এই ম্যাচ হারল কলাবাগান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসাকাদজার সেঞ্চুরিও জেতাতে পারল না কলাবাগান ক্রীড়াচক্রকে। ছবি: প্রথম আলো।
মাসাকাদজার সেঞ্চুরিও জেতাতে পারল না কলাবাগান ক্রীড়াচক্রকে। ছবি: প্রথম আলো।

ব্রাদার্স ইউনিয়নের ২৬২ রানের জবাবটা দারুণভাবেই দিচ্ছিল কলাবাগান ক্রীড়াচক্র। হ্যামিল্টন মাসাকাদজার দারুণ সেঞ্চুরিতে লক্ষ্যমাত্রাটা নাগালের মধ্যেই দেখছিল মাশরাফি বিন মুর্তজার দল। একপর্যায়ে ২ উইকেটে ২১০ রানও করে ফেলেছিল। তারপরও তারা হেরে গেল ৯ রানে! মাত্র ৪৩ রানে শেষ ৮ উইকেট হারিয়ে হাতের মুঠোয় থাকা ম্যাচ ব্রাদার্সকে উপহার দিয়েছে কলাবাগান।
মাসাকাদজা খেলেছেন ১১১ রানের চমৎকার এক ইনিংস। ১০৪ বলে ৯টি চার আর একটি ছয়ে সাজানো তাঁর এই ইনিংস শেষ হয়েছে দুঃখজনক এক রান আউটে। তাসামুল হক ৪৫ রান করে মাসাকাদজাকে দারুণ সঙ্গ দিয়েছিলেন। কিন্তু নাবিল সামাদের বলে মিলিন্দ কুমারের হাতে ক্যাচ হয়ে তাঁর ইনিংসটিরও যবনিকা ঘটে দলের অসময়ে।
মাসাকাদজা আর তাসামুলের বিদায়ের পর কলাবাগানে শুরু হয় আউটের মিছিল। একে একে ফিরে যান মেহরাব জুনিয়র, মাশরাফি বিন মুর্তজা, শরীফুল্লাহ, তানভীর হায়দার, আবদুর রাজ্জাক, দেওয়ান সাব্বির ও শাহবাজ চৌহান। উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম ও জসিমউদ্দিন করেন ৩০ রান করে।
ব্রাদার্সের সেরা বোলার ছিলেন নাবিল সামাদ। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের শততম উইকেটটি তুলে নেওয়ার দিনে ৪৭ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। নাবিলের পাশাপাশি সাদিকুর রহমান ২৩ রানে নিয়েছেন ২টি। এ ছাড়া তুষার ইমরান, আসিফুর রহমান ও মিলিন্দ কুমার—তিনজনই নিয়েছেন ১টি করে উইকেট।
এর আগে সকালে টসে হেরে ব্যাটিংয়ে নামা ব্রাদার্সের ২৬২ রানের সংগ্রহে বড় অবদান ইমরুল কায়েস ও তুষার ইমরানের। প্রিমিয়ার লিগে দারুণ ফর্ম ধরে রেখে ৮৬ বলে ৬৭ রান করেন ইমরুল। তুষার ৭৭ করেন ৮৭ বলে। এ ছাড়া মিলিন্দ কুমার ২৭, সাদিকুর রহমান ২২ ও নূর আলম ২৩ রান করেন।

কলাবাগানের বোলারদের মধ্যে অধিনায়ক মাশরাফি ছিলেন সবচেয়ে খরুচে। ৯ ওভার বল করে উইকেটশূন্য মাশরাফি দিয়েছেন ৭৩ রান। দেওয়ান সাব্বির, শরীফুল্লাহ ও আবদুর রাজ্জাক—প্রত্যেকেই পেয়েছেন ২টি করে উইকেট।
আজকের জয়ে ১০ পয়েন্ট নিয়ে মোহামেডান ও দোলেশ্বরের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে গেল ব্রাদার্স।