এই রেকর্ডে ব্র্যাডম্যানের পাশে বসতে চাননি পার্থিব!

পার্থিব প্যাটেল মনে মনে নিজেকে সান্ত্বনা দিতে পারেন—‘আমি তো আর জন ট্রাইকস নই।’
ভারতের এই উইকেটকিপার-ব্যাটসম্যান ৮ বছর টেস্ট খেলতে নামছেন। এর মধ্যে চোটে না পড়লে আগামী শনিবার মোহালিতে শুরু টেস্টে তাঁর একাদশে থাকা প্রায় নিশ্চিত। ৮ বছর অনেক দীর্ঘ সময়। কিন্তু পার্থিব সান্ত্বনা পেতে পারেন, ২২ বছরের কাছে এ তো কিছুই নয়।
জিম্বাবুয়ের সাবেক অফ স্পিনার জন ট্রাইকস অভিষেক সিরিজে ৩টি টেস্ট খেলার পর ক্যারিয়ারের চতুর্থ টেস্ট ম্যাচটি খেলতে নেমেছিলেন ২২ বছর পরে। ১৯৭০ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট অভিষেক হয়েছিল। বর্ণবাদের কারণে এর পরপরই আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়ে যায় তারা। ট্রাইকসেরও আর টেস্ট খেলা হয়নি। ১৯৯২ সালে জিম্বাবুয়ে টেস্ট মর্যাদা পেলে তিনি তাদের হয়ে ক্যারিয়ারের বাকি টেস্টগুলো।
আট বছর পর টেস্ট খেলতে নামা পার্থিব অবশ্য আরও একটি সান্ত্বনা খুঁজে নিতে পারেন। স্যার ডন ব্র্যাডম্যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণ-উন্মাদনার কারণে দীর্ঘ সময় টেস্ট ক্রিকেটের বাইরে ছিলেন। ১৯৩৮ সালের আগস্টে খেলার পর পরের টেস্টটি খেলেছিলেন ১৯৪৬ সালের নভেম্বর মাসে। বিরতিটা ছিল ৮ বছর ৯৭ দিনের। এখানে ব্র্যাডম্যানকে পেছনে ফেলেছেন পার্থিব। মোহালিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচটিতে তিনি খেলবেন ৮ বছর ১০৬ দিন পর। যাক, এক রেকর্ডে তো স্যার ডনকে পেছনে ফেলা গেল! তবে এটা প্রায় নিশ্চিত করে বলা যায়, হোক না এক রেকর্ডে ব্র্যাডম্যানের পাশে বসা, তবু পার্থিব মন থেকে চাননি। ৮ বছর ধরে টেস্ট খেলতে না পারার চেয়ে আর বড় কষ্ট হয় নাকি!
পার্থিবের আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দীর্ঘ বিরতি দিয়ে টেস্ট খেলেছিলেন বিজয় মার্চেন্ট, সিকে নাইডু, সৈয়দ মুশতাক আলী, ইফতিখার আলী খান পতৌদি, লালা অমরনাথ ও দত্তরাম হিন্দলেকার। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ১২ বছর ১২৯ দিন বিরতি দিয়ে টেস্ট খেলেছেন লালা অমরনাথ। ১৯৩৪ সালের ফেব্রুয়ারির পর আবার টেস্ট খেলেন ১৯৪৬ সালের জুন মাসে। ইফতিখার আলী খান পতৌদিও ১২ বছর ১০ দিন বিরতি দিয়ে টেস্ট খেলেছেন। ১৯৩৪ সালের জুনের পর পরের টেস্ট খেলেন ১৯৪৬ সালের জুনে।
৯ বছর ৩৫৭ দিন বিরতি দিয়ে টেস্ট খেলেছেন দত্তরাম হিন্দলেকার। সৈয়দ মুশতাক আলী, সিকে নাইডু ও বিজয় মার্চেন্ট টেস্ট খেলেছেন যথাক্রমে ৯ বছর ৩৩৬ দিন, ৯ বছর ৩২৯ দিন ও ৯ বছর ৩০৮ দিন বিরতি দিয়ে।
কিছুদিন আগেই বাংলাদেশের মাটিতে ১১ বছরের টেস্ট-খরা কাটিয়েছেন ইংল্যান্ডের গ্যারেথ ব্যাটি। চট্টগ্রাম টেস্টে ‘দ্বিতীয় জন্ম’ হওয়া ব্যাটি ২০০৩ সালে ঢাকার মাটিতে প্রথম টেস্ট খেলেছিলেন। এরপর ২০০৫ সালের জুনে বাংলাদেশের বিপক্ষেই চেস্টার লি স্ট্রিটের টেস্ট ম্যাচটির পর ব্যাটি টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলেন। গত অক্টোবরে চট্টগ্রাম টেস্টে তাঁর টেস্ট ক্যারিয়ারের ‘পুনর্জন্ম’ হয় ১১ বছর পর।
পার্থিব এর মধ্যে মিস করেছেন ভারতের ৮৩টি টেস্ট। এদিক দিয়ে কিন্তু রেকর্ডটা ব্যাটির। ইংল্যান্ডের এই অফ স্পিনার মাঝখানে যে দীর্ঘ বিরতিতে থাকতে বাধ্য হলেন, সে সময় ১৪২টি টেস্ট খেলেছিল ইংল্যান্ড।