এই সাকিব অন্য সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল মিরপুরে সাকিব
ছবি: বিসিবি

কৌতূহল থাকবে বেশি, কিন্তু কৌতূহল মিটবে কম। নতুন স্বাভাবিকতায় এটাই বোধ হয় বাংলাদেশের ক্রিকেট সাংবাদিকতা হয়ে যাচ্ছে। চোখের সামনে এক-দুই ঝলক কিছু ঘটেই আড়ালে হারিয়ে যাবে। বাকিটা কল্পনা অথবা অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে কিছু একটা দাঁড় করানো। জৈব সুরক্ষাবলয় আর বিসিবির স্বাস্থ্য সুরক্ষা নীতির কারণে ক্রিকেট বোর্ড কিংবা ক্রিকেটার, এখন যে কোনোটারই ধারেকাছে যাওয়ার উপায় নেই!

নতুন হেয়ারস্টাইলে কাল সাকিব আল হাসান বেশ কিছু সময় মাঠে কাটালেন। ড্রেসিংরুমের সামনে ব্যাট-বলে সামান্য ঠোকাঠুকি, উইকেটে গিয়ে কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে বাতচিত, সতীর্থ মুমিনুল হকের সঙ্গে খোশ-গল্প, তারপর আবার ড্রেসিংরুমে ঢুকে পড়া। এই সময়টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি থেকে বেশ কয়েক জোড়া চোখ আর কিছু টেলিভিশন ক্যামেরা শুধু সাকিবের হাঁটা-চলাই অনুসরণ করে গেল। করোনাকালে এই ক্লাব হাউস গ্যালারি (জুয়েল স্ট্যান্ড) পর্যন্তই সাংবাদিকদের যাতায়াত সীমাবদ্ধ, যেখান থেকে অনেক সময় জুম লেন্সেও ক্রিকেটারদের স্পষ্ট চেহারা খুঁজে পায় না ক্যামেরা।

চুল ছেঁটে নতুন করে শুরুর অপেক্ষায় তিনি।
ছবি: বিসিবি

একসময়ের কাছের ক্রিকেটকে দূর থেকে দেখা সাংবাদিকদের গল্প–গুজবের রসদই জোগায় বেশি। সাকিব দৃশ্য থেকে সরে যাওয়ার পর যেমন আলোচনায় তার ছোট করে ছাঁটা হেয়ারস্টাইল। ততক্ষণে সাকিবের ঘরে বসে চুল কাটার ছবি অনলাইনে ভাইরাল। আলোচনা ডাল-পালা ছড়াতে শুরু করে তাঁর চুল কাটাবিষয়ক নানা তথ্য-উপাত্তে।

ঝাঁকড়া চুল ছোট করে ফেলাটা বাদ দিলেও অবশ্য এই সাকিব অন্য সাকিব। ১০ জানুয়ারির ফিটনেস টেস্টের আগে এবং নতুন স্বাভাবিকতায় ক্রিকেট খেলার অপরিহার্য শর্ত কোভিড টেস্টেরও আগে তাঁর মাঠের উত্তাপ গায়ে মাখতে চলে আসাটা যে নতুন ছবিই তুলে ধরে সামনে!

ক্যারিয়ারের অনেকগুলো বছর অনুশীলনে বোলিং না করেই পার করা সাকিবের অভিধানে এক বছর আগেও ঐচ্ছিক অনুশীলন বলে কিছু ছিল না। ম্যাচের আগের দিনের অনুশীলনটাও অনেক সময় নির্ভর করেছে মেজাজ-মর্জির ওপর। আর এখন কিনা সাকিব তেমন দিনেও মাঠে চলে আসেন, যেদিন দলের অনুশীলনই নেই! অকারণে গায়ে রোদ লাগান, ব্যাটিংয়ের শ্যাডো করেন, সময় কাটান জিমনেসিয়ামে। বহিষ্কারের এক বছর এবং মাঠে ফিরে নিষ্প্রভ পার করা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ হয়তো তাঁকে এই উপলব্ধিই দিয়ে গেছে, নিজেকে ফিরে পেতে অমিত প্রতিভাবানদেরও কখনো কখনো ক্রিকেটের অ, আ, ক, খ দিয়ে শুরু করতে হয়। ভালো খেলতে পারা সব সময় স্বভাবজাত নয়।

কাল ঐচ্ছিক অনুশীলনেই সাকিবের নিজেকে ফিরে পাবার আকুতিটা বোঝা গেল
ছবি: বিসিবি

সাকিব হয়তো আবার চেনা ছন্দে ফিরবেন, তবে সেটি ঘরের মাঠে এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হয়ে গেলেই ভালো। নিউজিল্যান্ডে পরের সিরিজটা কিন্তু বাংলাদেশকে কঠিন সময়ের মধ্য দিয়েই পার করতে হবে।

সব ঠিক থাকলে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে যাবে ২২ ফেব্রুয়ারি দিবাগত রাতে। কিউই বোর্ড বিসিবিকে জানিয়েছে, দেশটিতে গিয়ে প্রথম সাত দিন রুদ্ধদ্বার কোয়ারেন্টিনে থাকতে হবে ক্রিকেটারদের। দলের ৩৫ সদস্যের প্রত্যেকে হোটেলে যাঁর যাঁর রুমে থাকবেন, খাওয়া-দাওয়াও রুমেই। ২ থেকে ৯ মার্চ ৫-৬ জনের গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করা যাবে। তবে এই সময় ক্রিকেটারদের গতিবিধি সীমাবদ্ধ থাকবে মাঠ আর হোটেলে। ৯ মার্চ থেকে তাঁরা মুক্ত বিহঙ্গ, শুরু হবে দলীয় অনুশীলন। অবশ্য সিরিজ শুরুর আগে সেই সুযোগ পাওয়া যাবে মাত্র চার দিন। দুই টি-টোয়েন্টি আর তিন ওয়ানডের সিরিজ শুরু হয়ে যাবে ১৩ মার্চ থেকেই। দল দেশে ফিরবে ২৮ মার্চ। কোয়ারেন্টিনের সময় বাংলাদেশ দলের সবকিছুই দেখভাল করবে নিউজিল্যান্ডের সেনাবাহিনী। কাল এসবের প্রস্তুতি নিয়ে সভা করেছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সাকিবের জন্য বড় চ্যালেঞ্জই।
ছবি: বিসিবি

নিউজিল্যান্ডের কোয়ারেন্টিন ব্যবস্থার ঠিক বিপরীতি চিত্র বাংলাদেশে। বাংলাদেশ দলের নতুন ব্যাটিং পরামর্শক জন লুইস কাল সকালে ঢাকায় পৌঁছে হোটেলে উঠেছেন। কিন্তু সরকার কড়া নিয়ম করেছে ইংল্যান্ড থেকে কেউ এলে ১৪ দিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক। তবে কি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অনুশীলনের শুরুতে দলের সঙ্গে থাকছেন না ইংলিশ ব্যাটিং কোচ? বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী অবশ্য জানিয়েছেন, পরপর দুটি কোভিড পরীক্ষায় ফলাফল নেগেটিভ হলে লুইসের ক্ষেত্রে কোয়ারেন্টিনের নিয়ম শিথিল হতে পারে। সরকারের কাছে বিসিবির তরফ থেকে সে আবেদনই করা হয়েছে।

ক্রিকেট সাংবাদিকেরাও বিসিবির কাছে এ রকম একটা আবেদন করবেন নাকি? সব স্বাস্থ্যবিধি মেনেই কাছের ক্রিকেটটাকে যদি আবারও একটু কাছ থেকে দেখা যায়!