এই লড়াইয়ে গর্বই হচ্ছে মুশফিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন লড়াইয়ে গর্বিত মুশফিকুর রহিম। ছবি: শামসুল হক।
এমন লড়াইয়ে গর্বিত মুশফিকুর রহিম। ছবি: শামসুল হক।

প্রায় ১৫ মাস পর টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। এর মধ্যে যে ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলা হয়েছে, তাও নয়। তবে টেস্ট তো টেস্টই, মানসিক ও শারীরিক সামর্থ্যের চূড়ান্ত পরীক্ষা। আর সেটিরই প্রস্তুতি, সত্যি বলতে কি খুব একটা ভালো করে নেওয়ার সুযোগ পায়নি বাংলাদেশ দল।
বাংলাদেশের এই দীর্ঘ ‘টেস্ট–বিরতি’র মধ্যে ইংল্যান্ড খেলেছে ১৬টি টেস্ট—এ নিয়েও কম আলোচনা হয়নি। ইংল্যান্ড দলও শুনে অবাক, এত দিন পরপর খেলে বাংলাদেশ। তবে ইংল্যান্ডকে মূল ‘অবাক’টা বাংলাদেশ করেছে মাঠের লড়াইয়েই। এই টেস্টের লাগাম বারবারই যে বাংলাদেশ মুঠোয় পুরেছে। শেষ পর্যন্ত জয়ের খুব কাছে গিয়েও মেনে নিতে হলো ২২ রানের হার।
তবু এই লড়াইয়ে সতীর্থদের পিঠ চাপড়ে দিতে চান মুশফিকুর রহিম। বাংলাদেশের টেস্ট অধিনায়কের আফসোস অবশ্যই হচ্ছে। তবে সেটি ছাপিয়ে যাচ্ছে লড়াইয়ে, টেস্টেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার আকাঙ্ক্ষায়, ‘হয়তো সমীকরণটাই আমাদের পক্ষে ছিল না মাত্র ২ উইকেট হাতে নিয়ে ৩৩ রানের দূরত্ব। তবে ছেলেরা পাঁচ দিন ধরে নিজেদের উজাড় করে দিয়ে চেষ্টা করে গেছে। ১৫ মাস পর টেস্ট খেলতে নেমে এভাবে খেলা, আমি সত্যিই দলকে নিয়ে গর্বিত।’
এত দীর্ঘ বিরতির পরপর টেস্ট খেলা বাংলাদেশের জন্য নতুন নয়। ২০১২ সালে তো মাত্র দুটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। এ বছর যেমন একদম শেষ প্রান্তে এসে একটা টেস্ট খেলল। আরেকটি টেস্ট খেলে বছর শেষ। ২০১৭ সালের যে সূচি এখন পর্যন্ত, তাতেও পুরো বছরে তিনটির বেশি টেস্ট নেই।
খেলতে খেলতেই না নিজেদের ঝালিয়ে নেওয়া যাবে। টেস্টে বাংলাদেশ দল তো অভিজ্ঞ হয়ে ওঠার সুযোগই পাচ্ছে না। ১১ বছর ধরে টেস্ট খেলেও মুশফিকের নামের পাশে মাত্র ৪৯টি ম্যাচ। অথচ মুশফিকের পরের পর টেস্ট ক্যারিয়ার শুরু করে অ্যালিস্টার কুক খেলে ফেলেছেন ১৩৪টি ম্যাচ।
টেস্ট খেলার জন্য মুশফিকদের আর কত হাহাকার করতে হবে? এই প্রশ্নের জবাব আইসিসি দেবে, নাকি বিসিবিরও তা দেওয়ার আছে!