এই রুবেল অন্য রুবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে রুবেল হোসেন l প্রথম আলো
সংবাদ সম্মেলনে রুবেল হোসেন l প্রথম আলো

ড্রেসিংরুম থেকে সংবাদ সম্মেলনকক্ষে আসার পথটা কি একটু লম্বা হয়ে গেল? না, দূরত্ব বাড়েনি। মাঠ দিয়ে হেঁটে রুবেল হোসেন ড্রেসিংরুমে এলেন যে ধীর পদক্ষেপে।
মামলা, জেলে যাওয়া ইত্যাদি মিলিয়ে গত কিছুদিন ছিলেন ঝড়ের মধ্যে। এর মধ্যে দু-একবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও ওসব স্পর্শকাতর বিষয়ে মুখ খোলেননি। কালকের সংবাদ সম্মেলনে বিতর্কিত বিষয়টা নিয়ে কোনো ‘বাউন্সার’ এলে কীভাবে সামলাতে হবে, সংবাদ সম্মেলনে আসার পথে মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম সেই তালিমই দিচ্ছিলেন তাঁকে। সেই তালিমের কারণেই হোক কিংবা ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় জয় করে পাওয়া আত্মবিশ্বাসের জন্য, সংবাদ সম্মেলনে রুবেল ছিলেন দারুণ সপ্রতিভ। যেটা হতে পারত তাঁর জীবনের সবচেয়ে বিব্রতকর সংবাদ সম্মেলন, সাংবাদিকদের অনেকের চোখে সেটাই কিনা হয়ে গেল রুবেলের ছয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা সংবাদ সম্মেলন!
রুবেলকে বিব্রত না করতে অবশ্য সাংবাদিকেরাও যথেষ্ট কৌশলী ছিলেন। বিশ্বকাপ, অস্ট্রেলিয়ান কন্ডিশন ইত্যাদি প্রসঙ্গে প্রশ্ন তো হলোই, একপর্যায়ে সংবাদ সম্মেলন মোড় নিল ওই স্পর্শকাতর দিকেও। কিন্তু কেউই সরাসরি বিষয়টা না তুলে ঘুরিয়ে-ফিরিয়ে জানতে চাইলেন খারাপ সময়টা কি রুবেল পুরোপুরি কাটিয়ে উঠতে পেরেছেন, বিশ্বকাপে এর কি প্রভাব পড়তে পারে বা ভক্ত-সমর্থকেরা যে এই দুঃসময়ে তাঁর পাশে ছিলেন, সেটার প্রতিক্রিয়া কী। সংবাদ সম্মেলনকক্ষে বিস্ময় ছড়িয়ে দিয়ে প্রতিটি প্রশ্নেই দারুণ সাবলীল থাকলেন রুবেল। ‘আমি একটা মানসিক চাপের মধ্যে ছিলাম’ স্বীকার করেও বললেন, ‘এখন এর কোনো কিছুই আমার মাথায় নেই। আমি এটা নিয়ে চিন্তাও করছি না। আমার মূল লক্ষ্য ক্রিকেটে...দেশের জন্য খেলব। দেশের হয়ে বিশ্বকাপে যাচ্ছি এটাই আমার জন্য বড়। ওখানে কীভাবে ভালো করতে হবে আমার মাথায় এখন শুধু এই চিন্তা।’
কঠিন সময় পার করে বিশ্বকাপের নৌকায় উঠেছেন বলেই হয়তো বিশ্বকাপটাকে রুবেল বলছেন তাঁর জন্য ‘বড় চ্যালেঞ্জ।’ সেই চ্যালেঞ্জে নিজেকে জয়ী দেখতে ভুলে যেতে চান সাম্প্রতিক বিতর্ক, ‘গত কিছুদিন আমার জীবনে অনেক কঠিন সময় গেছে। তবে এটা নিয়ে পড়ে থাকতে চাই না। আমাদের সামনে অনেক বড় একটা মিশন। এই মিশনটা আমরা কীভাবে সফল করব সেদিকেই তাকিয়ে আছি।’
গত ছয় বছরে অনেকবারই সংবাদ সম্মেলনে এসেছেন। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৬ উইকেটে ম্যান অব দ্য ম্যাচ হয়ে সংবাদ সম্মেলনে এসেও রুবেল এতটা সপ্রতিভ ছিলেন না। কঠিন সময় মানুষকে ভেঙে যেমন দেয়, অনেক সময় পরিণতও করে। রুবেলের বেলায় সম্ভবত দ্বিতীয়টিই হয়েছে। এর জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভক্ত-সমর্থকদের প্রতিও, ‘এই সময়ে যাঁরা আমার পাশে ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন বিশ্বকাপে কিছু করে দেখাতে পারি।’
এই ‘কিছু’টাকে নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে ফেলতে চান না রুবেল, ‘ব্যক্তিগতভাবে কোনো লক্ষ্য ঠিক করিনি। আমার মূল লক্ষ্য হলো আমাকে ভালো খেলতে হবে।’ অস্ট্রেলিয়ায় কন্ডিশনে পেস বোলাররা সেখানে সুবিধা পাবেন। রুবেল আত্মবিশ্বাসী সে সুবিধা কাজে লাগাতে পারবেন। তবে তার আগে কাজে লাগাতে চান বিশ্বকাপের দুই সপ্তাহ আগে অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলন করার সুযোগটা, ‘আমরা সাধারণত বাউন্সি উইকেটে তেমন খেলি না। অস্ট্রেলিয়ার উইকেটে তাই আমাদের ভালোভাবে অনুশীলন করতে হবে। অনুশীলনের যে সুযোগ পাব সেটা কাজে লাগাতে হবে।’
ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ের প্রতিটি মুহূর্ত পাশে পেয়েছেন বিসিবি আর সতীর্থদের। দূর থেকে শুভকামনা ছিল ভক্ত-সমর্থকদেরও। বিশ্বকাপে কি সেটার প্রতিদান দিতে পারবেন রুবেল হোসেন?