলহামদুলিল্লাহ।’

সংবাদ সম্মেলনের প্রথম প্রশ্নে ‘ক্যাপ্টেন’ সম্বোধন শুনে মুশফিকের ওই দুষ্টুমি এবং সেটা শুরু থেকে শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনের পরিবেশটাকে করে রাখল সহজ আর প্রাণবন্ত। যে সংবাদ সম্মেলনের চেয়ার বাংলাদেশ অধিনায়কের জন্য হতে পারত উত্তপ্ত কড়াই, সেটাই যেন সাংবাদিকদের কাছে শেষে ছড়াল মুগ্ধতা। মুশফিক কী দারুণভাবেই না সামলালেন সবকিছু!

মুশফিক সর্বশেষ সংবাদ সম্মেলনে এসেছিলেন ২০১৫ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করে। এরপর গত এক বছরের মধ্যে কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই প্রথম আনুষ্ঠানিকভাবে কথা বললেন। মাঝখানে দু-একটি সাক্ষাত্কার দিলেও সংবাদ সম্মেলন-জাতীয় ব্যাপারগুলো এড়িয়ে গেছেন সচেতনভাবে। ‘ক্যাপ্টেন’ ডাকটা সে জন্যই শুনলেন লম্বা সময় পর। সংবাদমাধ্যম থেকে মুশফিকের এই দূরে থাকাকে অনেকের মনে হয়েছে ‘অভিমান’, কেউ মনে করতেন ‘অসদাচরণ’। আসল ব্যাপারটি যে কী, সেটা জানতেন শুধু মুশফিক।

টেস্ট অধিনায়ক বলে কাল আর সংবাদ সম্মেলন এড়াতে পারলেন না। সাংবাদিকেরাও সুযোগ পেয়ে ব্যাখ্যা চাইলেন মিডিয়াবিমুখ আচরণের। মুশফিক হাসিমুখেই ব্যাখ্যা দিয়েছেন, ‘এটা করেছি আসলে মনোযোগটাকে দির্নিষ্ট জায়গায় রাখার জন্য। ভাবলাম অন্যদিকে মনোযোগ না দিয়ে নিজের কাজগুলো ভালোভাবে করি, মাঠ ও মাঠের বাইরের খেলায় আরেকটু বেশি সময় দিই। আর শেষ ১৫ মাসে তো তেমন কোনো খেলাও হয়নি। খেলা হলে হয়তো নিয়মিত দেখা হতো।’

মুশফিকের সংবাদ সম্মেলন বেশির ভাগ সময় গম্ভীর আর তাত্ত্বিক হয়। তাতে কাজের আলাপ এত বেশি থাকে যে, মৃদু হাসি-ঠাট্টা করার কথাও কেউ ভাবে না। কাল সেখানেও ব্যতিক্রম। মুশফিক নিজেই প্রাণবন্ত। বেরসিক প্রশ্নেও মুখে হাসি। কে একজন জানতে চাইলেন, এখন তো একের পর এক সিরিজ। সংবাদ সম্মেলনে না এসে উপায় নেই। তাতে আবার মনোযোগ নষ্ট হবে না তো! একগাল হেসে মুশফিকের জবাব, ‘আপনারা যদি ভালো ভলো প্রশ্ন করেন, আমিও ভালো ভালো উত্তর দেব। তাহলে হয়তো প্রভাব পড়বে না। আর যদি উল্টোপাল্টা প্রশ্ন করেন, করতেও তো পারেন...। তবে চেষ্টা করব মাঠে ভালো পারফর্ম করতে, দল হিসেবে ভালো খেলতে। তাহলে উল্টোপাল্টা প্রশ্ন করার সুযোগ পাবেন না।’ একটা পর্যায়ে তো অধিনায়ক নিজেকে মাঝেমধ্যে এ রকম গুটিয়ে ফেলায় সাংবাদিকদের সাহায্যও চাইলেন!

জনশ্রুতি আছে, খারাপ সময়ে সতীর্থদের সঙ্গেও মুশফিকের সম্পর্ক সহজ থাকে না। সবার কাছ থেকে গুটিয়ে রাখেন নিজেকে। কাল সে ‘অভিযোগ’ বিনয়ের সঙ্গে মেনে নিলেন, ‘খারাপ খেললে সবারই খারাপ লাগে। আমি চাই না যে আমার কারণে অন্য কারও খারাপ লাগুক।’

কিন্তু মুশফিকের এই যে হঠাৎ বদলে যাওয়া, তার সূত্রটা আসলে কোথায়! আক্রমণাত্মক প্রশ্নের সামনে তাঁকেও সব সময় আক্রমণাত্মকই দেখা গেছে। কাল প্রশ্নের ভাষায় সে রকম আক্রমণ না থাকলেও মর্মার্থে যে সেটা ছিল, তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় টেস্ট অধিনায়কের। তবু তিনি এত বিনয়ী?

আসলে সাদা পোশাকের ক্রিকেটে মুশফিক বরাবরই চনমনে। ওয়ানডেতে এখন আর অধিনায়কের ভূমিকায় না থাকায় পাদপ্রদীপের আলোয় তেমন আসা হয় না। মাঝেমধ্যে ক্যাচ-ট্যাচ ফেলে বরং সমালোচনার তিরেই বিদ্ধ হন বেশি। ব্যাটিং বা উইকেটকিপিং খারাপ করলে এ থেকে টেস্টেও নিস্তার পাবেন না জানা কথা। তবু এখানে তো তিনি অধিনায়ক! কাঁধে পুরো দলের দায়িত্ব। সবকিছুতে সম্পৃক্ত থেকে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ টেস্টেই মুশফিকের জন্য বেশি। তিনিও বরাবর এটাই উপভোগ করে আসছেন।

মুশফিকের সঙ্গে অন্য অনেকের পার্থক্যটা এখানেই। বাড়তি দায়িত্ব কারও কারও ওপর চাপ তৈরি করলেও মুশফিক সেটা উপভোগ করেন। যেন পুরো দুনিয়া তাকিয়ে থাকলেই তাঁর খেলাটা বেশি খোলে! চাপের মধ্যেই পান নির্ভার থাকার আনন্দ। ‌‌‘নিজের জগৎ’ হয়তো এটিকেই বলে।

সংবাদ সম্মেলন থেকে ড্রেসিংরুমে ফেরার পথে কাল তাঁর শেষ কথাটাও ছিল ও রকম, ‘টেস্টে আমার ওপর অনেক দায়িত্ব থাকে। দলকে নেতৃত্ব দেওয়া, পারফর্ম করা। এগুলোই আমি উপভোগ করি। সব সময় চেষ্টা করি দায়িত্বগুলো ভালোভাবে পালন করতে। এখানে সবকিছুই অন্য রকম।’

টেস্ট ক্রিকেট যেমন আসল ক্রিকেট, টেস্টের মুশফিকও আসল মুশফিক। কাল খোলস থেকে বেরিয়ে আসা যে প্রাণখোলা মুশফিককে দেখলেন সবাই, সেটা অন্য এক আশাও জাগায়। নির্ভার মুশফিকের ব্যাট নিশ্চয়ই এবার তাঁর আসল ব্যাটিংটাও দেখাবে।

পরিসংখ্যান

১৪

প্রায় সাড়ে ১৪ মাস পর আবার টেস্ট খেলছে বাংলাদেশ। বাংলাদেশের টেস্ট ইতিহাসে দীর্ঘতম বিরতি। এর আগে ২০১০ সালের জুন থেকে ২০১১ সালের আগস্ট পর্যন্ত ঠিক ১৪ মাস টেস্ট খেলেনি বাংলাদেশ।

১৬

গত সাড়ে ১৪ মাসে সবচেয়ে বেশি ১৬টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ টেস্ট খেলেছে ভারত। এ সময় একমাত্র বাংলাদেশই কোনো টেস্ট খেলেনি।

১৩৪

আজ মাঠে নামলেই অ্যালেক স্টুয়ার্টকে (১৩৩) ছাড়িয়ে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড গড়বেন অ্যালিস্টার কুক।

১৫০

আর ৩ উইকেট পেলেই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে দেড় শ উইকেটের মাইলফলক ছোঁবেন সাকিব আল হাসান।

২

খালেদ মাসুদকে (৮৭) ছাড়িয়ে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ডিসমিসালের মালিক হতে আর মাত্র দুটি শিকার দরকার মুশফিকুর রহিমের (৮৬)।

  বাংলাদেশ-ইংল্যান্ড

.
.


 টেস্টে মুখোমুখি     
 ম্যাচ বাংলাদেশ ইংল্যান্ড
মোট      ৮      ০        ৮
চট্টগ্রামে ২      ০        ২

দলীয় সর্বোচ্চ
বাংলাদেশ
৪১৯, মিরপুর, ২০১০
ইংল্যান্ড
৫৯৯/৬ ডি., চট্টগ্রাম, ২০১০
দলীয় সর্বনিম্ন
বাংলাদেশ
১০৪, চেস্টার-লি-স্ট্রিট, ২০০৫
ইংল্যান্ড
২৯৫, ঢাকা, ২০০৩
সবচেয়ে বেশি রান
বাংলাদেশ
৫০৫, তামিম ইকবাল
ইংল্যান্ড
৬৩৩, ইয়ান বেল
সবচেয়ে বেশি উইকেট
বাংলাদেশ
১৭, সাকিব আল হাসান
ইংল্যান্ড
২৩, ম্যাথু হগার্ড
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস
বাংলাদেশ
১০৮, তামিম ইকবাল, ওল্ড ট্রাফোর্ড, ২০১০
ইংল্যান্ড
২২৬, জোনাথন ট্রট, লর্ডস, ২০১০
ইনিংসে সেরা বোলিং
বাংলাদেশ
৫/৯৮, শাহাদাত হোসেন, লর্ডস, ২০১০
ইংল্যান্ড
৫/৩৫, স্টিভ হার্মিসন, ইংল্যান্ড, ঢাকা, ২০০৩
ম্যাচে সেরা বোলিং
বাংলাদেশ

৫/১১৭, শাহাদাত হোসেন, লর্ডস, ২০১০

ইংল্যান্ড

১০/২১৭, গ্রায়েম সোয়ান, চট্টগ্রাম, ২০১০