এই সাঙ্গাকারা বিদায় বলবেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার সাঙ্গাকারা
কুমার সাঙ্গাকারা

কুমার সাঙ্গাকারা সেই শিল্পী, যাঁর কাছে ব্যাটটা হচ্ছে তুলি। ২২ গজের ক্যানভাসে সেই তুলি দিয়ে নিরন্তর আঁচড় দিয়ে চলেছেন তিনি। ক্যারিয়ার-সায়াহ্নেও সাঙ্গাকারা যেন তরুণ সৃষ্টিশীল শিল্পী। মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। নিজের সৃষ্টি নিজেই গড়ছেন, নিজেই ভাঙছেন ইচ্ছেমত। তেমনিভাবেই আজ হোবার্টে নিজেই নিজেকে ছাড়িয়ে উঠে গেলেন আরেক অনন্য উচ্চতায়।

বিশ্বকাপে তো বটেই, পুরো ওয়ানডে ক্রিকেটের ইতিহাসেই প্রথম কোনো ব্যাটসম্যান হিসেবে টানা চারটি সেঞ্চুরির রেকর্ড গড়লেন আজ। এমন রেকর্ড নেই আর কোনো ব্যাটসম্যানেরই। গত ম্যাচেই বিশ্বকাপে প্রথম কোনো ব্যাটসম্যান হিসেবে গড়েছিলেন টানা তিন সেঞ্চুরির রেকর্ড। আজ নিজেই সেটা ভেঙে দিলেন। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে ৯৫ বলে ১২৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। এই রান গড়তে তিনি উপহার দিয়েছেন দৃষ্টি নন্দন তেরটি চার এবং চারটি ছক্কা।

ওয়ানডেতে টানা তিন সেঞ্চুরির রেকর্ড আছে মোট ছয়টি। কিন্তু বিশ্বকাপে এ কীর্তি ছিল না কারও। বিরল এ কীর্তি গড়েছেন সাঙ্গা। এখন ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টানা চারটি সেঞ্চুরির মালিকও তিনি। চলতি বিশ্বকাপে আগের তিনটি সেঞ্চুরি করেছেন বাংলাদেশ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগেই জানিয়েছেন, এ বিশ্বকাপটি তাঁর শেষ ওয়ানডে টুর্নামেন্ট। রঙিন পোশাকে ভবিষ্যতে আর দেখা যাবে না তাঁকে। ফর্মের তুঙ্গে থেকে এমন বিদায়- সমর্থকদের মনে একটা বেদনার ক্ষত সৃষ্টি করবে নিশ্চয়ই। সেই ক্ষতটিকেই যেন আরও গভীর থেকে গভীরতর করে যাচ্ছেন একের পর এক ম্যাচে। হয়তো অস্ফুট স্বরে ভক্তদের অনুরোধ থাকবে-কেন যাচ্ছ সাঙ্গা?