এই ম্যাচও হারল প্রাইম ব্যাংক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪.৪-২১-৪! কাল মিরপুরে নাঈম ইসলাম জুনিয়রের বোলিং l প্রথম আলো
৪.৪-২১-৪! কাল মিরপুরে নাঈম ইসলাম জুনিয়রের বোলিং l প্রথম আলো

কৃতিত্বটা আসলে কার পাওয়া উচিত? নাঈম ইসলাম জুনিয়রের, শুভাশিস রায়ের, নাকি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ব্যাটসম্যানদের!
পাঁচ ওভারও পুরো বোলিং না করে ২১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নাঈম জুনিয়র। বাঁহাতি এই স্পিনারের ঘূর্ণিতে প্রাইম ব্যাংক ধসে পড়েছে শেষ দিকে। তার আগেই সর্বনাশ যা করার করে দিয়েছেন দুই পেসার শুভাশিস ও আরিফুল হক। তবে বাস্তবতা হলো, আগের দিন মোহামেডানের দেওয়া ২২৫ রানের লক্ষ্যের জবাবে দারুণ শুরুর পরও প্রাইম ব্যাংক ১৪২ রানে অলআউট হয়ে গেছে মূলত ব্যাটসম্যানদের বাজে শট খেলার মাশুল দিয়ে। জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরেছে ৮২ রানের বড় ব্যবধানে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল ১ উইকেটে ৪১ রান নিয়ে রিজার্ভ ডের খেলা খেলতে নামে প্রাইম ব্যাংক। ওপেনার মেহেদী মারুফ ও সাব্বির রহমানের দ্বিতীয় উইকেট-জুটির ৭২ রান নিয়ে ২১ ওভারেই ১১৩। দুজনই খেলেছেন চল্লিশোর্ধ্ব ইনিংস। কিন্তু এরপর এমনই মহামারি লাগল যে প্রাইম ব্যাংক তাদের শেষ ৯ উইকেট হারিয়েছে মাত্র ২৯ রানের মধ্যে!
ম্যাচসেরা নাঈম হলেও ব্যাংক দলের কোমরটা ভেঙে দেন শুভাশিষ। ৬ ওভারের প্রথম স্পেলে উইকেট না পেলেও চার ওভারের পরের স্পেলে ৭ রানে ৩ শিকার! এই স্পেলে এসেই ফেরান সাব্বিরকে। পরের ওভারে আরেক পেসার আরিফের বলে মেহেদী ক্যাচ দেন ওই শুভাশিসের হাতেই। ইনিংসের ২৬তম ওভারে শুভাশিস তুলে নেন নুরুল হাসান ও তাইবুর রহমানের উইকেট দুটিও। এরপর তো কেবলই শেষের দিকে ছুটেছে ম্যাচ। শেষ আট ব্যাটসম্যানের কেউই দেখা পাননি দুই অঙ্কের। এই আটজন মিলে রানই করেছেন ২৪!
কালকের জয়ের পর আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নেট রানরেটে দোলেশ্বরকে টপকে শীর্ষে উঠেছে মোহামেডান।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান: ৪৯.২ ওভারে ২২৪ (নাজমুল ৬৪, হাবিবুর ৫০, মানহাস ৩৫; আজিম ৩/৪০, মনির ২/৩৩, রুবেল ২/৪০)। প্রাইম ব্যাংক: ৩২.৪ ওভারে ১৪২ (মেহেদী ৪৮, সাব্বির ৪১; নাঈম ৪/২১, শুভাশিস ৩/৪৯, আরিফ ২/২৭)।
ফল: মোহামেডান ৮২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাঈম ইসলাম জুনিয়র।