এই ম্যাচও শেষ ওভারে?

প্রথম পাঁচ ব্যাটসম্যানের রানের যোগফল ২০। দুই অঙ্কে যেতে পারেননি কেউই। কুমিল্লা ভিক্টোরিয়ানসের জন্য ম্যাচটা বলতে গেলে ওখানেই শেষ হয়ে গিয়েছিল। শেষ দিকে মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল হাসান আর সান্টোকির লড়াইয়ে স্কোরবোর্ডে ১১০ রান জড়ো হলেও তা দিয়ে কি আর ম্যাচ জেতা যায়? অথচ এই সহজ ম্যাচটাই কিনা ঢাকা ডায়নামাইটস জিতল ম্যাচের মাত্র ৪ বল বাকি থাকতে!
৬ উইকেটের জয়ে তাই তৃপ্ত না হওয়ারই কথা ঢাকার। পাকিস্তানি ওপেনার নাসির জামশেদের ৪৪ রানেই প্রায় অর্ধেক কাজ হয়ে যাওয়ার পরও ম্যাচ তো শেষ ওভার পর্যন্ত যাওয়ারই কথা নয়! ব্যাটসম্যানদের ঢিমেতালের ব্যাটিংই ‘অসাধ্য’টা সাধন করল। অধিনায়ক কুমার সাঙ্গাকারার (২৯ বলে ২৫) পর মোসাদ্দেক হোসেনও (১৪ বলে ৭) পারলেন না ম্যাচ শেষ করে আসতে। ব্যাটিংয়ে নামতে হলো রায়ান টেন ডেসকাট আর নাসির হোসেনকেও।
নিষ্প্রাণ ম্যাচের শেষ দিকে প্রায় ফাঁকাই হয়ে গিয়েছিল শেরেবাংলা স্টেডিয়াম। ম্যাচটা হেলতে-দুলতে শেষ ওভারে গেলেও উত্তেজনা যে খুব একটা ছড়াতে পারেনি! অবশ্য কুমিল্লা ভিক্টোরিয়ানসের ৮ উইকেটে ১১০ রানের ইনিংসে দর্শকদের কিছুটা হলেও বিনোদন দিয়েছে মাশরাফির ব্যাটিং। ৫৯ রানে ষষ্ঠ উইকেট পড়ার পর মাহমুদুলের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক। মাহমুদুল বেশিক্ষণ থাকেননি, তবে সান্টোকিকে নিয়ে শেষ ওভার পর্যন্ত রান বাড়ানোর চেষ্টা করে গেছেন মাশরাফি। ফরহাদ ও মুস্তাফিজকে মারা দুই ছক্কায় গ্যালারিও মাতিয়েছেন একটু। মুস্তাফিজকে মারা ছক্কাটা তো আছড়ে পড়ল গ্যালারিতেই! ম্যাচ যেভাবে শেষ হয়েছে, তাতে ওরকম আরও দু-একটা শট মেরে না আসতে না পারার আফসোস করতেই পারেন কুমিল্লার অধিনায়ক।
উইকেট মাত্র একটা পেলেও কুমিল্লার ব্যাটসম্যানদের ভালোই বিভ্রান্ত করেছেন মুস্তাফিজ। উইকেটশূন্য থাকা পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহও ২৯ রানে ৩ উইকেট পাওয়া আবুল হাসানের চেয়ে বোলিং বেশি কৃপণ। ৪ ওভারে এক মেডেন নিয়ে দিয়েছেন মাত্র ১৪ রান।
সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ২০ ওভারে ১১০/৮ (ইমরুল ০, লিটন ৩, স্যামুয়েলস ৮, শুভাগত ৪, স্টিভেনস ৫, মাহমুদুল ২২, আরিফুল ১৩, মাশরাফি ২৫, সান্টোকি ২১*, নারাইন ০*; হাসান ৩/২৯, মোশাররফ ২/১৫, মুস্তাফিজ ১/২৪, ফরহাদ রেজা ১/২৭, ইয়াসির ০/১৪)। ঢাকা ডায়নামাইটস: ১৯.২ ওভারে ১১২/৪ (শামসুর ১৯, জামশেদ ৪৪, সাঙ্গাকারা ২৫, মোসাদ্দেক ৭, ডেসকাট ৮*, নাসির ৪*; হায়দার ২/১৭, মাশরাফি ১/২৩, নারাইন ১/২৪, শুভাগত ০/১০, সান্টোকি ০/১৬, মাহমুদুল ০/২২)। ফল: ঢাকা ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: আবুল হাসান।